এএফপির সংবাদ বিশ্লেষণ || শেখ হাসিনার দেশে ফেরা না—ফেরা
এএফপি প্রতিবেদনঃ বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে দেশে ফেরার অঙ্গীকার করেছেন। তার এ অঙ্গীকার নিয়ে উঠছে কিছু প্রশ্ন। তিনি কি ডিসেম্বরে ফিরবেন? কীভাবে ফিরবেন? ফিরলে কী হতে পারে? এএফপি মনে করে, ‘তার (শেখ হাসিনা) এই অনমনীয় মনোভাব হয়তো মৃত্যু—ঝুঁকি নেওয়ার ইচ্ছা নয়, বরং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার, সমর্থকদের আনুগত্য বজায় রাখার এবং এমন একটি দলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, যে দল একসময় বাংলাদেশে আধিপত্য বিস্তার করলেও এখন নিষিদ্ধ।’ ৭৯ বছর বয়সি এই সাবেক প্রধানমন্ত্রীকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান দমনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই গণঅভ্যুত্থানের জেরেই অবসান হয় তার ১৫ বছরের শাসনের।
বার্তা সংস্থা রয়টার্স এবং এপি জানায়, ২০২৫ সালে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে চিঠি পাঠিয়েছেন। এ উদ্যোগকে কার্যত ডিসেম্বর মাসে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
গত বুধবার এক প্রতিবেদনে শেখ হাসিনার এ উদ্যোগ—সংশ্লিষ্ট কিছু প্রশ্নের উত্তর খুঁজেছে বার্তা সংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়, গত সোমবার ৯ নভেম্বর বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছে, তিনি (শেখ হাসিনা) যদি সত্যিই ফিরে আসতে দৃঢ়প্রতিজ্ঞ হন, তাহলে ভারত থেকে তার প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করা হোক।
এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশকে বিভক্ত করে ফেলেছে। তার দল, অর্থাৎ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকরা মনে করছেন, তিনি ফিরবেন এবং সেই অপেক্ষায় তারা দিন গুণছেন। অন্যদিকে ‘বিরোধীরা’ সতর্ক করে বলছেন, এতে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।
যে কারণে দেশ ছেড়েছিলেন শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে যাওয়ার বিষয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়, ‘২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যান। তার ক্রমবর্ধমান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কয়েক মাস ধরে চলা বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে হাজার হাজার মানুষ তার বাসভবনে (গণভবন) ঢুকে পড়লে তিনি দেশ ছাড়তে বাধ্য হন।’
তারপর শেখ হাসিনা ‘তার দীর্ঘদিনের মিত্র দেশ ভারতে আশ্রয় নেন এবং তখন থেকে সেখানেই অবস্থান করছেন’ উল্লেখ করে এএফপি আরো জানায়, ভারতে আশ্রয় নেয়ার পর তিনি মাঝে মাঝে টেলিফোনের মাধ্যমে যুক্ত হয়ে ‘সংবাদ সম্মেলনে কথা বললেও তার কণ্ঠস্বর ছিল বেশ দুর্বল।’
প্রসঙ্গ: শেখ হাসিনার বিচারপ্রক্রিয়া
এএফপি লিখেছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকার একটি আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করলে তিনি (শেখ হাসিনা) বিচার প্রক্রিয়াকে ‘আইনি প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছেন।
সত্যিই ফিরবেন শেখ হাসিনা?
প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশ প্রতিষ্ঠা করা নেতার (শেখ মুজিবুর রহমান) কন্যা হাসিনা এএফপিকে বলেছেন, (জনগণের জন্য) তিনি ফিরতে বাধ্য।’ প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা আরো বলেছেন, কোনো ‘ভয় ‘জনগণের প্রতি তার কর্তব্য’ স্থির করে দিতে পারে না।’
এএফপি মনে করে, ‘তার (শেখ হাসিনা) এই অনমনীয় মনোভাব হয়তো মৃত্যু—ঝুঁকি নেওয়ার ইচ্ছা নয়, বরং রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার, সমর্থকদের আনুগত্য বজায় রাখার এবং এমন একটি দলকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা, যে দল একসময় বাংলাদেশে আধিপত্য বিস্তার করলেও এখন নিষিদ্ধ।’
এএফপি লিখেছে, ২০২৫ সালের নভেম্বরে ঢাকার একটি আদালত মানবতাবিরোধী অপরাধের দায়ে হাসিনাকে তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়। রাষ্ট্র তার পক্ষে একজন আইনজীবী নিয়োগ করলেও তিনি (শেখ হাসিনা) বিচার প্রক্রিয়াকে ‘আইনি প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছেন।
তবে আওয়ামী লীগের সমর্থকদের একটা অংশ বিশ্বাস করে, শেখ হাসিনা দেশে ফিরবেন। দলের প্রতি ‘অনুগত’ এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে (১৯৭৫ সালের ১৫ আগস্ট) ‘এক সামরিক অভ্যুত্থানে বাবাসহ পরিবারের অধিকাংশ সদস্য নিহত’ হওয়ার পর শুরু হওয়া নির্বাসিত জীবনে ইতি টেনে শেখ হাসিনার দেশে ফেরার কথা স্মরণ করিয়ে দেন। চার দশকেরও বেশি সময় আগের কথা স্মরণ করে তিনি প্রশ্ন করেন, ‘শেখ হাসিনা তো এক রক্তক্ষয়ী অভ্যুত্থানে পুরো পরিবারকে হারানোর পরও ১৯৮১ সালে দেশে ফিরে এসেছিলেন, তাই না?’
অন্যদিকে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন সিকদার বলেন, ‘এটা (হাসিনার ফেরার অঙ্গীকার) দলের কর্মীদের এক কাতারে আনার এবং তাদের রাজনৈতিকভাবে উজ্জীবিত রাখার কৌশল মাত্র। তিনি ফিরে আসবেন তা আমার মনে হয় না।’
ফিরলে কী করা হবে?
তবে এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ইতিমধ্যে বলেছেন, দেশে ফিরলে যে তাকে ফাঁসির মুখোমুখি হতে হবে তা তিনি ভালোভাবেই জানেন। বাংলাদেশে ফেরার জন্য ভারতের পক্ষ থেকে তার ওপর কোনো চাপ নেইÑ আওয়ামী লীগ সভানেত্রীর এমন বক্তব্যও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
ফেরার উপায়
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় ভারত সরকারের প্রতি শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। জবাবে ভারত জানিয়েছিল, অনুরোধটি পর্যালোচনাধীন এবং ‘বিষয়টি যথাযথভাবে দেখা হবে।’
যে মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে, সেই মামলার সরকার—পক্ষের কৌঁসুলি ছিলেন মো. আমিনুল ইসলাম। এএফপিকে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার সময়সীমা পার হয়ে গেছে। তাই শেখ হাসিনা ফিরলে তাকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি’ হতে হবে।
চলতি সপ্তাহে শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্ট চেয়ে দিল্লিতে বাংলাদেশের দূতাবাসে চিঠি পাঠানোর বিষয়টিও এসেছে এএফপির প্রতিবেদনে। তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী আহসানুল করিম মনে করেন, বাংলাদেশে প্রবেশের জন্য শেখ হাসিনার পাসপোর্টের প্রয়োজন নেই। তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। তিনি যেকোনো উপায়ে বাংলাদেশে প্রবেশ করতে পারেন। তবে দেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে।’
এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের রাষ্ট্রপতির কাউকে ক্ষমা করার বা মৃত্যুদণ্ড কমিয়ে কাউকে অন্য কোনো দণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে।
