ভাসানি ফাউন্ডেশনের উদ্যোগে নিউইয়র্কে ভাসানী সম্মেলন ১৯ সেপ্টেম্বর
নিউইয়র্ক (ইউএনএ)ঃ স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা হিসেবে খ্যাত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্মরণে প্রতিষ্ঠিত ভাসানী ফাউন্ডেশন, নিউইয়র্ক ও আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১৯ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত এবং জাতিসংঘের মাধ্যমে ফারাক্কা সমস্যার সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানানো হয়। বুধবার ২৯ এপ্রিল সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংগঠন দুটির যৌথ সভায় উপরোক্ত সিদ্ধান্ত ও দাবী জানানো হয়। উল্লেখ্য, আগামী ১৭ নভেম্বর মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষেই ‘ভাসানী সম্মেলন’ আয়োজন করা হবে।
যৌথ সভার প্রথম পর্বে ভাসানী ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলী ইমাম। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মঈনুদ্দীন নাসেরের সঞ্চালনায় সভায় আইএফসি’র চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান ও মহাসচিব মোহাম্মদ হোসেন খান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সংগঠনের উপদেষ্টা এবিএম ওসমান গণি ও ভাসানী সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান গিয়াস আহমেদ সহ অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন কাজী আজহারুল হক মিলন, সাঈদ তারেক, খন্দকার ফরহাদ, এডভোকেট মজিবুর রহমান, আব্দুর রহীম হাওলাদার, বাবুল চৌধুরী, ফারুক হোসেন মজুমদার, এস এম ফেরদৌস, রিমন ইসলাম, হাকিকুল ইসলাম খোকন, জাহাঙ্গীর সোহরাওয়াদীর্, সালেহ আহমেদ মানিক প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলী ইমাম বলেন, মাওলানা ভাসানী আমাদের সবার নেতা এবং শ্রদ্ধার মানুষ। আজকের সভার উপস্থিতিই প্রমাণ করে যে, দেশের মানুষের মতো প্রবাসীরাও গভীর শ্রদ্ধায় স্মরণ করে। তিনি বলেন, আমরা সবাই মিলেই ভাসানী সম্মেলন সফল করবো। এজন্য তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভার দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ফারাক্কা কমিটি (আইএফসি)’র সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান। এই পর্ব পরিচালনা করেন আইএফসি’র মহাসচিব মোহাম্মদ হোসেন খান।
এসময় সৈয়দ টিপু সুলতান সম্প্রতি তার বাংলাদেশ সফর ও আইএফসি’র কর্মসূচী নিয়ে অন্তর্বতীর্ সরকারের একাধিক উপদেষ্টা ও বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক, সভা—সমাবেশের কথা তুলে ধরেন। তিনি বলেন, জাতিসংঘের সাহায্য ছাড়া ফারাক্কা সমস্যার সম্ভব নয়, তাই তিনি জাতিসংঘের মাধ্যমে এই সমস্যা সমাধানের জন্য বিএনপি সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবী জানান।
যৌথ সভায় গভীর শ্রদ্ধার সাথে আইএফসি’র সাবেক চেয়ারম্যান মরহুম আতিকুর রহমান সালুকে স্মরণ করা হয়। সভায় সাপ্তাহিক হককথা ও আজকের টেলিগ্রাম সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ কমিউনিটি অ্যাক্টিভিষ্ট জসিম উদ্দিন ভূঁইয়া, এম এ বাসেত, শ্যামল সরকার, মোহাম্মদ সাদেক, আহসান হাবীব, মাহমুদুল হক দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
