বাংলা বর্ষবরণে নিউইয়র্কে এবার ব্যাপক আয়োজন
বাঙালী প্রতিবেদনঃ সময় বহিয়া যায় বলেই কালচক্রের নিয়মে নতুন বছর এসে দাঁড়িয়ে যায় মানুষের দরোজায়। মানুষ তাকে স্বগত জানায়। আসন পেতে দেয়। প্রবেশপথে ফুলের পাপড়ি ছিটিয়ে দেয়। ছড়িয়ে দেয় সুবাতাস। এগিয়ে দেয় খাদ্য। বিলিয়ে দেয় সুর। কামনা করে মঙ্গল। পুরো বছরের জন্য। আসছে সোমবার বঙ্গাব্দের শেষ সন্ধ্যা। সন্ধ্যা শেষে রাত। পরদিন নতুন বছরের উদয় নতুন সূর্যোদয়ের সাথে।
বাংলাদেশে মাঝে মাঝেই এই রকম সময় আসে, যখন একটি শ্রেণি এইসব শুভ বোধকে, মঙ্গল বোধকে, কল্যাণ বোধকে কেড়ে নিতে চায়। তাতে ছন্দপতন হয় কিছুটা। সচেতন মানুষের মন খারাপ হয়। তবে ছন্দপতন অর্থ থেমে থাকা নয়, বরং আরো তাড়িত করে তোলা।
এবছর নিউইয়র্কের বাঙালিরা নতুন বঙ্গাব্দকে বরণ করবে। আর আয়োজন দেখে মনে হচ্ছে, এ বছর আয়োজন আরো বেশি বর্ণাঢ্য, আরো উদ্দীপিত, আরো ব্যাপক। এই আয়োজন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত সপ্তাহে বাংলাদেশ লেডিজ ক্লাব বর্ষবরণ করেছে জ্যামাইকায় কিং ম্যানর মিউজিয়মে। আজ শনিবার টাইমস স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী উৎসবের আয়োজন করবে এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। এই রবিবার ১২ এপ্রিল পহেলা বৈশাখ উদযাপিত হবে ম্যানহ্যাটানের টাইমস স্কয়ারে। আয়োজক বেঙ্গলি ক্লাব ইউএসএ। আনন্দধ্বনি বর্ষবরণের আয়োজন করবে ১২ এপ্রিল রবিবার কুইন্সবরো পারফর্মিং আর্টস সেন্টার, বেসাইডে। এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ১২ এপ্রিল রবিবার পুনরায় বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। মঙ্গলবার সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ, নিউইয়র্ক বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ করবে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায়। এইসাথে মঙ্গল শোভাযাত্রা প্রদক্ষিণ করবে জ্যাকসন হাইটসের রাস্তায়। একই দিন সন্ধ্যায় ড্রামা সার্কল তাদের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে বর্ষবরণ অনুষ্ঠানের আয়েজন করবে উডসাইডের কুইন্স প্যালেসে। অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। মঙ্গলবার পহেলা বৈশাখে দুপুর তিনটায় সাহিত্য সাময়িকী শব্দগুচ্ছ এবং উডহ্যাভেন পাবলিক লাইব্রেরির যৌথ আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান হবে উডহ্যাভেন পাবলিক লাইব্রেরিতে (৮৫—৪১, ফরেস্ট পার্কওয়ে, উডহ্যাভেন)। লং আইল্যান্ডের হিকসভিলে ক্যাসা ডে স্যাফরন ব্যাংকুয়েট হলে বর্ষবরণ অনুষ্ঠান হবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায়। মঙ্গলবার ব্রংক্সে হৃদয়ে বাংলাদেশ বর্ষবরণ করবে এশিয়ান ড্রাইভিং স্কুলে। ১৮ এপ্রিল শনিবার বাংলা বর্ষবরণ অনুষ্ঠান হবে কুইন্স পাবলিক লাইব্রেরির বেলরোজ শাখায়। এখানে প্রধানত শিল্পী জেবুন্নেসা কামালের উদ্যোগে হবে হেনা হ্যান্ড পেইন্টিং। ডায়াসপোরা ইউএসএ’র উদ্যোগে বর্ষবরণ হবে ১৮ এপ্রিল শনিবার জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার জেপ্যাকে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ২টায়। ১৯ এপ্রিল রবিবার বর্ষবরণ করবে লং আইল্যান্ডের শিল্পাঙ্গন। লেভিটটাউন হলে এই অনুষ্ঠান শুরু হবে বেলা ২টায়। এ বছর বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা দুইদিনব্যাপি বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে ২৫ ও ২৬ এপ্রিল। ২৫ এপ্রিল শনিবারের অনুষ্ঠানের নাম ‘ফাগুন লেগেছে শাখে শাখে’ হবে জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার বা জেপ্যাক প্রাংগনে। আর ২৬ এপ্রিল রবিবারের অনুষ্ঠান হবে একই লোকেশন জেপ্যাকে। দুদিনের অনুষ্ঠানই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। সম্মিলিত বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের বর্ষবরণ অনুষ্ঠান হবে ৩ মে রবিবার জেপ্যাকে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৪টায়। তবে এই উপলক্ষে শিশু—কিশোর প্রতিযোগিতা হবে জ্যাকসন হাইটসের ঠিকানা হলে ১৯ এপ্রিল রবিবার সকাল ১১টা থেকে।
