গভর্নর্স আইল্যান্ডে কে সি মং’র চিত্র প্রদর্শনী || প্রকৃতির ক্যানভাসে স্বদেশের ছায়া
জীবন বিশ্বাসঃ বাংলাদেশী—আমেরিকান চিত্রশিল্পী কে. সি. মং (কিয়াও চি মং)—এর একক চিত্রপ্রদর্শনী হয়ে গেল ১১ জুলাই থেকে ১৯ জুলাই গভর্নর্স আইল্যান্ডের ১৬ নোলান পার্কে। ট্রাস্ট ফর গভর্নর্স আইল্যান্ড ২০২৬ সালের অর্গানাইজেশনস ইন রেসিডেন্স কর্মসূচির আওতায় বাংলাদেশী আমেরিকান আর্টিস্ট ফোরামের ‘বিটুইন রিভার এন্ড হারবর: স্টোরিস দ্যাট ক্যারি আস’—এর অংশ হিসেবে এই প্রদর্শনী হয়।
মানুষ যখন স্বদেশ ছেড়ে দূরদেশে পাড়ি জমায়, তখন তার পরিচিত ভূগোল সম্পূর্ণ হারিয়ে যায় না। সেই ভূগোল বেঁচে থাকে স্মৃতির অন্তরালে, নদীর চেনা বাঁকে, প্রাচীন বৃক্ষের ছায়াঘেরা নিস্তব্ধতায়, দূর পাহাড়ের পরিবর্তনশীল রঙে কিংবা সেই মেঠোপথে, যে পথ একদিন তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেত। চিত্রশিল্পী কে. সি. মং—এর কাছে চিত্রকলা যেন প্রকৃতির সঙ্গে এই অন্তরঙ্গ সম্পর্ককে বাঁচিয়ে রাখার এক সৃজনশীল উপায়। তাঁর আঁকা ভূদৃশ্য নিছক ভৌগোলিক বাস্তবতার প্রতিরূপ নয় বরং প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতির মধ্যকার এক নীরব সংলাপ, যেখানে চোখে দেখা প্রকৃতি আর সমুদ্রপারে বহন করে আনা অন্তর্জগতের অনুভূতি মিলেমিশে একাকার হয়ে যায়। নিউইয়র্ক বন্দরের বুকে অবস্থিত একটি দ্বীপ হয়ে উঠেছিল বাংলাদেশের কক্সবাজারের অদূরে অবস্থিত আরেক দ্বীপ মহেশখালীর স্মৃতিবাহী চিত্রকলার মিলনক্ষেত্র।
মহেশখালীতে জন্ম নেওয়া মং—এর শৈশব কেটেছে পাহাড়, নদী, সমুদ্রতট এবং বঙ্গোপসাগরের প্রাকৃতিক পরিবেশে। প্রকৃতির সঙ্গে তাঁর এই শৈশবের সম্পর্ককেই শিল্পী মং তার শিল্পীসত্তা গড়ে ওঠার অন্যতম ভিত্তি হিসেবে চিহ্নিত করেছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে অঙ্কন ও চিত্রকলায় স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তী সময়ে নিউইয়র্কের আর্ট স্টুডেন্টস লিগে অধ্যয়ন করেন। চট্টগ্রাম থেকে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত তাঁর শিল্পচর্চার ইতিহাসে রয়েছে ২০১৫ ও ২০১৯ সালের একক প্রদর্শনী। এই দীর্ঘ শিল্পযাত্রা এমন এক শিল্পীকে উপস্থিত করে, যিনি অভিবাসনের মধ্যেও প্রকৃতির সঙ্গে সম্পর্ক অটুট রেখেছেন, অথচ তাঁর শিল্পকে কেবল স্বদেশস্মৃতির আবেগে সীমাবদ্ধ করেননি।
স্মৃতির ভূগোলে প্রকৃতির পুনর্নির্মাণ
মং—এর অ্যান্টিলোপ ভ্যালি চিত্রকর্মে কমলা, সবুজ ও বেগুনি আভায় আচ্ছাদিত পাহাড়ের বুক চিরে এগিয়ে গেছে একটি আঁকাবাঁকা পথ। পথের ওপর কয়েকটি ক্ষুদ্র মানবাকৃতি ভূদৃশ্যের বিশালতা ও দূরত্বের অনুভূতি তৈরি করেছে। রঙের ঘন বুনট ও পাহাড়ের ঢালে আলোছায়ার পরিবর্তন যেন ঋতুর স্পর্শকে দৃশ্যমান করে তোলে। এখানে পথটি কেবল চিত্রবিন্যাসের উপাদান নয়; প্রতীকী অর্থে তাকে যাত্রা কিংবা অতিক্রমণের রূপক হিসেবেও পাঠ করা যায়।
ঘরে ফেরা ছবিতে অরণ্যঘেরা গ্রামীণ পথ ধরে এগিয়ে চলেছে গরুর গাড়ি। বিশাল বৃক্ষের অন্ধকার কাণ্ড আর শাখাপ্রশাখা পথটিকে ঘিরে তৈরি করেছে এক নিবিড় প্রাকৃতিক পরিসর। মাটিতে ছড়িয়ে থাকা লালচে পাতা এবং আলোয় উদ্ভাসিত পথ অতীতের গ্রামীণ জীবনকে স্মৃতির ভেতর ফিরিয়ে আনে।
আপস্টেট নিউইয়র্ক চিত্রে সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্যছন্দের প্রকাশ ঘটেছে। বিস্তীর্ণ কৃষিজমি সবুজ ও সোনালি রঙের সুবিন্যস্ত স্তরে দূর দিগন্ত পর্যন্ত প্রসারিত। ওপরে নীলাভ—ধূসর আকাশ, আর নিচে লাল ছাদের একটি ছোট সাদা বাড়ি। প্রকৃতির বিশালতার মধ্যে মানুষের বসতির এই ক্ষুদ্র উপস্থিতি নির্মাণ করেছে এক সূক্ষ¥ নান্দনিক ভারসাম্য।
এই চিত্রগুলো পর্যবেক্ষণ করলে মনে হয়, মং—এর শিল্পভাষা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের সীমানায় আবদ্ধ নয়। পথ, বৃক্ষ, আশ্রয় এবং মানুষের বসতির পুনরাবৃত্ত সম্পর্কই তাঁর দৃশ্যজগতের একটি স্বতন্ত্র ব্যাকরণ তৈরি করেছে।
সমুদ্রতট, ঋতুবৈচিত্র্য ও দৃষ্টির অভিজ্ঞতা
মন্টক বাতিঘর চিত্রে বিস্তৃত সমুদ্রতটের ওপরে অসাধারণ রঙবৈচিত্র্যে উদ্ভাসিত আকাশ। গোলাপী, কমলা, নীল ও বেগুনির স্তরবিন্যাসে প্রকৃতি যেন এক পরিবর্তনশীল আলোকমালায় আবির্ভূত হয়েছে। বিশাল জলরাশি ও আকাশের তুলনায় ছোট একটি বাতিঘর এই বিস্তৃত দৃশ্যের মধ্যে স্থিতি ও দিকনির্দেশনার প্রতীক হয়ে উঠেছে।
পোর্টল্যান্ডের বাতিঘরের কাছে ছবিতে ঘন সবুজ বৃক্ষরাজির ফাঁক দিয়ে দেখা যায় আলোকোজ্জ্বল জলরাশি, দূরের তটরেখা এবং ক্ষুদ্র সাদা পালতোলা নৌকা।
মানবদেহের দৃশ্যমানতায় অন্তর্জগতের অনুসন্ধান
মং—এর মানবাকৃতিনির্ভর চিত্রকর্ম তাঁর প্রকৃতিচিত্রের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ শিল্পভাষার পরিচয় বহন করে। এসব কাজে শরীরের ভঙ্গি, দৃষ্টির অবস্থান, আলোর প্রকৃতি এবং পটভূমির রঙ মানুষের মনস্তাত্ত্বিক উপস্থিতিকে দৃশ্যমান করে তোলে।
দ্য লাইফ মডেল—১ চিত্রে বসে থাকা নগ্ন মানবদেহের সামান্য ঘোরানো মাথা ও অসমমিত ভঙ্গি শরীরের ভার এবং চিন্তামগ্ন স্থিরতার অনুভূতি সৃষ্টি করেছে। দ্য লাইফ মডেল—২ ছবিতে লাল পোশাক পরিহিত এক নারী নীলাভ পটভূমির সামনে বসে আছেন। লাল ও নীলের বৈপরীত্য তাঁর শান্ত পার্শ্বপ্রতিকৃতিকে আরও সংহত করেছে। দ্য লাইফ মডেল—৩ চিত্রে তীব্র লাল দেয়ালের সামনে বসা এক পুরুষের শরীরী ভঙ্গি ও রঙের বিন্যাস সংযত মানসিক উত্তেজনার আবহ নির্মাণ করেছে। এখানে মানবদেহ নিছক শারীরস্থানবিদ্যার অনুশীলন নয়; বরং মানুষের উপস্থিতি, নৈঃশব্দ্য এবং ব্যক্তিত্বের দৃশ্যমান ভাষা।
সাংস্কৃতিক স্মৃতি, বস্তুজগৎ ও স্থাপত্যের অন্তর্লিখন
রাখাইন ঐতিহ্যবাহী প্রদীপনৃত্য চিত্রটি প্রদর্শনীতে সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ মাত্রা যুক্ত করেছে। প্রাচীন স্থাপত্যসদৃশ নিদর্শন ও বর্ণময় সান্ধ্য আকাশের পটভূমিতে ঐতিহ্যবাহী পোশাক পরিহিত দুই নৃত্যশিল্পীকে দেখা যায়। তাঁদের হাতের ভঙ্গি ও শরীরী অভিব্যক্তি একটি আনুষ্ঠানিক দৃশ্যছন্দ নির্মাণ করেছে। রাখাইন প্রদীপনৃত্য আলো, শান্তি, ভক্তি এবং সামষ্টিক সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের সঙ্গে সম্পর্কিত। চিত্রশিল্পী এখানে মানুষের আনুষ্ঠানিক শরীরী ভাষাকে বিস্তৃত, ইতিহাসস্মারক ভূদৃশ্যের মধ্যে স্থাপন করেছেন। ফলে নৃত্য ও প্রকৃতি পরস্পরের অর্থকে সমৃদ্ধ করেছে। এই চিত্রকে কেবল লোকজ সংস্কৃতির উপস্থাপনা হিসেবে নয়, সাংস্কৃতিক স্মৃতির এক দৃশ্যরূপ হিসেবেও বিবেচনা করা যায়।
উপসংহার: চিত্রকলায় আপন ভূবন নির্মাণ
কে. সি. মং—এর শিল্পচর্চার তাৎপর্য নিহিত রয়েছে প্রকৃতি ও মানবিক অভিজ্ঞতার মধ্যে তাঁর নির্মিত নিরন্তর সংলাপে। তাঁর চিত্রকলা কোনো অপরিবর্তনীয় শৈলীগত সূত্রে আবদ্ধ নয়। কৃষিজমির বিস্তার, গ্রামের মেঠোপথ, সমুদ্রের দিগন্ত, ঐতিহ্যবাহী নৃত্যের আনুষ্ঠানিকতা, মানুষের অন্তর্মুখী প্রতিকৃতি কিংবা সময়ের ভারে জীর্ণ স্থাপত্যÑসবকিছুই তাঁর শিল্পভুবনে নিজস্ব অর্থ ও উপস্থিতি নিয়ে আবির্ভূত হয়েছে। তাঁর চিত্ররীতির প্রধান ভিত্তি বাস্তবের দৃশ্যমান অবয়ব। তবে অভিব্যক্তিময় রঙ, দৃশ্যমান তুলির আঁচড় এবং সচেতন দৃশ্যছন্দ অনেক ক্ষেত্রেই সরল বাস্তববর্ণনার সীমা অতিক্রম করেছে। একই সঙ্গে প্রদর্শনীর বৈচিত্র্য তাঁর শিল্পভাষার একটি গুরুত্বপূর্ণ দ্বৈত প্রবণতা প্রকাশ করেÑকোথাও তিনি আলো—বাতাস ও প্রকৃতির আবহ নির্মাণে অপেক্ষাকৃত স্বাধীন, আবার কোথাও মানবাকৃতি ও বস্তুর সূক্ষ¥ বাস্তবতাকে অধিক গুরুত্ব দিয়েছেন।
সব মিলিয়ে মং—এর চিত্রকলা মনে করিয়ে দেয়, মানুষের আপন হয়ে ওঠার অনুভূতি কোনো একটি ভূখন্ডের সীমানায় সীমাবদ্ধ নয়। বঙ্গোপসাগর ও আমেরিকার সমুদ্রতট, বাংলাদেশের গ্রামের মেঠোপথ আর নিউইয়র্কের বিস্তৃত কৃষিক্ষেত্র একই শিল্পীর কল্পনার ভূগোলে সহাবস্থান করতে পারে। এই সহাবস্থান স্থানগত পার্থক্য মুছে ফেলার প্রচেষ্টা নয়; বরং সেই পার্থক্যের মধ্যেই মানবিক আত্মীয়তা আবিষ্কারের শিল্পিত প্রয়াস। তাঁর শিল্পে তাই প্রকৃতি কেবল দেখার বিষয় নয়Ñস্মরণ করার, অনুভব করার এবং নতুন ভূখণ্ডেও নিজেকে আপন করে খুঁজে পাওয়ার এক অন্তহীন অভিজ্ঞতা।
