গভর্নর ও এটর্নি জেনারেলের চিঠি || নিউইয়র্কের জেলে অবৈধ ইমিগ্রান্টকে বন্দি রাখা যাবে না
বাঙালী প্রতিবেদনঃ শুক্রবার নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং গভর্নর ক্যাথি হকুল এক নির্দেশনা চিঠিতে স্টেটের সকল কাউন্টি এক্সিকিউটিভ ও শেরিফদের জানান, তারা যেন স্টেটের আইন মেনে চলেন এবং ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের নির্দেশ অনুসারে কোনো স্থানীয় কারেকশনাল ফ্যাসিলিটিতে বা জেলে কোনো ইমিগ্রান্টকে ডিটেইন না করেন বা বন্দি না রাখেন। আগামী ২৫ নভেম্বর থেকে এটর্নি জেনারেল ও গভর্নরের এই নির্দেশনা কার্যকর হবে।
এটর্নি জেনারেলের অফিস থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো খবরে বলা হয়েছে, গত মে মাসে স্টেটে পাশ হওয়া আইন ‘লোকাল কপস্, লোকাল ক্রাইম এ্যাক্ট’ অনুযায়ী কোনো লোকাল প্রশাসন তাদের ফ্যাসিলিটিতে ফেডারেল ইমিগ্রেশনের প্রদত্ত কোনো ইমিগ্রান্টকে বন্দি রাখতে পারবে না। যদি এখন থাকে তবে ২৫ নভেম্বরের আগেই তাদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।
এই প্রসঙ্গে গভর্নর ক্যাথি হকুল বলেন, আমি যখন একটি বিলে স্বাক্ষর করি, তখন সকলকে মনে রাখতে হবে তা আমাদের নিউইয়র্কবাসীকে নিরাপত্তা দেয়ার উদ্দেশেই করা হয়েছে। তিনি বলেন, ‘আইস’কে আমাদের লোকাল জেল স্থাপনাকে সিভিল ইমিগ্রেশনের ডিটেনশন সেন্টারে পরিণত করার অর্থ কম্যুনিটিকে অনিরাপদ করা।
এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, স্থানীয় কর্মকর্তাদের ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের জন্য কাজ করা উচিত নয়। এই চিঠি বিভিন্ন কাউন্টি এক্সিকিউটিভ ও শেরিফ অফিসে পাঠিয়েছে অফিস অব দ্য এটর্নি জেনারেল ও অফিস অব ইমিগ্রান্ট ট্রাস্ট।
