শিশু ও বয়স্কদের ভ্যাকসিন নেয়ার অনুরোধ || নিউইয়র্কে বাড়ছে কোভিডের প্রকোপ
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির পাঁচ বরোতে নতুন করে বাড়ছে কোভিড—১৯ এর প্রকোপ। ৩০ আগস্ট খেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহে ৫ শতাধিক মানুষ কোভিড—১৯ বা আরএফভিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। গত বছর অক্টোবরের পর এটাই সর্বাধিক সংখ্যক মানুষের এক সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়া। নিউইয়র্ক স্টেট এবং নিউইয়র্ক সিটির হেলথ ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ও কর্মকর্তারা ভ্যাকসিন নেয়ার আহবান জানিয়েছেন। তারা জানিয়েছে এই সময়কালে কোভিড—১৯এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
কোভিড—১৯ ছাড়াও শ্বাস—প্রশ্বাসের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বাড়ছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, কোভিড ও আরএসভি থেকে রক্ষা পাওয়ার একমাত্র পথ ভ্যাকসিন নেয়া। এই মন্তব্য সমর্থন করেছেন আমেরিকান একাডেমি অব পিডিয়েট্রিশিয়ান্স এবং আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ান্স। অপরদিকে ইউএস ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন বা এফডিএও ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানিয়েছে। তবে যাদের বয়স ৬৫ বছর বা তার বেশি এবং স্বাস্থ্যগত সমস্যা আছে তাদের জন্য তা আবশ্যিক বলে জানিয়েছে। এছাড়াও ৬ মাস থেকে ২ বছর বয়সী শিশুদেরও আবশ্যিকভাবে ভ্যাকসিন নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
