হয়ে গেল ওপেন মাইক্রোফোনে গান আর || বিপার শিশু শিল্পীদের আঁকা চিত্রের প্রদর্শনী
সাবিনা শারমিনঃ শিশু—কিশোর—কিশোরীদের ছবি আঁকা, অংকিত ছবির প্রদর্শনী এবং ওপেন মাইক্রোফোন গত শনিবার দুপুর থেকে আনন্দে ভরিয়ে তোলে জ্যামাইকায় কুইন্স সিনিয়র ডে—কেয়ার সেন্টারের মিলনায়তন। আয়োজনটি ছিল বিপা’র ক্যানভাস—রঙ—তুলি, কবিতা আবৃত্তি এবং গানের সৃজনশীলতা নিয়ে।
শিশু—কিশোরদের সরগরম উপস্থিতি, রঙের বৈচিত্র্য এবং ক্ষুদে শিল্পীদের হাতের মুন্সিয়ানায় উপস্থিত দর্শকরা বিস্মিত হয়েছেন। বিপা’র দক্ষ অংকন শিক্ষক শিল্পী কানিজ হুসনা আকবরী, মমতাজ বেগম মলি এবং মৌনামি আহমেদের তত্ত্বাবধানে শিশু কিশোররা রঙ তুলি এবং ছবি আঁকায় অংশ নেয়। বিপা’র তেতাল্লিশ জন ছাত্র—ছাত্রীর করা পেইন্টিংএর প্রদর্শনী ছিলো দেয়াল জুড়ে। প্রদর্শনীতে আর্টে সদ্য গ্র্যাজুয়েট দুজন শিল্পী ঋষভ দেবনাথ এবং স্পৃহা দেবনাথের পেইন্টিংও ছিলো চোখে পড়ার মত। বাংলাদেশী—আমেরিকান শিশু কিশোররাও মনের মাধুরী মিশিয়ে রঙ তুলি দিয়ে চমৎকার সব ছবি এঁকেছে। বীর মুক্তিযোদ্ধা, সব্যসাচী শিল্পী তাজুল ইমাম ক্ষুদে শিল্পীদের কাজ দেখে মুগ্ধ হন। তিনি তাদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। অভিভাবক এবং উপস্থিত বড়দের জন্যও ছিলো পটচিত্র আঁকার ব্যবস্থা। এতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। আর্ট শেষে বিপা’র ছাত্রছাত্রীদের ছড়া—কবিতা গানের সমন্বয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপা’র ছাত্রী জান্নাতুল ফেরদৌস মৃত্তিকা এবং আবৃত্তির শিক্ষক সাবিনা নিরুর সঞ্চালনায় শিশু কিশোররা চমৎকার কবিতা ও গানে অংশ নেয়।
গানের পর্বে হারমোনিয়াম বাজিয়ে সহযোগিতা করেন বিপার গানের শিক্ষক নিলোফার জাহান এবং সোনিয়া মুত্তালিব। তবলায় সঙ্গত করেন শিক্ষক পিনাক পানি গোস্বামী, কীবোর্ডে রবিউল ইসলাম এবং শব্দে ছিলেন সাত্তার মাহমুদ। ক্ষুদে শিল্পীরা হলো— লেয়লা নেওয়াজ, জাগৃতি, সুরী, ওয়ালিজা, ইশরা, দেবিকা, নিধি, জানাকি, দিব্য মাধব, অবনি, আমরীন, অনিরুদ্ধ, সাহিতা, জাহ্নবী, নীল সেন, অনোরা, আদিম, ড্রু রোমিও, সৃজিতা, মৃত্তিকা, ফারিনা, ইকরা।
সবশেষে শিল্পী তাজুল ইমাম বক্তব্যের পরে নিজের লেখা একটি গান গেয়ে শোনান।
সৃজনশীল এই আয়োজনটি দর্শক সারিতে উপস্থিত সবার নজর কেড়েছে এবং মনে কিছুটা স্বস্তিও দিয়েছে। আরো অনেকের সাথে দর্শকসারিতে ছিলেন সংগঠক জাফর ফেরদৌস, বিপা’র বড়দের গানের শিক্ষক সেলিমা আশরাফ এবং নৃত্য শিক্ষক এ্যানি ফেরদৌস।
