চার্লস বি. ওয়াং কম্যুনিটি হেলথ সেন্টার || হেলথ ইন্সু্যরেন্স না থকেলেও চিকিৎসা দেবে
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্কের জনপ্রিয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান চার্লস বি. ওয়াং কম্যুনিটি হেলথ সেন্টার সম্প্রতি নিউইয়র্ক স্টেটের হেলথ ইন্সু্যরেন্স কভারেজে পরিবর্তন আসায় স্বাস্থ্যসেবা গ্রহণকারীদের করণীয় সম্পর্কে জুম প্লাটফর্মে ব্রিফিং দেয়। গত বুধবার এই ব্রিফিংএ বর্তমান সংকট এবং এই সময় করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন হেলথ সেন্টারের মার্কেটিং এন্ড কম্যুনিটি রিলেশন্সের ডিরেক্টর ম্যাগি ওং, হেলথ এডুকেশনের ডিরেক্টর ইয়াজি ঝু, অপারেশন্স, ইন্টারনাল মেডিসিন এন্ড ডেন্টাল সার্ভিসের ডিরেক্টর গ্রেস ওং। এছাড়াও জুম ব্রিফিং কো—অর্ডিনেট করেন কম্যুনিটি আউটরিচ এসোসিয়েট প্রাকৃতি হাসান।
ব্রিফিংএ তারা জানান, বিগ বিউটিফুল বিলের কারণে নিউইয়র্ক স্টেট হেলথ ইন্সু্যরেন্স কভারেজ এবং এসেনশিয়াল প্লান ২০০—২৫০ কভারেজ ১ জুলাই (২০২৬) থেকে বন্ধ হয়ে গেছে। ফলে যারা এই কভারেজ হারিয়েছেন তাদের পক্ষে হেলথ কেয়ারের অর্থ জোগান দেয়া প্রায় অসম্ভব। এ কারণে চার্লস বি. ওয়াং কম্যুনিটি হেলথ সেন্টার প্রত্যেকের জন্য উচ্চ মানসম্পন্ন প্রাইমারি কেয়ার সাশ্রয়ী মূল্যে প্রদান করছে। এই প্রাইমারি কেয়ার পাওয়ার জন্য কার পে করার ক্ষমতা আছে, কার নেই তা দেখা হচ্ছে না। যেসব স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে সাশ্রয়ী মূল্যে তার অন্যতম হলো ইন্টারনাল মেডিসিন, পিডিয়াট্রিকস বা শিশু স্বাস্থ্য, গাইনিকোলজি/অবসটেটরিকস, ডেন্টাল কেয়ার, প্রাইমারি আই কেয়ার ইত্যাদি। এছাড়াও কুইন্স ও ম্যানহ্যাটান সেন্টারে মেন্টাল হেলথ সেবা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞগণ জানান, যারা হেলথ ইন্সু্যরেন্স কভারেজ হারিয়েছেন এবং এনরোল করেননি নতুন কোনো প্লানে, তাদের জন্য ভিজিটে কমপক্ষে মাত্র ২০ ডলার দিতে হবে। তবে তা নির্ভর করবে পরিবারের সদস্য সংখ্যা ও আয়ের ওপর। এইসব রোগিরা ডিসকাউন্ট মূল্যে প্রেসক্রিপশন মেডিসিনও পাবেন।
তারা স্পষ্ট ভাষায় বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে ইন্সু্যরেন্স থাকুক আর না থাকুক, পে করার ক্ষমতা থাকুক আর না থাকুক সকলকে স্বাস্থ্যসেবা প্রদান করা। এ জন্য সপ্তাহে ৭ দিনই খোলা থাকে চার্লস বি. ওয়াং কম্যুনিটি হেলথ কেয়ার সেন্টারের ৫টি লোকেশনই। এই ৫টি লোকেশন কুইন্স ও ম্যানহ্যাটানে অবস্থিত। ঐদিনই এ্যাপয়েন্টমেন্টের জন্য ফোনে যোগাযোগ করা যেতে পারে ৭১৮—৫৮৭—১২০০ নম্বরে। এছাড়াও সার্টিফাইড হেলথ ইন্সু্যরেন্স প্রোভাইডারদের কাছ থেকে ইন্সু্যরেন্স পাওয়ার জন্য বিনামূল্যে পরামর্শ দেয় এই কম্যুনিটি হেলথ কেয়ার সেন্টার। ফোন ৭১৮—৮৮৬—৭৩৫৫.
উল্লেখ্য গত ৫০ বছরেরও বেশি সময় চার্লস বি. ওয়াং কম্যুনিটি হেলথ কেয়ার সেন্টার হাই—কোয়ালিটি চিকিৎসা সেবা প্রদান করে আসছে সাশ্রয়ী মূল্যে।
