কংগ্রেসম্যান টম সোয়াজি বিজয় ভাষণে || বাংলাদেশীদের অবদানের কথা বললেন
বাঙালী প্রতিবেদনঃ লং আইল্যান্ডের ন্যাসাউ ও সাফোক কাউন্টির একাংশ এবং ইস্টার্ন কুইন্সের একাংশ নিয়ে গঠিত কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট ৩ এর কংগ্রেসম্যান টম সোয়াজি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মাইক লিপেট্রিকে হারিয়ে পুনর্বার নির্বাচিত হলেন। এছাড়াও কুইন্সের ডিস্ট্রিক্ট ৫ জ্যামাইকা থেকে কংগ্রেসম্যান গ্রেগরি মিকস, ডিস্ট্রিক্ট ৬ থেকে (প্রধানত ফ্লাশিং) গ্রেস মেং, ব্রুকলিন—কুইন্সের ডিস্ট্রিক্ট ৭ নিডিয়া ভেলাজকুয়েজের আসনে ক্লেয়ার ভ্যালডেজ, কুইন্স ও ব্রংক্সের ডিস্ট্রিক্ট ১৪ থেকে কংগ্রেসউয়োম্যান আলেকজান্ড্রিয়া ওকাসিও কর্টেজ, এবং ব্রুকলিন ডিস্ট্রিক্ট ৮ থেকে হাকিম জেফরি পুনর্নির্বাচিত হয়েছেন। তারা সকলেই ডেমোক্রেটিক পার্টির এবং বাংলাদেশ কম্যুনিটি বান্ধব।
এই কংগ্রেস সদস্যদের মধ্যে হাকিম জেফরির পরে বৃহত্তম বিজয় পার্টির আয়োজন করেন টম সোয়াজি। এই পার্টি হয় নিউ হাইড পার্কের জেরিকো টার্নপাইকের ইন ইন নিউইয়র্কে। এতে ন্যাসাউ ও সাফোক কাউন্টিসহ কুইন্সের বিপুল সংখ্যক ডেমোক্রেট নেতা ও সমর্থক যোগ দেন। মঞ্চ সাজানো হয় বেলুন দিয়ে। রাত দশটার দিকে সপরিবারে টম সোয়াজি পার্টি প্রাংগনে এসে বক্তব্য রাখেন। তিনি তার বিজয়কে কুইন্স ও লং আইল্যান্ডের মানুষদের জয় বলে উল্লেখ করে যেসব কম্যুনিটি তার নির্বাচনী প্রচারণায় সহায়তা করেছে তাদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানান পৃথক পৃথকভাবে। তিনি তার বক্তব্যে বাংলাদেশী—আমেরিকান কম্যুনিটির কথাও উল্লেখ করেন। সেখানে উপস্থিত বাংলাদেশী কম্যুনিটির প্রতিনিধি ড. দিলিপ নাথ, ডা. মাসুদুল হাসান, ড. জীবন বিশ্বাস করতালি দিয়ে এর জবাব দেন। পরে মঞ্চ থেকে নেমে তিনি বাংলাদেশীদের সাথে করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য গত মঙ্গলবারের মধ্যমেয়াদী নির্বাচনে বিজয়ী টম সোয়াজি পেয়েছেন ৬০% ভোট, গ্রেগরি মিকস পেয়েছেন ৮০.৫% ভোট, গ্রেস মেং ৬৮.৬%. ক্লেয়ার ভ্যালডেজ পেয়েছেন ৮৩.৩% ভোট, আলেকজান্ড্রিয়া ওকাসিও পেয়েছেন ৭৮.২% ভোট।
