ভাষণ ২৪ সেপ্টেম্বর || নিউইয়র্ক ত্যাগ ২৫ সেপ্টেম্বর || প্রধানমন্ত্রী জাতিসংঘে আসছেন সোমবার
বাঙালী প্রতিবেদনঃ জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের হাই—লেভেল মিটিংএ যোগ দিতে নিউইয়র্কে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশে এই প্রথম এক পরিবারের তিন সদস্য যোগ দিল। এর আগে তারেক রহমানের পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মা প্রধানমন্ত্রী খালেদা জিয়া যোগ দেন। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা যোগ দেন একই পরিবারের দুই সদস্য। বাংলাদেশের আগে ভারতের জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী প্রধানমন্ত্রী হিসাবে যোগ দেন। এছাড়াও সৌদি রাজ পরিবারের কিং ফয়সাল থেকে শুরু করে কয়েকজন যোগ দেন। কম্যুনিটি সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ এজেন্সি জানাচ্ছে, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে ৮ সেপ্টেম্বর থেকে। মেয়াদ থাকছে ২০২৭ সালে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশনের হাই—লেভেল সপ্তাহ হচ্ছে ২২—২৯ সেপ্টেম্বর। এই অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই প্রথম জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র সফর। জাতিসংঘে যোগদানের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। অপরদিকে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ঘিরে কমিটিবিহীন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা—কমীর্ সহ অন্যান্য সংগঠন তারেক রহমানকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। চলছে দলীয় সভা—সমাবেশ। এদিকে নিউইয়র্কে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা হচ্ছে না। তবে দলীয় নেতা—কমীর্দের সাথে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
জাতিসংঘ মিশন, নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট ও ঢাকার কূটনৈতিক সূত্রে জানা গেছে, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক আসছেন। তিনি জাতিসংঘে ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার। দেশে ফিরবেন ২৫ সেপ্টেম্বর শুক্রবার। এদিকে নিউইয়র্কে প্রত্যাশিত প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা হচ্ছে না। ২৫ সেপ্টেম্বর শুক্রবার এই সংবর্ধনা হওয়ার কথা ছিলো। প্রধানমন্ত্রীর সময়—স্বল্পতার জন্য এবং টাইট সিডিউল থাকার কারণে প্রধানমন্ত্রীর নাগরিক সংবর্ধনা হচ্ছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি গিয়াস আহমেদ। তিনি বলেন, তবে দলীয় নেতা—কমীর্দের সাথে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
অপরদিকে দলীয় একাধিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা—কমীর্দের মধ্যকার বিভেদ—বিভক্তি, কারো কারো মতে অর্থের অপচয় প্রভৃতি বিষয় আলোচিত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবর্ধনা অনুষ্ঠান না করার পক্ষে সিদ্ধান্ত এসেছে। তবে যেহেতু প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি প্রথমবারের মতো নিউইয়র্কে আসছেন, সেহেতু যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় নেতা—কমীর্রা এখনো তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করতে আগ্রহী বলে জানা গেছে।
এছাড়াও প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সরকারী অর্থে তার সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহী নন। তিনি চান না সংবর্ধনার নামে সরকারী অর্থের অপচয় হোক।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ তথা নিউইয়র্ক সফরের কর্মসূচী সফল করতে দলীয় নেতা—কমীর্ ও অঙ্গ সংগঠনের নেতা—কমীর্রা সিরিজ বৈঠক করে চলেছেন। কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্বের সমন্বয়ক আনোয়ার হোসেন খোকন লন্ডন থেকে যুক্তরাষ্ট্র এসে এই সব সভা সমন্বয় করছেন। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনের দিন বিএনপি জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত সমাবেশ এবং জাতিসংঘে ভাষণ দেওয়ার দিন জাতিসংঘ ভবনের সামনে শান্তি সমাবেশ করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
অপরদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জেএফকে বিমানবন্দরে ও জাতিসংঘ ভবনের সামনে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করবে বলে সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান জানিয়েছেন।
