দেশের বাইরে রাজনৈতিক মতপার্থক্য || ইমিগ্রান্টরা যেন ক্ষতিগ্রস্ত না হন

কাজী নিশাত তাবাসসুমঃ বাংলাদেশের রাজনৈতিক বিরোধ এখন আর দেশের সীমানায় আটকে নেই। লন্ডনের রাস্তা থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কÑবিদেশের বিভিন্ন শহরেও রাজনৈতিক প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশীরা। কখনো রাজনৈতিক নেতার সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে, কখনো বিমানবন্দরে, আবার কখনো দলীয় সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচিতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এসব ঘটনা শুধু কয়েকজন নেতা—কর্মীর মধ্যে সংঘর্ষের বিষয় নয়, এর প্রভাব পড়তে পারে লাখো বাংলাদেশী ইমিগ্রান্টের সামাজিক মর্যাদা, নিরাপত্তা, কর্মসংস্থান ও ভবিষ্যৎ ইমিগ্রেশনজীবনে।

বিশেষ করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে যখন ইমিগ্রান্টবিরোধী রাজনীতি জোরালো হচ্ছে, তখন প্রবাসে বাংলাদেশীদের রাজনৈতিক সংঘর্ষ নতুন করে নেতিবাচক প্রচারের সুযোগ তৈরি করছে। তবে দেশের রাজনৈতিক বিভাজন যখন প্রবাসের মাটিতেও সহিংস রূপ নেয়, তখন তার দায় কি পুরো বাংলাদেশী সম্প্রদায়কে বহন করতে হবে? প্রবাসীর অর্জিত সামাজিক অবস্থান, নিরাপত্তা ও ভবিষ্যৎ কি পড়বে নতুন ঝুঁকিতে?

লন্ডন ছাড়িয়ে নিউইয়র্কেও রাজনৈতিক উত্তেজনা

লন্ডনের ঘটনাটিই একক কোনো ঘটনা নয়। এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, যুক্তরাজ্যের ক্যামব্রিজ ও লন্ডনের বিভিন্ন এলাকায় একই ধরনের রাজনৈতিক উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে।

২০২৫ সালের ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর হামলার ঘটনা ঘটে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বিএনপির তৎকালীন মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যরা। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাঁদের ঘিরে ধরে স্লোগান ও গালিগালাজ দেয়া হয়। আখতার হোসেনকে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। পরে এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

একই বছরের ১২ সেপ্টেম্বর লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ—অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তৎকালীন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। অনুষ্ঠান শেষে বাংলাদেশ হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম ছোড়া হয়। কয়েকজন বিক্ষোভকারী সড়কে শুয়ে গাড়ির পথ আটকে দেওয়ারও চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর কয়েক সপ্তাহ আগেও নিউইয়র্কে সরকারি সফরে গিয়ে একই ধরনের বাধা ও হামলার মুখে পড়েছিলেন মাহফুজ আলম।

২০২৬ সালের ৭ সেপ্টেম্বর অভিনেত্রী আজমেরি হক বাঁধন ইতালির ভেনিস শহরে পরিবারের সাথে পার্কে ঘুরতে গিয়ে হামলার শিকার হন। বাঁধনের অভিযোগ, সেখানে কিছু ব্যক্তি তাকে ঘিরে ধরে এবং পানি, কোমল পানীয় ও ডিম নিক্ষেপ করে, তার হাত থেকে মোবাইল ফোন পড়ে যায় এবং কানের কাছে আঘাত করা হয়।

একই বছরের ১৫ জুন লন্ডনের হোয়াইট চ্যাপেলে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠান ঘিরে উত্তেজনা তৈরি হয়। সেখানে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ অন্তত তিনজনকে আটক করে। এরপর ১৬ নভেম্বর নাহিদ ইসলামের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে অংশ নেওয়া একটি অনুষ্ঠান ঘিরেও তাঁকে হয়রানির চেষ্টা হয়। একই দিন রমফোর্ডে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হন।

এদিকে ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান থেকে ধাক্কাধাক্কি শুরু হলে ৫০ জনের বেশি দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে। এসব ঘটনা দেখায়, বাংলাদেশের রাজনৈতিক বিরোধ প্রবাসে বিভিন্ন উপলক্ষে নতুন করে সংঘাতের রূপ নিচ্ছে। এর প্রভাব শুধু রাজনৈতিক কর্মীদের মধ্যে সীমাবদ্ধ থাকার আশঙ্কা নেই।

ভাবমূর্তি ও সামাজিক গ্রহণযোগ্যতায় আঘাত

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশী ইমিগ্রান্টদের কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা সামাজিক অবস্থান রয়েছে। ব্যবসা, রেস্তোরাঁ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিভিন্ন পেশায় তাঁদের অবদান রয়েছে। কিন্তু রাজনৈতিক সংঘর্ষের ভিডিও যখন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন ব্যক্তির রাজনৈতিক পরিচয়ের চেয়ে তাঁর জাতীয় পরিচয়ই বড় হয়ে উঠতে পারে।

লন্ডনের সংঘর্ষের পর ব্রিটিশ রাজনীতিকদের বক্তব্যে বিষয়টি স্পষ্ট হয়েছে। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজসহ ইমিগ্রেশনবিরোধী রাজনীতিকেরা ঘটনাটিকে যুক্তরাজ্যে ইমিগ্রেশন নিয়ে বিতর্কের উপকরণ হিসেবে ব্যবহার করেছেন। ফলে সংঘর্ষে অংশ না নেওয়া সাধারণ বাংলাদেশীদেরও প্রতিবেশী, সহকর্মী কিংবা স্থানীয় বাসিন্দাদের কাছে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।

দেশের রাজনৈতিক বিরোধ, মাশুল প্রবাসীদের

প্রবাসে যে কারো শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে সহিংসতা, হুমকি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা ঘটলে তার প্রভাব দলীয় গণ্ডি ছাড়িয়ে যায়। বিশেষ করে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় এমন ঘটনা বারবার ঘটলে স্থানীয় প্রশাসনের কাছে পুরো কমিউনিটির নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে।

সবচেয়ে বড় বিষয়, বিদেশে বাংলাদেশের পরিচয় বহন করেন প্রতিটি ইমিগ্রান্ট। কেউ রাজনৈতিক কর্মী, কেউ শিক্ষার্থী, কেউ শ্রমজীবী, আবার কেউ উদ্যোক্তা। তাঁদের সবার পরিচয় এক রাজনৈতিক দলের নয়। এ ধরনের ঘটনা বারবার ঘটলে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় রাজনৈতিক অনুষ্ঠান আয়োজন, সামাজিক যোগাযোগ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাড়তি সতর্কতা তৈরি হতে পারে। তাই খেয়াল রাখতে হবে এর কারণে যেন আপামর ইমিগ্রান্টদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়।

Related Posts