২২—২৫ মে নিউইয়র্ক আন্তর্জাতিক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
নিউইয়র্কঃ আগামী ২২ মে থেকে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হবে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউইয়র্ক বাংলা বইমেলা। উত্তর আমেরিকায় বাঙালির প্রাণের এই বইমেলার ৩৫তম আসরের উদ্বোধন করবেন জনপ্রিয় ও শক্তিশালী কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। গত ৩৪ বছরে বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় লেখকরা এই মেলা উদ্বোধন করে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। পূর্ববর্তী আসরগুলোর উদ্বোধকদের মধ্যে ছিলেন— হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ প্রমুখ।
মুক্তধারা ফাউন্ডেশন আশা করছে, আয়োজিত এই মেলায় এবার ইমদাদুল হক মিলনের উপস্থিতি প্রবাসী বাঙালিদের মধ্যে নতুন আলোড়নের সৃষ্টি করবে। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলাটি উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও বড় ভূমিকা রাখবে। ৩৫তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ এর চারদিনব্যাপী উৎসব নিউইয়র্কে প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন হিসাবে স্বীকৃত। নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে প্রস্তুতির। বইমেলা হবে আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত।
এবারের ৩৫তম আসরকে কেন্দ্র করে থাকবে চারদিনব্যাপী সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক বর্ণাঢ্য আয়োজন। এছাড়া অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের খ্যাতনামা লেখকবৃন্দ। এই বইমেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য প্রকাশকরা। চারদিনব্যাপী এই আয়োজনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, বইএর মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। সংবাদ বিজ্ঞপ্তির।
