আরগোনমিক চেয়ারে কি ঘাড়ের ব্যথা কমে?

ডা. সজল আশফাক: ঘাড় বা কাঁধে ব্যথা হলে অনেকের প্রথম পরামর্শÑ চেয়ার বদলান, স্ট্যান্ডিং ডেস্ক কিনুন, কিংবা বিশেষ মাউস ব্যবহার করুন। কাজের জায়গা আরামদায়ক করা যুক্তিসংগত। যা আরগোনমিক ব্যবস্থা নামে পরিচিত। কিন্তু এসব পরিবর্তন অর্থাৎ আরগোনমিক ব্যবস্থা  কি আগে থেকেই থাকা ব্যথার প্রমাণিত চিকিৎসা? আসুন দেখি গবেষণা কী বলছে।

গত ২৮ অক্টোবর প্রকাশিত এক গবেষণায় মোট ২,৪৭৮ জন কর্মীর তথ্য পর্যালোচনা উপস্থাপন করা হয়। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে কারও ঘাড়, কাঁধ বা হাতে সাধারণ কাজ—সম্পর্কিত ব্যথা ছিল; কারও নির্দিষ্ট সমস্যা, যেমন কারপাল টানেল সিনড্রম ছিল। একইসাথে এই গবেষণায় তাদেরকে যে পরিবর্তনের আওতায় অর্থাৎ আরগোনমিক ব্যবস্থার অধীনে আনা হয়েছিলো তার মধ্যে ছিলো কাজের জায়গার উচ্চতা ও বিন্যাস বদলানো, চেয়ার বা কম্পিউটার সরঞ্জাম বদলানো এবং কাজের ভঙ্গি সম্পর্কে শিক্ষা প্রদান।

গবেষণা বলছে, সাধারণ কাজ—সম্পর্কিত ব্যথার ক্ষেত্রে প্রচলিত ব্যবস্থা গ্রহণের পরিবর্তে আরগোনমিক ব্যবস্থা পদ্ধতি প্রথম তিন মাসে ব্যথা কমাতে সামান্য উন্নতি করতে পারে। তবে যাদের আগে থেকেই শারীরিক সমস্যা রয়েছে তাদের কাজ করার ক্ষমতা, সুস্থ হয়ে ওঠা ও অসুস্থতাজনিত ছুটির ক্ষেত্রেও বড় একটা সুবিধা হয়েছে এমন প্রমাণ পাওয়া যায়নি। তবে এর মানে এই নয় যে ‘আরগোনমিক ব্যবস্থা কখনো কাজে আসে না’।

যারা সুস্থ আছেন, এবং সুস্থ থাকতে চান তাদের জন্য শারীরিক ব্যথা থেকে রক্ষায় আরগোনমিক ব্যবস্থার কথা সবসময়ই বিবেচনায় রাখতে হবে। তবে সেক্ষেত্রে কোন্ ব্র্যান্ডের আসবাব এককভাবে কার্যকর তা বলা যাবে না। আসল কথা হচ্ছে, আরামদায়ক যথাযথ চেয়ার বা উপযুক্ত ডেস্ক ব্যবহার করা, যা ভবিষ্যতে ব্যথা প্রতিরোধ করতে পারে। তবে এটা একমাত্র উপায় নয়। জীবনযাপনে অভ্যস্ততা, শারীরিক গঠন, অসুস্থতা, কাজের ধরন ইত্যাদি অনেক কিছুই বিবেচনায় রাখতে হবে। চিকিৎসাযোগ্য শারীরিক সমস্যার জন্য সবার আগে চিকিৎসা নিতে হবে। শুধুমাত্র ‘দামি আরগোনমিক চেয়ার কিনলেই ব্যথা সেরে যাবে’Ñএই ধারণা সঠিক নয়। নিজের কাজের জায়গা আরামদায়ক করুন, প্রয়োজনমতো বিরতি নিন। ব্যথা চলতে থাকলে বা হাত দুর্বল ও অবশ লাগলে চিকিৎসকের  পরামর্শ নিন; শুধু নতুন সরঞ্জামের ওপর চিকিৎসার আশা রাখবেন না।

মূল উৎস: Cochrane systematic review, প্রকাশিত ২৮ অক্টোবর ২০২৬।

Related Posts