পূরবী রাগিণী মিলিয়ে গেল || দীপেন ভট্টাচার্য ক্যালিফোর্নিয়া
‘পূরবী’ একটি সান্ধ্য রাগিণী। রাগ আর রাগিণীর মধ্যে পার্থক্য বোঝার চেষ্টা করেছি আমি, কিন্তু মনে হয় সেটি এমন একটি প্রাচীন পদ্ধতি যে, সেই শ্রেণীকরণটি অনেকেই ভুলে গেছেন, তবু পূরবী রাগিণী কথাটা শুনলেই পূরবীদির কথা মনে হয়। শেষ জীবনে পূরবীদি থাকতেন ফ্লোরিডায়, আমি ক্যালিফোর্নিয়ায়; পূরবী’র তো পূর্ব দিকেই থাকার কথা। যাব যাব করে যাওয়া আর হয়ে উঠল না, অবশেষে সন্ধ্যাকালের শান্ত রসের রাগিণী পূরবীর মতো মনকে দিবাশেষের আলো—আঁধারির বিধুরতায় আচ্ছন্ন করে পূরবীদি চলে গেলেন। শেষ দেখা হলো না এই ক্ষোভ নিয়ে আমরা থাকি, বহু মানুষ আমাদের জীবন থেকে এইভাবে চলে গিয়েছেন, আর চলে যাবার পরে আক্ষেপ নিয়ে থাকি তাঁকে কেন আরো চেনার চেষ্টা করিনি।
পূরবীদি ও জ্যোতিদার সঙ্গে আমার সখ্য জীবনের একটা বড় অংশ পার হয়ে আসার পরে, কিন্তু সেই সম্পর্কটি ছিল খুবই অর্থময়। তাঁদের সঙ্গে আমার প্রথম দেখা হয় ঠিক চৌদ্দ বছর আগে, ২০১২ সনে। ঢাকায়। একুশে বই মেলা থেকে বেরিয়েছি, এই সময়ে অনুজ বন্ধু জীবন রায়ের সঙ্গে দেখা। তার সঙ্গে পূরবীদি ও জ্যোতিদা। সাহিত্যজগৎ সম্পর্কে আমার জ্ঞান যৎসামান্য (তখনও যেমন, এখনও তেমন), তবু সেই অন্ধকারে পূরবী বসু ও জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে লাইব্রেরি, চারুকলার সামনে দিয়ে হেঁটে যাওয়া আমার মস্তিষ্কে গেঁথে গিয়েছিল।
মার্কিন দেশে ফিরে আসার পরে ওনাদের সঙ্গে যোগাযোগ হল না আবার বহু বছর। মধ্যবয়স পার করে দিয়ে দু—একটি শখের লেখা লিখলাম। সেইসবের সূত্রেই কিনাথ ঠিক ভুলে গেছি (অথবা আবার জীবন রায়ের মাধ্যমেই)Ñ ২০১৬ থেকে পূরবীদির সঙ্গে ফোনে কথাবার্তা শুরু হল। ওনারা তখন ডেনভারে। ২০১৮—র গ্রীষ্মে লিসা আর আমি গাড়ি নিয়ে মার্কিন দেশের দক্ষিণ—পশ্চিমের আদিবাসীদের (যেমন পুয়েবলো ইন্ডিয়ানদের) প্রাচীন বাসস্থানগুলোর ধ্বংসাবশেষ দেখতে বের হয়েছিলাম। নিউ মেক্সিকো স্টেটের চাকো ক্যানিয়ন ছিল এমনি একটি জায়গা। সেখান থেকে কেমন করে জানি কলোরাডোর ডেনভারে গিয়ে উপস্থিত হলাম। পূরবীদি জ্যোতিদাকে না জানিয়েই হুট করে চলে গেলাম, এমনই তাঁদের আপন মনে হয়েছিল। কাকতালীয়ভাবে সেদিনই ফ্লোরিডা থেকে শাহাব আহমেদ এল তাঁদের সঙ্গে দেখা করতে। আমার মতো শাহাবও উচ্চ মাধ্যমিকের পরে সোভিয়েত ইউনিয়নে পড়াশোনা করতে যায়, তবে আমার কয়েক বছর পরে। সে এখন একজন সফল চিকিৎসক ও একই সাথে এক সফল সাহিত্যিকও বটে। পূরবীদি আমাদের হোটেলে যেতে দিলেন না, সেই সন্ধ্যায় আমাদের পাঁচজন মিলে এক ছোটখাটো সাহিত্য সমাবেশ বসল। সবাই তাদের রচনার কিছু অংশ পড়ল, কিন্তু সেই সন্ধ্যার সবচেয়ে উজ্জ্বল অংশটি ছিল লিসা যখন পূরবীদির ‘রাধা আজ রাঁধিবে না’ গল্পটির ইংরেজি অনুবাদটি পড়ল-But Radha is still in bed/Radha will not cook today.
রবীন্দ্রনাথ তাঁর ‘পূরবী’ কবিতায় লিখেছিলেন —
‘যারা আমার সাঁঝ—সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো
আপন হিয়ার পরশ দিয়ে; এই জীবনের সকল সাদা কালো
যাদের আলো—ছায়ার লীলা; সেই যে আমার আপন মানুষগুলি
নিজের প্রাণের স্রোতের ‘পরে আমার প্রাণের ঝর্ণা তুলি।’
সাঁঝ সকালে গানের দীপ জ্বালিয়ে পূরবী বসু রাধা হয়ে বলেছিলেনÑ তোমাদের দাবি মেটানোর দায়িত্ব আমার নয়। যুগ যুগ পুরনো এই দাবি অন্যায্য। বহু পরে আমি ওনার ২০০৯ সালে প্রকাশিত ‘নারী, সৃষ্টি ও বিজ্ঞান’ বইটির সাক্ষাৎ পাই। বইটিতে বাইশটি প্রবন্ধ আছে, যার প্রতিটির কেন্দ্রে রয়েছে নারী, নারীর শরীর, নারীর জীবন। বাইশটি আলাদা প্রশ্ন নিয়ে পূরবীদি আলোচনা করেছেন, এতগুলো প্রপঞ্চ খুঁজে বের করা সহজ কাজ নয়, আর তদুপরি প্রতিটি বিষয়কে মুন্সিয়ানার সাথে সাধারণের জন্য বোধগম্যভাবে উপস্থাপনা করা হয়েছে। ‘সুমাতা যদি হয় সুপিতা নয় কেন?’, ‘রজস্বলা নারী’, ‘গর্ভপাত, নারীর একক ব্যক্তিগত সিদ্ধান্ত’, ‘মানুষ বানাবার মেশিন: প্রযুক্তি ও জরায়ু নিয়ে ব্যবসা’, ‘সৃষ্টির রহস্য: নারী ও পুরুষ’, ‘একটি নারী রাষ্ট্রের সন্ধানে’Ñ এই শিরোনামগুলিই তো চমকে দেবার মতন। পূরবীদি আলোচনা করেছেনÑ মাসিককালীন পরিচ্ছন্নতার অভাবে গ্রামের মেয়েদের স্বাস্থ্য কীভাবে ঝুঁকির সম্মুখীন হচ্ছে, জন্মনিয়ন্ত্রণ—বড়ির আবিষ্কারের ইতিহাস ও তার হরমোন—বিজ্ঞান, গর্ভপাতের অধিকার, মাতৃমৃত্যু, অমর্ত্য সেনের ‘হারিয়ে যাওয়া মেয়েদের’ জনসংখ্যাতাত্ত্বিক হিসাব, টেস্টটিউব শিশু ও ভাড়া—করা গর্ভের নৈতিক আর আইনি জটিলতা, ঘরের ভেতরের নির্যাতন, নোবেল পুরস্কারে নারী বিজ্ঞানীদের অনুপস্থিতিÑ কয়েকটি উদাহরণ দিলাম। প্রতিটি প্রবন্ধে আমরা ফিরে আসছি সেই প্রশ্নেÑ বিজ্ঞানের সব আবিষ্কার নারীকে কতটা মুক্তি দিল, আর কোথায় তার দাম নারীকেই দিতে হলো।
পূরবী বসু ছিলেন প্রাণরসায়ন আর পুষ্টিবিজ্ঞানে প্রশিক্ষিত এক গবেষক, যিনি নিজে নারী হিসেবে গবেষণাগার আর সংসার দুটোই সামলেছেন, তাঁর পক্ষেই এভাবে লেখা সম্ভব ছিল। পূরবী বসু কথাসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, কিন্তু বাংলা ভাষায় বিজ্ঞান—লেখিকা হিসেবে তাঁর একটা প্রতিষ্ঠা পাওয়া উচিত ছিল। আমরা সেটা যথেষ্ট সামনে আনিনি।
অনেকেই পূরবীদির ‘রাধা আজ রাঁধিবে না’ গল্পটিকে নারীবাদী বলে আখ্যায়িত করেছেন, তাঁর লেখাকে তৃতীয় বিশ্বের লাঞ্ছিত নারী সম্প্রদায়ের বিদ্রোহ হিসেবে অনেকে দেখেছেন। এ কথা অনস্বীকার্য যে, পূরবীদি নারীদের নিয়ে কাজ করেছেন প্রচুরÑ যে প্রবন্ধ সংকলন নিয়ে ওপরে লিখলাম, এছাড়া খনা, রোকেয়া থেকে শুরু করে নারীবান্ধব পুরুষ পর্যন্তÑ কিন্তু প্রথম থেকেই ‘নারীবাদী’ দৃষ্টিকোণ বেছে নিলে আমার মনে হয় পূরবীদির অন্তর্নিহিত সাহিত্য রস থেকে আমরা বঞ্চিত হই। রাধার না রাঁধার গল্পে রাধা তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবার অনুরোধ ও দাবি প্রত্যাখ্যান করল ঠিকই, কিন্তু আমার কাছে সেই প্রত্যাখ্যান বড় ছিল না, বরং বড় ছিল রাধার সঙ্গে প্রকৃতির বন্ধনটি। বাড়ির সবাই যখন রাধার ওপর বিরক্ত তখন রাধাকে দেখে সূর্য, বাতাস, পুঁটি খোলসা কাজলি মাছ আর শস্যকাণ্ড আনন্দিত। এটি একটি নিতান্ত ব্যক্তিগত সম্পর্ক, সারা পৃথিবীর দায়—দায়িত্ব যেখানে নেই। প্রকৃতি এখানে যেন কৃষ্ণ। গল্পের শেষে রাধার কোলে তার সন্তান ফিরে আসে, সেই সন্তান রাধার স্তন থেকে ফল্গুধারায় প্রবাহিত দুধ পান করে। মুগ্ধতা ও শান্তি। আমার কাছে এটি হল ব্যক্তিমানুষের আনন্দ ও বিজয়ের কাহিনী। এই কাহিনী কিছুটা সর্বজনীন হতে পারে, কিন্তু সেই সর্বজনীনতাকে যখন আমরা শ্রেণীবদ্ধ করি তা একদিকে যেমন রচনার অনুভূতিকে অবমূল্যায়ন করে, অন্যদিকে লেখকের প্রতি অবিচার করে।
পূরবীদির একটি গল্প আছে যেখানে একটি তরুণ ছেলের হৃৎপিন্ড কাজ করছিল না। অবশেষে সে একটি তাজা হৃৎপিন্ড পেল, এক মায়ের ছেলে দুর্ঘটনায় মারা গিয়েছিলÑ তার হৃৎপিন্ড। আমাদের কাহিনীর নায়ক বাঁচল, কিন্তু মৃত ছেলের মা নায়ককে ছাড়ল না। সেই মা’র বয়স বেশি নয়। সে ওই তরুণকে তার বাড়িতে পার্টি হলে, অনুষ্ঠান হলে নেমন্তন্ন করে, তার মাধ্যমে মৃত সন্তানকে যেন পেতে চায়। আমাদের নায়ক এই বন্ধন থেকে মুক্তি চায়, আবার ধীরে ধীরে সেই নারীর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অবশেষে একদিন যখন নিজেকে আটকাতে না পেরে তরুণ সেই নারীকে চুম্বন করে তখন নারী চিৎকার করে ওঠে, ‘এ কী করলে?’ যে আন্দোলিত হৃৎপিন্ড মা’কে তার সন্তানের কথা মনে করিয়ে দিচ্ছিল, যে সান্ত্বনার বন্ধন সেই হৃৎপিন্ডের অধিকারী রচনা করেছিল তা মুহূর্তে ধ্বংস হয়ে গেল। এই গল্পটি এতটাই বলিষ্ঠ যে সেটির নাম ভুলে গেলেও তা আমার মনে প্রোথিত হয়ে আছে পাথরের লিপির মতো। হয়তো যেভাবে মনে রেখেছি তার মধ্যে খুঁত আছে, তবুও এর নির্যাসটুকু এরকমই।
এই গল্পটি সম্বন্ধে দুটি কথা বলব। যারা পূরবীদিকে শুধু নারীবাদী গোষ্ঠীতে আবদ্ধ করতে চান তাঁরা এটিকে কোথায় ফেলবেন? এটি একটি মানবিক গল্প যা দেশ কালের ঊর্ধ্বে। পূরবী বসুর গল্প অনুভূতির গল্পÑ তা অভিবাসী বঞ্চিত নারী নিয়েই হোক, কি তাঁর স্নেহের সারমেয় বুদবুদের হারিয়ে যাবার কথাই হোক। দ্বিতীয় কথাটি হলÑ গল্প সবসময় ভাষার ওপর দাঁড়িয়ে থাকে না। গল্পকার যদি পাঠককে নতুন ভাবনার সন্ধান না দেন তবে ভাষা যতই বলিষ্ঠ হোক না কেন তা হারিয়ে যেতে বাধ্য। এই যে ওপরে আপনাদের যে গল্পটি বললাম সেটি আমি বছর চার—পাঁচ আগে মাত্র একবার পড়েছিলাম এবং সেই পড়াটাই স্মৃতিতে অনির্বাণ হয়ে রয়েছে। হয়তো পূরবীদি ঠিক ‘এ কী করলে?’ কথাগুলো লেখেননি, হয়তো অন্য কিছু লিখেছিলেন, কিন্তু ভাবটি এটাই ছিল। একদিকে তরুণ প্রটাগনিস্টের সেই মা’র (নারীর) বন্ধন থেকে মুক্তির আকুতি, অন্যদিকে মা’র আশাভঙ্গের বেদনা আমাকে এতটাই আচ্ছন্ন করেছিল যে, আপনাদের এই গল্পটি বলার লোভ থেকে নিজেকে সামলাতে পারলাম না। এখানেই লেখকের সার্থকতা।
ডেনভার থেকে ফিরে আসার পরে জ্যোতিদা, পূরবীদি ও শাহাবের ফোন পেলাম। ওনারা প্রবাসী লেখকদের নিয়ে একটি সংগঠন গড়ার প্রস্তাব দিলেন, গঠিত হল উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। সেই পরিষদের সঙ্গে কাজের সূত্রে আমি বহু মানুষকে জেনেছিÑ সাহিত্যিক, প্রাবন্ধিক, সঙ্গীতশিল্পী, চিত্রনির্মাতা। নিজের লেখায় উপকৃত হয়েছি। আবার সংগঠনের ব্যাপারে পূরবীদির সাথে তর্কাতর্কিও করেছি। পূরবীদি ফোন করে বলতেন, ‘রাগ করেছ?’
পূরবীদির কাজ নিয়ে বহু কিছু লেখা দরকার, সেটা কিছুটা হয়েছে, সামনে আরো হবে। পূরবীদির ইচ্ছে অনাবাসী লেখকেরা তাঁদের লেখার জায়গাটা খুঁজে পাক। সেই ইচ্ছেটা যেন পূর্ণ হয়। তাঁর অবর্তমানে পরমপ্রিয় জ্যোতিদার এবং তাঁদের দুই সন্তানের সুস্বাস্থ্য কামনা করি।
পূরবীদির জন্মদিনের সাথে আমি আমার জন্মদিন ভাগ করে নিই। একই দিনে যাদের জন্ম তাদের হয়তো একটা নৈকট্য থাকে। তাই উনি যে নেই এই ভাবনাটা মনকে শান্তি দেয় না, ভাবি হয়তো তাঁর ফোন পাব, বলবেনÑ ‘আমার খবরাখবর করো না, আমাকে তো ভুলেই গেছ।’ বাংলাদেশ সবসময়ই একটা টালমাটাল সময়ের মধ্য দিয়ে যায়, কত কথাই না তাঁর সঙ্গে বলার ছিল। তাঁকে হয়তো জিজ্ঞেস করতাম, ‘বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কী, বাংলাদেশের নারীরা কোন পথে?’
