মঙ্গল বার্তা নিয়ে নিউইয়র্কে মঙ্গল শোভাযাত্রা

বাঙালী প্রতিবেদনঃ বাংলাদেশে যখন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এর মূল সৌরভে আঘাত হানার চেষ্টা হচ্ছে, তখন দেশের বাইরে বিপুল সংখ্যক বাঙালি আয়োজন করছে বৈশাখ বরণ অনুষ্ঠানের আর মঙ্গল শোভাযাত্রার। নিউইয়র্কের কুইন্সেশংকা ভয়, বৈশাখ করবে জয়শ্লোগান উচ্চারণ করে প্রায় দুই ডজন সংগঠন গত মঙ্গলবার পহেলা বৈশাখের বিকেলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রদক্ষিণ করল জ্যাকসন হাইটস। সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ, নিউইয়র্ক এই আয়েজনের উদ্যোক্তা। নানা বর্ণের ফেস্টুন, মঙ্গলের প্রতীক, মুখোশ ব্যানার নিয়ে শিশু থেকে সব বয়সী মানুষ এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়। মেয়েরা পরেছিল শাড়ি, ছেলেরা পাঞ্জাবি। মঙ্গল শোভাযাত্রার সূচনা হয় ৩৭ রোড ৭৭ স্ট্রিটে নির্মিত মঞ্চের সামনে থেকে। মঙ্গল শোভাযাত্রার ব্যানার নিয়ে একেবারে সম্মুখভাগে ছিলেন এই আয়েজিনের আহবায়ক প্রবীণ ব্যক্তিত্ব সৈয়দ মোহাম্মদউল্লাহ, সদস্য সচিব মুজহিদ আনসারিসহ কর্মকর্তাবৃন্দ। এরপরে ছিলেন বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটের্যান্স অব ১৯৭১ এর ব্যানারে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গোলাম মেরাজ খান, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা হিরু ভুঁইয়াসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। এইভাবে নিজ নিজ সংগঠনের ব্যানার, বাংলাদেশের পতাকসহ অন্যান্য মোটিফ অনুষঙ্গ নিয়ে ছিলো বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্টস বিপা, বাংলাদেশ লিবারেশন ওয়ার ভেটেরান্স ১৯৭১, অনুপ দাস ডা্যান্স একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী, যুক্তরাষ্ট্র সংসদ, রবীন্দ্র একাডেমি অব ইউএসএ, বাংলাদেশী লেডিস ক্লাব, বহ্নিশিখা সংগীত নিকেতন, ভয়েস অব উইমেন এমপাওয়ারমেন্ট, মিটন ড্যান্স একাডেমি, প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ, মহিলা পরিষদ, যুক্তরাষ্ট্র উদীচী জ্যামাইকা শাখা, তারার আলো ইউএসএ, বাঙালিয়ানা ইউএসএ, লালন পরিষদ, ইউএসএ ইত্যাদি।

মঙ্গল শোভাযাত্রায় কৃষক সেজে শিশুদের অংশগ্রহণ অনেকের দৃষ্টি আকর্ষণ করে। তিনটি শিশু মাথায় মাথলা পরেছিল, এটি শিশু কাঁধে লাঙ্গল নিয়ে হাঁটছিল। অনেক মহিলা কুলায় মঙ্গল শোভাযাত্রার এক একটি বর্ণ লিখে পাশাপাশি হাঁটছিল। বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতিও শোভাযাত্রার সম্মুখ ভাগে তুলে ধরা হয়েছিল। শোভাযাত্রায় অনেকের হাতে ছিল বাংলাদেশের পতাকা। তবে সংস্কৃতিজন জাকির হোসেন রনির হাতের পতাকাটি ছিল সর্বোচ্চ। বেশ বাতাস থাকার দরুন পতাকাগুলো উড়ছিল।

শোভাযাত্রায় শ্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মুক্তিযোদ্ধারা অস্ত্র ধরো, রাজাকার মুক্ত করো।

প্রায় পাঁচেক মানুষের অংশগ্রহণে এই মঙ্গল শোভাযাত্রা ৩৭ রোড থেকে শুরু হয়ে ৭৪ স্ট্রিটে গিয়ে বামে টার্ন নেয় ৩৭ এভেন্যুতে। সেখান থেকে ৭৩ স্ট্রিট হয়ে রুজভেল্ট এভেন্যু ধরে ফিরে আসে মূল মঞ্চের কাছে। বিকেলের জ্যাকসন হাইটসে কাজ ফেরা নানা দেশের মানুষ এই শোভাযাত্রা প্রত্যক্ষ করে।

সম্মিলিত বর্ষবরণ মঙ্গল শোভাযাত্রা উদযাপন পরিষদ আয়োজিত এই শোভাযাত্রার আগে পরে অস্থায়ী মঞ্চে শিল্পীরা পরিবেশন করেন নাচ, গান, আবৃত্তি। তবে মঙ্গল শোভাযাত্রার আগে ছিল ডাল, ভাত, সব্জি ইলিশ ভোজন পর্ব।

এছাড়াও শনিবার ম্যানহ্যাটানের টাইমস স্কয়ারে এবং রবিবার জ্যাকসন হাইটসে আয়োজিত হয় মঙ্গল শোভাযাত্রার।

Related Posts