শ্রমিক বিক্ষোভে ১৭ কারখানা বন্ধ || তিন শহরে ৪২ প্লাটুন বিজিবি

ডয়চে ভেলে প্রতিবেদনঃ শ্রমিক বিক্ষোভের কারণে শিল্পাঞ্চল সাভার—আশুলিয়ায় গত মঙ্গলবার অন্তত ২০টি পোশাক কারখানায় ছুটি দেওয়া হয় বলে জানায় শিল্পপুলিশ। আশুলিয়া শিল্পপুলিশ—১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান। আগেরদিন সোমবার গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং দুটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এছাড়া জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

সাভারের রাজফুলবাড়ি এলাকায় আশুলিয়ার শিল্পপুলিশ কর্মকর্তা মমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘সাভার—আশুলিয়া শিল্পাঞ্চলে ১৩(১) ধারায় কারখানা বন্ধ আছে ৮টি। এছাড়া শ্রমিকেরা কাজে যোগ না দেওয়াসহ বিভিন্ন কারণে মঙ্গলবার আরো প্রায় ২০টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়।’

তিনি আরো বলেন, ‘সকালে আশুলিয়ার চারাবাগ এলাকায় কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা সড়কে নামেন। পরে তারা শান্তিপূর্ণভাবে সেখান থেকে চলে যান। তবে একই সময়ে সাভারে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন।’

সাভার ও আশুলিয়া এলাকায় ঐদিন শিল্প পুলিশের ৬০০ জনের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বলেও জানান মমিনুল।

জননিরাপত্তা নিশ্চিত করতে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর এবং কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়াসহ আশুলিয়া এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাশ ও সালনা এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি।

এছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং কার্যক্রম সমন্বয়ের কাজ করছে বিজিবির সদর দপ্তরে বিশেষ মনিটরিং সেল।

মিরপুরে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সাউন্ড গ্রেনেড—টিয়ারশেল নিক্ষেপ

ন্যূনতম মজুরিবাড়ানোসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকরা বিক্ষোভ করেন। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে মিরপুর থানার সামনে তাদের আটকে দেয় পুলিশ। শ্রমিকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করতে পরে বিভিন্ন গলিতে অবস্থান নেয় পুলিশ। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

আরেক পোশাক শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে বহিরাগতদের হামলায় আহত এক শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম মো. সেলিম। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিমের ছেলে। সাভারের আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি কারখানায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতেন সেলিম।

ডয়চে ভেলের খবর অনুযায়ী, গত ৪ নভেম্বর সাভারের আউকপাড়া এলাকায় বহিরাগতদের হামলায় সেলিম আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় গতকাল সোমবার পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মাসিক ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত দুজন পোশাক শ্রমিক নিহত হলেন। এর আগে গত ৩ নভেম্বর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গাজীপুরে আহত শ্রমিক।

Related Posts