সংবাদ সম্মেলনে কুনু—ফিরোজ || আমরা ভোট কেনা—বেচায় বিশ্বাস করি না

নিউইয়র্ক (ইউএনএ)ঃ বাংলাদেশ সোসাইটি ইনক’র আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘কুনু—ফিরোজ’ প্যানেলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘৭ দফা নির্বাচনী ইশতেহার ও কর্মপরিকল্পনা’ তুলে ধরে নেতৃবৃন্দ বলেছেন, সোসাইটির আগামী নির্বাচন কঠিন নির্বাচন। কেননা ৩৫ হাজারোধিক ভোটার এই নির্বাচনের ভোটার। বিপুল এই ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সোসাইটি গড়াই আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সোসাইটি যুক্তরাষ্ট্র প্রবাসী সকল বাংলাদেশীর সংগঠন। আমরা ভোট কেনা—বেচায় বিশ্বাস করি না। ‘কুনু—ফিরোজ’ প্যানেল নির্বাচিত হলে সোসাইটিকে আরো গণমুখী করার পাশাপাশি প্রবাসীদের সকল সমস্যা সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেয়া হবে। উল্লেখ্য, আগামী ২৫ আক্টোবর রোববার বাংলাদেশ সোসাইটির ত্রি—বার্ষিক (২০২৭—২০২৯) নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 

জ্যাকসন হাইটসে বৃহস্পতিবার, ১৫ অক্টোবর আয়োজিত সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন ‘কুনু—ফিরোজ’ প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির সাবেক সভাপতি এম আজীজ, প্যানেলের প্রধান উপদেষ্টা জামাল আহমেদ জনি, চেয়ারম্যান বেলাল মাহমুদ, অর্থ কমিটির চেয়ারম্যান মইনুল ইসলাম, প্যানেলের মিডিয়া ও কমিউনিকেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আজাদ। 

পরবতীর্তে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ‘কুনু—ফিরোজ’ প্যানেলের সভাপতি পদপ্রার্থী আজমল হোসেন কুনু, সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ ও সোসাইটির সাবেক সভাপতি এম আজীজ। সংবাদ সম্মেলন পরিচালনা করেন ‘কুনু—ফিরোজ’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফিরোজ আহমেদ ৭টি অগ্রাধিকারমূলক দাবির মধ্যে (১) বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, (২) ধর্মবর্ণ নির্বিশেষে সাশ্রয়ী ফিউনেরাল হোম সেবা, (৩) নিউইয়র্ক—ঢাকা—নিউইয়র্ক রুটে বিমান পুনরায় চালুর উদ্যোগ, (৪) ইমিগ্রেশন সহায়তা, আইনি পরামর্শ হেল্প লাইন ও কনস্যুলেট সেবা, (৫) সিটি, স্টেট ও ফেডারেল পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, (৬) মূলধারার রাজনীতি ও সামাজিক নেতৃত্বে বাংলাদেশী কমিউনিটিতে নতুন প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি এবং (৭) মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় সহায়তার কথা উল্লেখ করেন। 

সংবাদ সম্মেলনে আজমল হোসেন কুনু বলেন, আমরা নির্বাচিত হলে কাউকে ছোট করতে চাই না, তবে গঠনমূলক সমালোচনা করবো। 

অপর এক প্রশ্নের উত্তরে কুনু বলেন, সমাজ সেবার কোনো সময় নেই। মানুষ ভালোবেসেছেন এবং মনে করেছেন বলেই তাদের দাবির প্রেক্ষিতে ১০ বছর পর আবার সোসাইটির নির্বাচনে প্রার্থী হয়েছি। বলেন, আমি আজীবন সমাজসেবা করতে চাই।

Related Posts