আমার মা ছিলেন রেনেসাঁ নারী || জয়ীষা দত্ত ফ্লোরিডা
গভীর শোক আর হৃদয়বিদারক বেদনা নিয়ে জানাতে হচ্ছে, যে দিনটিতে আমার মা পূরবী বসু আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছিলেন, ঠিক সেই দিনটিতেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়েছেন শুক্রবার, ১৩ নভেম্বর, দুপুর আনুমানিক একটার দিকে, নিজের বাড়িতে ঘুমের মধ্যেই। এই মুহূর্তে আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। আমি এখনো গভীর শোকে নিমজ্জিত। তবে একটি কথা আমি নিশ্চিতভাবে জানিÑআমার মা ছিলেন নবজাগরণের আদর্শে গড়ে ওঠা এক সত্যি রেনেসাঁ নারী। আমার দেখা সবচেয়ে দৃঢ়চেতা ও সাহসী মানুষ ছিলেন তিনি। মানুষ হিসেবে আজ আমি যা কিছু, আমার মূল্যবোধ, আমার ব্যক্তিত্বÑসবকিছুর নেপথ্যে তিনিই ছিলেন প্রধান শক্তি।
মাকে যে কতটা মনে পড়বে, কত গভীরভাবে তাঁর অভাব অনুভব করব, তা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। এ এমন এক অপূরণীয় ক্ষতি, এমন এক অন্তহীন শূন্যতা, যার বেদনা বুকে নিয়েই আমাকে বাকি জীবন কাটাতে হবে। এই শোক থেকে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা হয়তো চলবে জীবনের শেষ দিন পর্যন্ত।
গতকাল (শুক্রবার ১৩ নভেম্বর) আমার জন্মদিন উপলক্ষে ফেসবুকে যাঁরা সময় করে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। কিন্তু দিনটি যে আমার জন্য মোটেই আনন্দের ছিল না, তা বলার অপেক্ষা রাখে না। তবু আমার জন্মদিনেই মায়ের এই চিরবিদায়ের মধ্যে যেন এক গভীর মহাজাগতিক তাৎপর্য লুকিয়ে রয়েছে। যে দিনে তিনি আমাকে পৃথিবীতে এনেছিলেন, সেই দিনেই তাঁর পৃথিবী ছেড়ে চলে যাওয়া যেন আমাদের দুজনের মধ্যকার চিরন্তন, অবিচ্ছেদ্য বন্ধনকে এক অনন্ত পূর্ণতা দিয়ে গেল।
মা, তোমাকে আমি ভালোবাসিÑআজ, আগামীকাল এবং চিরকাল। আমার একমাত্র সান্ত্বনা, তোমাকে আর কোনো যন্ত্রণা সহ্য করতে হচ্ছে না। দীর্ঘ কষ্টের অবসান ঘটিয়ে অবশেষে তুমি শান্তি পেয়েছ।
তুমি শান্তিতে থেকো, মা।
