৫০ রাজ্যের, ৫০ ভালোবাসার গল্প || আবদুল্লাহ জাহিদ নিউইয়র্ক
নতুন ধারাবাহিক : যাত্রার শুরু
ভালোবাসার গল্প কি কেবল দু’জন মানুষের গল্প? নাকি তার ভেতরে লুকিয়ে থাকে সময়, সমাজ, ভৌগোলিক বাস্তবতা, ইতিহাস, রাজনীতি, ভাষা, শ্রেণিÑ এমনকি স্বপ্ন আর ভাঙা স্বপ্নেরও দীর্ঘ প্রতিধ্বনি? এই ধারাবাহিক লেখায় আমি আপনাদের নিয়ে যেতে চাই এক অনন্য ভ্রমণে। আমেরিকার পঞ্চাশটি অঙ্গরাজ্য জুড়ে ছড়িয়ে থাকা পঞ্চাশটি উপন্যাসের ভালোবাসার গল্পে। এই সিরিজের নাম— ‘৫০ রাজ্যের, ৫০ ভালোবাসার গল্প’। প্রতি সপ্তাহে আমরা একেকটি অঙ্গরাজ্যে যাব, সেখানকার একেকটি উপন্যাসকে কেন্দ্র করে দেখবÑ ভালোবাসা কিভাবে ভিন্ন ভিন্ন মাটি, আবহাওয়া, সংস্কৃতি ও ইতিহাসে ভিন্ন রূপ নেয়।
কোথাও ভালোবাসা শৈশবের বন্ধুত্ব হয়ে সারা জীবন জ্বলবে; কোথাও তা হবে হারিয়ে যাওয়া সন্তানের জন্য মায়ের নিরলস মমতা; কোথাও সামাজিক অবিচারের ভেতর দমবন্ধ হয়ে থাকা দাম্পত্য; কোথাও আবার সমাজ—অস্বীকৃত, নিষিদ্ধ অথচ গভীর মানবিক প্রেম।
আমেরিকাকে আমরা অনেক সময় দেখি রাজনীতি, অর্থনীতি বা প্রযুক্তির চোখ দিয়ে। কিন্তু সাহিত্য আমাদের শেখায়, একটি দেশকে বুঝতে হলে তার মানুষের হৃদয়ের গল্প জানতে হয়। এই ধারাবাহিকে আমরা সেই হৃদয়ের মানচিত্র আঁকব।
আলাবামা থেকে শুরু
ধরা যাক, আলাবামা। এক সরল মনের ছেলের সারাজীবনের নীরব প্রেম—যে মেয়েটিকে সে শৈশব থেকে ভালোবেসে যায়, কোনো দাবি ছাড়া। ‘আমি খুব বুদ্ধিমান মানুষ নই, কিন্তু আমি জানি ভালোবাসা কি’—এই ধরনের এক সরল সংলাপই আমাদের মনে করিয়ে দেয়, প্রেম কখনো জটিল দর্শন নয়; কখনো তা শুধু অটুট অনুভব।
বরফঢাকা নিঃসঙ্গতা ও অলৌকিক স্নেহ
আলাস্কার গল্পে আমরা দেখব এক দম্পতিকে—নির্জন, কঠোর প্রকৃতির মধ্যে বেঁচে থাকার সংগ্রাম। তাদের জীবনে হঠাৎ এক রহস্যময় শিশুর আবির্ভাব—বাস্তব আর কল্পনার মাঝখানে দুলতে থাকা এক সত্তা। এখানে ভালোবাসা হয়ে ওঠে আশ্রয়, মাতৃত্ব—পিতৃত্বের অপূর্ণ বাসনার রূপক, আর মানুষের অন্তহীন আশা।
মরুভূমি, অভিবাসন ও নতুন পরিবার
অ্যারিজোনার গল্পে আমরা পাব এক তরুণীকে, যে নিজের পুরনো জীবন থেকে পালিয়ে নতুন জীবনের খোঁজে পথে বেরোয়। পথে সে জড়িয়ে পড়ে এক ছোট্ট আদিবাসী শিশুর জীবনের সঙ্গে। রক্তের সম্পর্ক নয়—তবু তাদের মধ্যে তৈরি হয় এমন এক বন্ধন, যা প্রমাণ করে, পরিবার জন্মসূত্রে নয়, ভালোবাসা দিয়ে তৈরি হয়।
যুদ্ধ, বন্দিত্ব ও অপ্রত্যাশিত মানবিকতা
আরকানসাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে এক কিশোরী মেয়ের সঙ্গে এক পলাতক যুদ্ধবন্দির বন্ধুত্ব ও স্নেহের সম্পর্ক গড়ে ওঠে। সমাজ, জাতিগত বিদ্বেষ, যুদ্ধ—সবকিছুর মাঝেও দু’টি একাকী প্রাণ একে অপরের মধ্যে খুঁজে পায় স্বীকৃতি। ভালোবাসা এখানে বিদ্রোহ—মানবতার পক্ষে এক নীরব অবস্থান।
বার্ধক্যের নিঃসঙ্গতায় সঙ্গী
কলোরাডোর এক ছোট্ট শহরে সত্তরোর্ধ দুই বিধবা—বিধুর সিদ্ধান্ত—তারা রাতে একই বিছানায় শোবে, কিন্তু যৌনতার জন্য নয়; শুধু কথা বলার জন্য, নিঃসঙ্গতা ভাগ করে নেওয়ার জন্য। এই গল্প আমাদের শেখাবে, ভালোবাসা শুধু যৌবনের নয়; বার্ধক্যেও মানুষের হৃদয় সঙ্গ চায়, হাতের উষ্ণতা চায়।
শোকের ভেতরও প্রেম
কানেকটিকাট বা টেনেসির মতো জায়গায় আমরা দেখব—হঠাৎ দুর্ঘটনায় পরিবার ভেঙে যাওয়ার পরও মানুষেরা কীভাবে স্মৃতি, দায়িত্ব ও সম্পর্কের ভেতর দিয়ে আবার বেঁচে উঠতে শেখে। ভালোবাসা এখানে আনন্দের চেয়ে বেশি—দায়িত্ব, স্মৃতি ও সহনশীলতার আরেক নাম।
অন্যায়ের বিরুদ্ধে দাম্পত্য
জর্জিয়ার গল্পে এক কৃষ্ণাঙ্গ দম্পতির জীবন ভেঙে যায় ভুয়া মামলায় স্বামীর কারাবাসে। স্ত্রী অপেক্ষা করে, কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। এখানে ভালোবাসা রূপ নেয় প্রশ্নেÑ ভালোবাসা কি শুধু অনুভূতি, নাকি ন্যায়—অন্যায়ের কঠিন বাস্তবতায় তা টিকে থাকতে পারে?
নিষিদ্ধ প্রেম, অচেনা আকুলতা
ওয়াইয়োমিংয়ের বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তরে দুই রাখালের সম্পর্কÑ যা সমাজ মেনে নেয় না, কিন্তু হৃদয় অস্বীকার করতে পারে না। এই গল্পে আমরা দেখব, ভালোবাসা কখনো শুধু ব্যক্তিগত নয়; তা সামাজিক কাঠামোর বিরুদ্ধে এক নীরব বিপ্লব।
দাসপ্রথার স্মৃতি ও মাতৃত্ব
ওহাইওর গল্পে এক কৃষ্ণাঙ্গ মায়ের অতীত, দাসপ্রথার ভয়াবহ স্মৃতি, আর সন্তানের প্রতি এমন এক ভালোবাসা—যা তাকে অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এখানে প্রেম কেবল কোমল নয়; তা ভয়ংকর, তীব্র, অস্তিত্ব রক্ষার শেষ চেষ্টা।
কেন এই যাত্রা?
এই সিরিজে আমরা বুঝতে চাই—একটি দেশের ভৌগোলিক বৈচিত্র্য কীভাবে তার প্রেমের গল্পগুলোকেও বদলে দেয়। মরুভূমির প্রেম আর তুষারঢাকা প্রান্তরের প্রেম এক নয়। দাসপ্রথার স্মৃতিবাহী দক্ষিণের প্রেম আর অভিবাসীদের ভিড়ে ভরা নগরের প্রেম আলাদা। কিন্তু ভেতরে কোথাও তারা এক সুতোয় বাঁধা—মানুষের একাকীত্ব, আকাক্সক্ষা, স্মৃতি আর স্পর্শের প্রয়োজন।
প্রতি সপ্তাহে একটি অঙ্গরাজ্য, একটি উপন্যাস, এবং সেই গল্পের ভালোবাসার বিশেষ রূপ নিয়ে আলোচনা করা হবেÑ কাহিনী, চরিত্র, সামাজিক প্রেক্ষাপট, আর কেন সেই গল্প আজও আমাদের স্পর্শ করে।
এই ধারাবাহিক শুধু তথ্যভিত্তিক সাহিত্য আলোচনা নয়; এটি হৃদয়ের ভ্রমণ। পড়তে পড়তে হয়তো আপনার নিজের জীবনের কোনো মানুষ, কোনো স্মৃতি, কোনো হারিয়ে যাওয়া মুখ হঠাৎ ভেসে উঠবে।
আগামী সপ্তাহে ভ্যালেন্টাইন’স ডে থেকে আমরা শুরু করব আলাবামা দিয়ে—এক সরল মনের মানুষের আজীবন অটুট প্রেমের গল্প।
ভালোবাসার এই মানচিত্রে স্বাগতম।
[বইয়ের তালিকাটি দি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল।]
ঊসধরষ: সুংযধঃযর@মসধরষ.পড়স
