সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী || বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লক্ষ ৯৮,০৩৭
ঢাকা থেকেঃ বর্তমানে দেশে ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। বুধবার ১৫ এপ্রিল জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
এ সময় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া বিভিন্ন ভাতার কথা তুলে ধরে তিনি বলেন, আপাতত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ভাতা বৃদ্ধির বিষয়টি সরকারের বিবেচনায় নেই।
অন্য এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ হিসেবে অভিযোগ পাওয়া গেলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই—বাছাই করে। তদন্তে অমুক্তিযোদ্ধা প্রমাণিত হলে তালিকা থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৮৪২টি অভিযোগ জামুকায় পাঠানো হয়েছে। সেগুলো যাচাই—বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা বা ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।
