জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
নিউইয়র্ক (ইউএনএ)ঃ জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী পরিষদের যৌথ সভায় আসছে নতুন বছরের জানুয়ারিতে সংগঠনের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন এবং আগামী দুই বছরের মধ্যে ভবন ক্রয়ের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও সভায় সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ও বার্বিকিউ পার্টি’ অনুষ্ঠান সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ আয়—ব্যয় গৃহীত হয়। ৫ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় পার্সন বুলোভার্ডের হালাল ডাইনার রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএনএ’র।
ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে আয়োজিত সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি সহ অন্যান্য উপদেষ্টা এবং কার্যকরী পরিষদের অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি।
সভার শুরুতে সংগঠনের কার্যকরী পরিষদ সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদের পিতা আব্দুল খালেক লালুর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়। এরপর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং সংগঠনের সিনিয়র সহ সভাপতি এএফ মিসবাহউজ্জামানের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন উপদেষ্টা শাহাব উদ্দিন সাগর।
এরপর সভায় সাধারণ সম্পাদক এনায়েত মুন্সি সম্প্রতি অনুষ্ঠিত ‘ব্যাক টু স্কুল ও বার্বিকিউ পার্টি’ অনুষ্ঠানের আয়—ব্যয়ের হিসাব তুলে ধরলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবতীর্তে উপস্থিত উপদেষ্টা ও কর্মকর্তারা খোলামেলা আলোচনায় অংশ নেন এবং ভেন্যু পাওয়া সাপেক্ষে আগামী জানুয়ারি মাসে ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তি আয়োজনে ঐকমত্য পোষণ করেন। ২৫ বছর পূর্তি অনুষ্ঠানটি হবে ‘ইনডোর গালা নাইট’ প্রোগ্রাম। পাশাপাশি সংগঠনের জন্য একটি ভবন ক্রয়ের ব্যাপারে উপস্থিত সকলেই ঐকমত্য পোষণ করেন। এছাড়াও সভায় আসছে ‘থ্যাংকস গিভিং ডে’—তে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচীর সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ফ্রেন্ডস সোসাইটির অন্যান্য উপদেষ্টাদের মধ্যে অধ্যাপিকা হুসনে আরা, এবিএম সালাহউদ্দিন আহমেদ, প্রফেসর শাহাদত হাসান ও প্রফেসর মোহাম্মদ আব্দুল বাছির এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লা সানি, সহ সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম সহ কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে রাশেক মালিক, নওশাদ হায়দার, সাইদুল ইসলাম রিয়াদ, আলম সরকার, মহিন উদ্দিন পাটোয়ারী, ইকবাল আহমেদ, শরিফ হোসাইন, সাইফ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
সবশেষে সাধারণ সম্পাদক এনায়েত মুন্সির জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
