লং আইল্যান্ডে হয়ে গেল শিল্পাঙ্গনের বর্ণাঢ্য নবান্ন উৎসব

বিশেষ প্রতিবেদনঃ বিগত বছরগুলোর ধারাবাহিকতায় গত ১৫ নভেম্বর রবিবার লং আইল্যান্ডের হিকসভিলের লেভিটটাউন মিলনায়তনে দিনব্যাপী শিল্পাঙ্গনের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পালিত হয়। বাংলার হেমন্তের নতুন ফসলের উৎসবের সাথে উত্তর আমেরিকার থ্যাংকসগিভিং ডে’র সমন্বয়ে এই উদযাপনে প্রকৃতির বন্দনা ও মানবতার জয়গান করা হয়। বাংলার চিরায়ত লোকসংস্কৃতির আদলে সজ্জিত হয় মঞ্চ এবং মিলনায়তন চত্ত্বর। দুপুর দেড়টায় সূচনা হয় নবান্ন উৎসবের। মঞ্চের উল্টোদিকে শুরু হয় পোশাক ও গয়নার মেলা। সাথে ছিল সুস্বাদু বাঙালি খাবারের আয়োজন।

শিল্পাঙ্গনের নবান্ন উৎসবের উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক, অনুবাদক ও গবেষক ড. আবেদীন কাদের। সূচনা হয় নবান্নের শোভাযাত্রা দিয়ে। শিল্পাঙ্গনের শিল্পীদের তৈরি শিল্পকর্ম নিয়ে শিল্পী, কলাকুশলী ও অতিথিবৃন্দ মিলনায়তন প্রদক্ষিণ করে মঞ্চে ওঠেন। ড. আবেদীন কাদের মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাঁকে শিল্পাঙ্গনের পক্ষ থেকে উত্তরীয় ও সম্মাননা প্রদান করেন শিল্পাঙ্গনের পরিচালক ফালাহ আহামেদ, এবং আকতার কামাল। স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঙ্গনের সভাপতি ডা. আমর আশরাফ। ড. কাদের প্রবাসের মাটিতে বাংলার ঐতিহ্যকে ধারণ ও লালনের এই চমৎকার আয়োজনকে সাধুবাদ জানান।

শিল্পাঙ্গন আয়োজিত নবান্ন উৎসবের উল্লেখযোগ্য দিক ছিল কবিদের অংশগ্রহণ। কবিকণ্ঠে নবান্ন পর্বে স্বরচিত কবিতা পাঠ করেন শামস আল মমীন, মনজুর কাদের, রওশন হাসান, আনোয়ার সেলিম, শাহীনূর শানু, এবং রাফিয়া খান। অপর একটি পর্বে ছিল, ড. আবেদীন কাদেরের সঙ্গে আলাপচারিতা যেখানে বিষয় ছিল প্রবাসে বাংলা সাহিত্যের চর্চায় প্রতিকূলতা ও সম্ভাবনা।

নবান্ন উৎসব আলোকিত করেন আমন্ত্রিত শিল্পী চন্দ্রা রায় এবং কৃষ্ণা তিথি। তাদের সংগীত পরিবেশনা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। পাশাপাশি অতিথি পরিবেশনায় ছিল প্রখ্যাত নৃত্যশিল্পী প্রিয়া ডায়েসের পরিচালনায় প্রিয়া ড্যান্স একাডেমির নৃত্যালেখ্য এবং নতুন প্রজন্মের মেধাবী শিল্পী লিয়ানা মানহা ও এরিনা মানহার নৃত্য।

শিল্পাঙ্গনের সংগীত বিভাগে খ্যাতনামা সংগীতশিল্পী অনুপ বড়ুয়ার পরিকল্পনা ও তত্ত্বাবধানে শিল্পাঙ্গনের শিল্পীবৃন্দ বিভিন্ন পর্যায়ে নবান্নের সংগীতালেখ্য পরিবেশন করেন। ‘নতুন ধানের উৎসব’, ‘হেমন্তের সুর’, এবং ‘নবান্নের আহ্বান’ শিরোনামে সংগীতালেখ্যে কণ্ঠ দেন সামিনা আশরাফ, পাপিয়া মাহমুদ, আফরীন খান, শাহপার ইসলাম, ইশরাত লিপি, রাহাত চৌধুরী, ফাহমিদা ইয়াসমিন এ্যানি, সোনিয়া পান্না, সোনিয়া হক, স্বপ্না ওসমান, শিল্পী রফিক, সুফিয়া বেগম, ইয়াসমিন রহমান, এবং শান্তা মনি। যন্ত্রানুষঙ্গে ছিলেন তবলায় মুক্তিযোদ্ধা দেবু চৌধুরী, কীবোর্ডে মাসুদ রানা, গীটারে সাঈদ রহমান এবং অক্টোপ্যাডে তুষার দত্ত।

শিল্পাঙ্গন সংগীত বিভাগে নতুন প্রজন্মের একটি শাখা চালু হয়েছে সংগীতগুরু অনুপ বড়ুয়ার পরিচালনায়। ‘আজ ধানের ক্ষেতে’ সংগীতে অংশ নেয় এই শাখাটির শিক্ষার্থী আয়ানা মাহিবা, এলিজা নূর, আমায়া নূর, সাইবাহ ইসলাম, জোয়েনা ইসলাম, এবং রাজবীর চৌধুরী। নতুন প্রজন্মের নুসায়বাহ কবির ও লিয়ানা মাহভিন বাংলার নবান্ন ও উত্তর আমেরিকার কৃতজ্ঞতা দিবসের তাৎপর্য তুলে ধরে।

নবান্ন উৎসবে ছিল নাটক বিভাগের চারটি নন্দিত পরিবেশনা। বুদ্ধদেব বসুর ‘চিল্কায় সকাল’ কবিতার ওপর ভিত্তি করে লেখা নাট্যালেখ্যে অভিনয় করেন শাহরুখ তাসনিম, শফিউল আলম, আওকাত খান এবং মোহাম্মদ নজরুল ইসলাম। মোহম্মদ নজরুল ইসলাম ছিলেন এর নির্দেশক। জীবনানন্দ দাশের কবিতা এবং জসীম উদ্দীনের গান নিয়ে মোহাম্মদ নজরুল ইসলামের গ্রন্থনা ও রাফিয়া খানের নির্দেশনায় পরিবেশিত হয় ‘হেমন্তের আবাহন’। এতে অংশ নেন নুসায়বাহ কবির, শান্তা মনি, সোনিয়া পান্না, জান্নাত সুলতানা, মুস্তফা মোর্শেদ এবং স্বপন কবির। পূর্ণেন্দু পত্রী ও রফিক আজাদের কবিতা নিয়ে মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় ‘ভালো যে বেসেছি’ কাব্যাভিনয়ে অংশ নেন সোনিয়া পান্না এবং শফিউল আলম। অনিশা দত্ত রচিত ‘বিস্মরণের বেলা’ নাটকের পাঠাভিনয় করেন তুবা মুক্তাদীর এবং শফিউল আলম।

শিল্পাঙ্গন নবান্ন উৎসবে আবৃত্তি করেন শাহীনূর শানু এবং জান্নাত সুলতানা। নবান্ন উৎসবের বিভিন্ন পর্বে উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন ফারজানা সুলতানা, শাহীনূর শানু, শাহানা সুলতানা, নাহিদ রহমান, তাসনিম খান, রুবিনা চৌধুরী, সোনিয়া হক এবং মোহাম্মদ শানু। শব্দ ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন সায়েম। নবান্ন উৎসবে পৃষ্ঠপোষকতা করেছেন ফালাহ আহামেদ, রফিকুল ইসলাম ভূঁইয়া, আওকাত খান, পাপিয়া মাহমুদ, এবং সামিনা আশরাফ। পুরো অনুষ্ঠান পরিকল্পনা ও গ্রন্থনা করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম।

Related Posts