কিং ম্যানর মিউজিয়মে বিপা ও বিএলসির বছরের প্রথম বর্ষবরণ অনুষ্ঠান

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কে প্রথম বাংলা নববর্ষ উদযাপন করল বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস, বিপা এবং বাংলাদেশী লেডিজ ক্লাব যৌথ উদ্যোগে। এই উপলক্ষে অত্যন্ত খোলামেলা এবং বর্ণিল অনুষ্ঠান হয় জ্যামাইকার রুফুস কিং পার্কের অভ্যন্তরে কিং ম্যানর মিউজিয়মে। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সিটি চাহাত ড্যান্স, ওয়ার্কশপ, অলংকার তৈরি, শাড়ির প্রদর্শনী, স্বর্গ ভট্টাচার্যের হ্যান্ড ফেস পেইন্টিং, সেখানে ছিল স্ট্রিট ভেন্ডর ফুড কার্ট টং ইত্যাদি। সিটি কলেজের ছেলেমেয়েরা ফিউশন ড্যান্স পরিবেশন করে।

এই পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাড়তি প্রাপ্তি ছিল পরিবারের সমৃদ্ধি বাড়ানোর জন্য বিনিয়োগ বিষয়ক ওয়ার্কশপ। অনুষ্ঠানে বিনামূল্যে মিষ্টি বিতরণ করা হয়।

কিং ম্যানর মিউজিয়মের বাইরের লন এই উপলক্ষে শিল্পী কানিজ হুসনে আকবরীর নেতৃত্বে সাজানো হয় বৃহদায়তন ক্যানভাসে আঁকা পহেলা বৈশাখের বিভিন্ন মোটিফ দিয়ে। অত্যন্ত উজ্জ্বল রঙে আঁকা তাল পাতার পাখা, পেঁচা, মাছ, হাতি, কাগজের ফুল, শখের হাড়ি, মুখোশ ইত্যাদি দিয়ে। এইসব ক্যানভাস ঘাসের ওপর বিছিয়ে দেয়া হয়। চলে ফটো সেশন। সাদা, লাল, হলুদ এবং বহুবর্ণের শাড়ি, সালোয়ার কামিজ পরে বিপা এবং লেডিস ক্লাবের সদস্যরা এই উদযাপনে অংশ নেন। অনাড়ম্বর এবং অনানুষ্ঠানিক নতুন বর্ষকে বরণের এই আয়োজনে নাতিশীতোষ্ণ বাসন্তী আবহাওয়ায় কিং ম্যানর মিউজিয়ম প্রাংগন আনন্দমুখর হয়ে ওঠে। অনেক শিশু সদস্যও এই বৈশাখী অনুষ্ঠানে যোগ দেয়।

Related Posts