ট্রাম্প—পুতিন—সি’র বৈঠকে যৌথ ঘোষণা || কোনো দেশ পারমানবিক যুদ্ধে জড়াবে না
সিএনএন ডয়চে ভেলে প্রতিবেদনঃ চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তিন শীর্ষ নেতার ঐতিহাসিক বৈঠক থেকে একটি প্রতীকী ‘শান্তি ঘোষণা’ এসেছে। কিন্তু চলমান দু’টি যুদ্ধ বন্ধে সুস্পষ্ট কিছুই বলা হয়নি। অর্থাৎ ইউক্রেন—রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত বন্ধ করার কথা ঘোষণায় নেই। যৌথ ঘোষণায় একমাত্র আশার কথা হলো— তিনটি দেশই পুনঃপ্রতিশ্রুতি দিয়ে জানিয়েছে, কখনোই পারমাণবিক যুদ্ধে জড়াবে না তারা, কারণ এই যুদ্ধে কেউই জিতবে না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রযুক্তিনগরী শেনঝেনের কাইলিন ভিলায় বিশাল এক গোল টেবিল ঘিরে সমদূরত্বে বসেন প্রেসিডেন্ট সি চিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পর দেওয়া ঘোষণায় তিন নেতা জাতিসংঘের সংস্কার, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) ভূমিকা সীমিত করা এবং পারমাণবিক যুদ্ধ এড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ বাড়ানোরও প্রতিশ্রুতি দেন।
আলোচনার পয়েন্টটা কী
সিএনএনের ভাষ্য, বৃহস্পতিবারের এই বৈঠক ইতিহাসের মোড় ঘোরানো কোনো ঘটনা নাকি কেবল আরেকটি ফটোসেশনে সীমাবদ্ধ থাকবে—তা এখনো স্পষ্ট নয়। যুদ্ধ, অর্থনীতি এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো বিষয়গুলোতে তিন দেশের বড় বড় মতপার্থক্য দূর করার জন্য ৮১ মিনিটের ওই বৈঠক যথেষ্ট হওয়ারও কথা নয়।
বৈঠকে বসার আগে তিন নেতার লক্ষ্যও ছিল ভিন্ন ভিন্ন। ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার টেবিলে না রেখেই দেশটির যুদ্ধ নিয়ে কথা বলার উপায় হিসেবে পুতিন শুরুতে এই শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। এমন সম্ভাবনা ইউক্রেনকে উদ্বিগ্ন করেছিল এবং ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এর তুলনা টানা হচ্ছিল—যে সম্মেলনে বিশ্বশক্তিগুলো যুদ্ধোত্তর বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নিয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ—পরবর্তী সেই সময়ের প্রসঙ্গ টেনে সি ও পুতিন দুজনেই তাঁদের উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন, সে সময় শক্তিধর দেশগুলো একজোট হয়ে বিশ্বব্যবস্থা গড়ে তুলেছিল। বৃহস্পতিবারের বৈঠকটিকে তাঁরা কোন দৃষ্টিতে দেখছেন, এটি ছিল তারই ইঙ্গিত।
তাহলে ত্রিপক্ষীয় বৈঠকে কার কী অর্জন
আগে থেকেই ধারণা করা হচ্ছিল তিন পরাশক্তির শীর্ষনেতাদের ঐতিহাসিক বৈঠকে বিশ্বের জন্য বড় কোনো ঘোষণা আসার সম্ভাবনা ক্ষীণ। বৈঠকের পর দেওয়া ‘শান্তি ঘোষণায়’ সেই পূর্বানুমান সত্য হয়েছে। বৈঠক শেষে সংবাদসম্মেলনে পুতিন স্বয়ং স্বীকার করেন, ঘোষণাপত্রে বড় কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। এর কোনো সিদ্ধান্ত মানতে কাউকে বাধ্য করা হবে না বলেও জানান তিনি।
তবে বিশ্বের জন্য বড় কোনো অর্জনের সুসংবাদ না দিলেও এই বৈঠক সি চিন পিং এবং ভ্লাদিমির পুতিনের অর্জনের ঝুলি ঠিকই পূর্ণ করেছে।
দেশের ভেতরে অর্থনৈতিক নানা সমস্যা লেগে থাকলেও, সি চিন পিং নিজেকে এবং চীনকে—একটি প্রভাবশালী কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন।
এদিকে রয়টার্স এবং সিএনএনের ভাষ্য অনুযায়ী, ‘ঐতিহাসিক বৈঠকে’ ট্রাম্পের ঝুলি বলতে গেলে শূন্য।
যদিও গত দুই বছর ধরে ট্রাম্প বেশ আন্তরিকভাবেই সি ও পুতিনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর আশা, গভীর ব্যক্তিগত সম্পর্ক ভূরাজনৈতিক টানাপোড়েন কমিয়ে আনতে সাহায্য করবে। প্রতিপক্ষ এই দুই নেতাকে খুশি করতে এবং তাঁদের গুরুত্ব বাড়াতে তিনি তাদের প্রশংসায় ভাসিয়েছেন, অত্যন্ত আন্তরিক অনানুষ্ঠানিক আচরণও দেখিয়েছেন। দুই নেতাকেই ট্রাম্প একাধিকবার ‘বন্ধু’ সম্বোধন করেছেন।
সি—কে ট্রাম্প বলেছিলেন, ‘আমার মনে হয়, যতদিন আপনি আর আমি দায়িত্বে আছি, ততদিন আমাদের মধ্যে কোনো সমস্যা হবে না।’
শেনঝেনে পুতিনকে দেখেই ট্রাম্প এবার বলে ওঠেন, ‘আরে দেখো কে এটা, আমার বন্ধু।’
সংবাদমাধ্যমগুলো বলছে, মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী ট্রাম্প পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে চীন—রাশিয়াকে নিয়ে নতুন একটি চুক্তিতে পৌঁছানোর বড় আশা নিয়ে এসেছিলেন। তবে তা পূরণ হয়নি।
তিন নেতার বৈঠকের পর যৌথ বিবৃতিতে শুধু বলা হয়েছে, তাঁরা পারমাণবিক ঝুঁকি কমাতে এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে কাজ করতে ‘সংলাপ’ চালিয়ে যাবে।
কেন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের আলাপে আগ্রহ দেখায়নি চীন
রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি ‘নিউ স্টার্ট’ এর মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। ট্রাম্প জানিয়েছিলেন, তিনি চীনকে অন্তর্ভুক্ত করে ‘নতুন, উন্নত ও আধুনিকায়িত’ একটি চুক্তি করতে চান।
তবে বেইজিং এখন পর্যন্ত এ ধরনের কোনো সীমাবদ্ধতা মেনে নিতে অনাগ্রহী। কারণ চীনের হাতে আনুমানিক ৫০০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম। মস্কো ও ওয়াশিংটন—প্রত্যেকের হাতেই ৫ হাজারের বেশি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়।
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) জ্যেষ্ঠ বিশ্লেষক চিম লি বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে কোনো ত্রিপক্ষীয় প্রাতিষ্ঠানিক কাঠামোতে চীনের অংশ নেওয়ার সম্ভাবনা কম।
তিনি বলেন, চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডারের সঙ্গে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ব্যবধান এখনো অনেক বড়। চীনের দৃষ্টিকোণ থেকে দেখলে, এই ক্ষেত্রে তিন শক্তিকে একই কাতারে ফেলাটা খুব একটা যৌক্তিক মনে হয় না।
এই বিশেষজ্ঞ মনে করেন, ট্রাম্প এই বৈঠকে যোগ দিয়েছেন কারণ তিনি ক্ষমতায় থাকার শেষ দুই বছরে নিজের অর্জন ও নিজের ছাপ রেখে যাওয়া (লিগ্যাসি) নিয়ে ভাবছেন। এই প্রেক্ষাপটে, একটি ত্রিপক্ষীয় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে তাঁর জন্য অনেক বড় একটি অর্জন হতে পারত।
বৃহস্পতিবারের ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে বিশেষজ্ঞরা খোলামেলাভাবেই জানিয়েছিলেন তিন নেতা কোনো বড় চুক্তি ছাড়াই শেনজেন ছাড়বেন—এমন সম্ভাবনাই বেশি। শেষ পর্যন্ত দেখা গেল, কূটনৈতিক কোনো বড় সাফল্য বা অগ্রগতি এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল না। বরং এই আলোচনায় বসাটাই ছিল আসল অর্জন।
পুতিন ইঙ্গিত দিয়েছেন এমন বৈঠক আরও হবে। চিম লিও মনে করেন, আগামী বছরগুলোতে এ ধরনের আরও বৈঠক হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরনের একটি কাঠামো বজায় রাখার পেছনে চীন ও রাশিয়া—উভয় দেশের সঙ্গেই উষ্ণ সম্পর্ক রাখার কিছুটা আগ্রহ কাজ করবে।
