৩১ জুলাই কুইন্সের রকাওয়ে বিচে জোছনা উৎসব
আসলাম আহমাদ খানঃ নিউইয়র্কের কুইন্সের রকওয়ে বিচে আগামী ৩১ জুলাই শুক্রবার, উদযাপিত হতে যাচ্ছে ‘জোছনা উৎসব’। এই উৎসবকে ঘিরে প্রবাসী বাঙালিদের মাঝে তৈরি হয়েছে উচ্ছ্বাস ও আগ্রহ।
পূর্ণিমার স্নিগ্ধ আলোয় নাচ, গান, কবিতা ও আবৃত্তির মধ্য দিয়ে প্রকৃতিপ্রেমীরা উদযাপন করবেন সাংস্কৃতিক সন্ধ্যা। উৎসবের আহবায়ক সাংবাদিক পিনাকী তালুকদার জানান, বিকেল ৫টায় সমুদ্রপাড়ে শিশুদের ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে শুরু হবে এই আয়োজন। ঘুড়ি উৎসবের পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নী, শাহ মাহবুব, রেশমী মির্জা, বিন্দু কণা, বাউল মেলাল করীম ও করিম হাওলাদার, নতুন প্রজন্মের আলভান চৌধুরী, সাগ্নিক মজুমদার, জেরিন মাইশা গান গাইবেন। নৃত্য পরিবেশন করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস (বিপা), নৃত্যাঞ্জলি ও মিঠান দেব ড্যান্স একাডেমীর শিল্পীরা। থাকবে আবৃত্তি, গীতিকাব্য, বাউল গানের আসর সহ নানান সৃজনশীল আয়োজন।
উৎসবের প্রধান উপদেষ্টা নাট্যজন লুৎফুন নাহার লতা জানান, এই আয়োজনে চিত্রনায়িকা মৌসুমীসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।
