আসছে মিমের নতুন সিনেমা
অভিনয়জীবনের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলছেন মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। দেড় যুগের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত বিদ্যা সিনহা মিম। ক্যারিয়ারে নানা চরিত্রে নিজেকে প্রমাণ করেছেন। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা সাইফ চন্দনের ‘মালিক’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরিফিন শুভ। সিনেমাটিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পান মিম। এবার নতুন সিনেমা নিয়ে আসছেন তিনি। তবে সিনেমাটির মুক্তি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ করেছেন তিনি। ‘জীবন অপেরা’ নামের সিনেমাটি নির্মাণ করেছেন আলভী আহমেদ। তার নির্দেশনায় এবারই প্রথম কোনো সিনেমায় অভিনয় করলেন মিম। এরই মধ্যে সিনেমাটির কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে গল্প, চরিত্র কিংবা মুক্তির পরিকল্পনা নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না অভিনেত্রী।
মিম বলেন, ‘আলভী ভাইয়ের নির্দেশনায় এর আগে আমি কোনো কাজ করিনি। এবারই প্রথম তার নির্দেশনায় সিনেমায় অভিনয় করেছি। এরই মধ্যে সিনেমার কাজও শেষ। বাকি আর কিছুই তেমন বলতে পারছি না। সময় হলেই সিনেমার টিমের পক্ষ থেকে সংবাদমাধ্যমে সবকিছু জানানো হবে। তবে আমি এতটুকুই বলতে চাই, সিনেমাটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। এখন শুধুই অপেক্ষা।’
অভিনয়জীবনের শুরু থেকেই নিজেকে প্রমাণ করে চলছেন মিম। হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর মিজানুর রহমান আরিয়ানের ‘ট্রাম্প কার্ড’ নাটকে অভিনয় করে ছোট পর্দায় আলোচনায় আসেন। প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। আর রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ তার ক্যারিয়ারের অন্যতম ব্যবসাসফল সিনেমা। এতে তার সহশিল্পী ছিলেন শরীফুল রাজ ও ইয়াশ রোহান।
বিভিন্ন ঘরানার সিনেমায় অভিনয়ের পাশাপাশি লেখালেখির সঙ্গেও যুক্ত মিম। ২০১২ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয় তার প্রথম গল্পগ্রন্থ ‘শ্রাবণের বৃষ্টিতে ভেজা’। ২০১৩ সালের বইমেলায় প্রকাশিত হয় উপন্যাস ‘পূর্ণতা’।
বিজ্ঞাপনী দুনিয়াতেও সক্রিয় এ অভিনেত্রী। দেশী—বিদেশী ১০টিরও বেশি বহুজাতিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন তিনি। ব্যস্ততার মধ্যেও নিয়মিত নতুন কাজে যুক্ত হচ্ছেন মিম।
