কমল দাশগুপ্তের সুর করা স্মৃতি জাগানিয়া ২০টি || গান গেয়ে মুগ্ধ করলেন ড. জীবন বিশ^াস

বাঙালী প্রতিবেদনঃ বাংলা গানপ্রিয় মানুষের অনিবার্য সুরকার কমল দাশগুপ্ত। তিনি যেমন অন্য গীতিকবির কথায় সুর বসিয়েছেন, তেমনই কাজী নজরুল ইসলামের অনেক গানেরও সুরকার তিনি। তাঁর সুর করা বাছাই ২০টি গান নিয়ে গত রবিবার নিউইয়র্কে হয়ে গেল সাড়া জাগানো গানের আসর ‘জীবনের জলসাঘরে’। বিশিষ্ট আইটি ইঞ্জিনিয়ার, লেখক, কলামিস্ট এবং গায়ক ড. জীবন বিশ্বাস একাই ২০টি গান গেয়ে মোহাবিষ্ট করে রেখেছিলেন জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার, জেপ্যাকের থিয়েটার। জানা গেছে, অর্কেস্ট্রা এবং ব্যালকনি বা গ্যালারির কোনো আসনই খালি ছিল না। মঞ্চের পশ্চাদপটে ছিল প্রজেকশন। ডাউন স্টেজে চট এবং ক্যানভ্যাস নিয়ে একটি জিগজ্যাগ দেয়াল তৈরি করা হয় মাটির আবহ তুলে ধরার জন্য। এই দেয়ালের গায়ে ছিল এলোমেলোভাবে ছড়ানো এলপি ডিস্ক। সেন্টার স্টেজে হারমোনিয়াম নিয়ে বসেছিলেন শিল্পী জীবন বিশ্বাস। তার ডানদিকে অর্থাৎ স্টেজ রাইটে ছিলেন তবলা নিয়ে তরুণ প্রজন্মের দীপ্ত রয় আর লিটন ফিলিপ, মন্দিরা হাতে শহীদউদ্দিন। শিল্পীর বাম দিকে অর্থাৎ স্টেজ লেফটে ছিলেন বেস গিটারে আজিম হাসান, পারকাসনে মো. স্বপন মিয়া, টেম্পল এ এআর সুমন এবং কীবোর্ডে সৌরভ দাস। আর আপস্টেজে ছিলেন সঞ্চালক মাহজাবিন মুমু।

অনুষ্ঠান শুরু হয় চমকের মধ্য দিয়ে। পর্দা খুলে গেলে মঞ্চে প্রবেশ করেন ড. জীবন বিশ্বাস। এবং সেন্টার স্টেজে তাঁর আসনের পিছনে রাখা হাওয়াইন গিটারে সুর তোলেন ‘কতদিন দেখিনি তোমায়’ এবং ‘তুমি কি এখন দেখিছ স্বপন’ গান দুটির। সুরের মাধুর্যে এবং স্মৃতির মেলোডিতে মুগ্ধ শ্রোতারা বুঝে যান পরে ২০টি কণ্ঠসংগীত কেমন হতে পারে। প্রথম গানটি ছিল কণ্ঠে আমার নিশিদিন যত। তারপর একে একে গেয়ে যান পৃথিবী আমারে চায়, তুমি হাতখানি যবে রাখো মোর হাতে, ভালোবাসা মোরে ভিখারী করেছে, যেথা গান থেমে যায়, তুমি এসেছিলে জীবনে আমার, আমি দুরন্ত বৈশাখী ঝড়, জানি জানি গো মোর শূন্য হৃদয় দেবে ভরে, মেনেছি গো হার মেনেছি, দুটি পাখি দুটি তীরে, এই কি গো শেষ দান, সেদিন নিশিথে বরিষন শেষে, যদি আপনার মনে মাধুরী মিশায়ে, কতদিন দেখিনি তোমায়, আমি ভুলে গেছি তব পরিচয়, জানি বাহিরে আমার তুমি অন্তরে নও, গভীর নিশিথে ঘুম ভেঙে যায়, তুমি কি এখন দেখিছ স্বপন, বলেছিলে তুমি তীর্থে আসিবে এবং মনে পড়ে আজ সে কোন্ জনমে। এই ২০টি গানের মূল শিল্পী ছিলেন ৯ প্রথিতযশা গায়ক। আর জীবন বিশ্বাস ৯ শিল্পীর ৯ ভাবে গাওয়া বাঙালি শ্রোতাদের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকা গানগুলি একক কণ্ঠে গেয়ে এক অসাধারণ ভাললাগা ছড়িয়ে দেন জীবনের জলসাঘরে—২ অনুষ্ঠানে।

সঞ্চালক মাহজাবিন মুমু গানগুলিকে চারটি করে ভাগ করে নিয়েছিলেন। গানের শুরুতে ড. জীবন বিশ্বাস গানটির প্রথম শিল্পী কে এবং কার লেখা তা উল্লেখ করেন। তিনি জানান এই কুড়িটি গান ১৯৩৪ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত সময়কালে রেকর্ড করা। এর অনেকগুলির রেকর্ডই হাজার হাজার পিস বিক্রি হয়। তিনি মাঝে মাঝেই এই অনুষ্ঠান আয়োজনে যে বিশাল টিম কাজ করেছে সেই টিমের সদস্যদের নাম উল্লেখ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শুরুতে সুর¯্রষ্টা কমল দাশগুপ্তের ওপর নির্মিত একটি সংক্ষিপ্ত প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এই প্রামাণ্যচিত্রের নির্মাতা নাট্যজন মাসউদ সুমন। 

তারও আগে পর্দা ওঠার পূর্বে নির্ধারিত সময় অর্থাৎ ঠিক সাড়ে ছয়টায় মঞ্চের রোস্ট্রাম থেকে সকলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন নীরা কাদরী। এরপর খুব সংক্ষেপে বাংলা গানের ঐতিহ্য বিষয়ে বলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্যজন ড. সাধনা আহমেদ। আর শিল্পী জীবন বিশ্বাস সম্পর্কে সংক্ষেপে বলেন কৌশিক আহমেদ। একটানা সাড়ে তিন ঘন্টা এই শ্রম্নতি মাধুর্য ছড়িয়ে দেয়া পুরনো দিনের মেলোডিয়াস বাংলা গান জীবন বিশ্বাসের কণ্ঠে শুনে দর্শকশ্রোতারা মুগ্ধতা নিয়ে ঘরে ফেরার আগে হয় সংক্ষিপ্ত সমাপনী পর্ব। তারপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করার পর নেমে আসে যবনিকা। 

গত বছর জীবন বিশ্বাস আয়োজন করেন জীবনের জলসাঘরের প্রথম অনুষ্ঠান জেক্যাল থিয়েটারে। সেখানে কেবল মান্না দে’র গাওয়া গান পরিবেশিত হয়। তিনি সাপ্তাহিক বাঙালীকে জানান জীবনের জলসাঘরের তৃতীয় অনুষ্ঠান হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান নিয়ে।

এই অনুষ্ঠানের আয়োজক উদীচী ইউএসএ ও উদীচী স্কুল অব পারফর্মিং আর্টস। সহযোগিতায় ছিল বাংলাদেশ আর্টিস্ট ফোরাম এবং কৃষ্টি ইনক, নিউইয়র্ক। অনুষ্ঠানের লাইট ডিজাইনে ছিলেন বাবর খাদেমি, ব্যাক প্রজেকশনে ছিলেন মাসউদ সুমন।

জীবনের জলসাঘরে—২ উপলক্ষে একটি সুন্দর স্মরণিকা প্রকাশিত হয়।

Related Posts