মেয়র মামদানি ফ্রি হেলমেট দেবেন বাইকচালকদের
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটিতে বাইক চালানো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে সিটি বাইক সিস্টেম চালু হওয়ার পর থেকে। সে কারণে ব্লাজিও প্রশাসন নিউইয়র্ক সিটির বড় বড় রাস্তায় ডেডিকেটেড বাইক লেন প্রতিষ্ঠা করে। বাইক চালকদের নিরাপত্তার জন্য দুটি জিনিস অত্যন্ত জরুরী। একটি হেলমেট, অপরটি বাইক লাইট। এজন্য মেয়র জোহরান মামদানি এবং নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের কমিশনার মাইক ফ্লিন যৌথ ঘোষণায় জানালেন তারা বাইক চালকদের জন্য বিনামূল্যে হেলমেট ও বাইক লাইট বিতরণ করবেন। শিশু থেকে বয়স্ক যে কোনো চালকের জন্য তাদের মাথায় ফিট করে এমন হেলমেট বিতরণ করা হবে বলে তারা জানান।
আজ ১১ এপ্রিল শনিবার থেকে এই হেলমেট বিতরণ শুরু হবে নিউইয়র্ক সিটির পাঁচ বরোর বিভিন্ন পার্কসহ সিটির হাসপাতালে ও সিটি কাউন্সিল সদস্যদের ডিস্ট্রিক্ট অফিসে। এই বিতরণ চলবে ২৬ মে মঙ্গলবার পর্যন্ত। যারা এই হেলমেট ও বাইক লাইট পেতে চান তারা নিজ নিজ এলাকার সিটি কাউন্সিল অফিসে গিয়ে বিতরণের সময়সূচি জেনে নিতে পারেন। নইলে ৩১১ এ ফোন করে জিপ কোড উল্লেখ করে জানতে পারেন নিকটস্থ কোন পার্কে, হাসপাতালে বা অন্য কোথাও কবে কখন পাওয়া যাবে।
