নিজের আলো বিলিয়ে দিয়ে গেছেন ড. পূরবী বসু || শামীম আল আমিন নিউইয়র্ক
তিনি থাকতেন আমেরিকায়। দীর্ঘ প্রবাস জীবন। অথচ বাংলা ভাষায় সাহিত্য চর্চা করে আলো ছড়িয়ে গেছেন। কেবল তাই নয়, জ্ঞান—প্রজ্ঞা—নিষ্ঠায় ছিলেন অনন্যা। পেশাগত জীবনের বিজ্ঞানকে পাশে রেখে তিনি ছিলেন অত্যন্ত নরম মনের আধুনিক মানুষ। তার নিজের আলো ছিল, যা তিনি বিলিয়ে দিয়ে গেছেন। অসংখ্য মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন ড. পূরবী বসু। কিন্তু তিনি রেখে গেছেন অসংখ্য মহামূল্যবান কাজ, যা তাকে বাঁচিয়ে রাখবে অনন্ত সময়।
কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী ড. পূরবী বসু ১৩ নভেম্বর শুক্রবার ফ্লোরিডায় নিজ বাসায় মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। শেষ মুহূর্তে পাশে ছিলেন তাঁর জীবনসঙ্গী, কথাসাহিত্যিক ড. জ্যোতিপ্রকাশ দত্ত। কতবার তাঁদের দুজনকে পাশাপাশি দেখেছি। একজনের চলে যাওয়ার খবরটা পড়তে গিয়ে বারবার সেই ভালোবাসাপূর্ণ দৃশ্যে চোখ আটকে যাচ্ছিল আমার। চোখ দুটো ঝাপসা হয়ে আসছিল।
পূরবী দিদি ছিলেন আমার মায়ের মতো। বহু বছর আমাকে সন্তানের মতো স্নেহ করেছেন। তাঁর সঙ্গে কথা বললে আমার মনটা শান্ত হতো। আমেরিকায় আসার পর শুরুর দিনগুলোয়, যখন নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খাচ্ছি, তখন নানাভাবে তিনি আমার পাশে থেকেছেন। কতবার যে কারণ ছাড়াই তাঁকে ফোন করেছি! তিনিও নিয়মিত ফোন করতেন। শেষদিকেৃ অসুস্থতার কারণে আগের মতো কথা হতো না। আজ মনে হচ্ছে, আর একবার যদি তাঁর গলাটা শুনতে পেতাম!
বাংলাদেশের অন্যতম প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশের প্রতিষ্ঠাতা মাজহারুল ইসলামের মাধ্যমে পূরবী দিদি আর জ্যোতিদার সঙ্গে আমার পরিচয়। তখন ঢাকায় একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ছিলাম। রিপোর্টিংয়ের পাশাপাশি খবর ও সমসাময়িক বিষয় নিয়ে টক শো ‘একাত্তর জার্নাল’ সঞ্চালনা করতাম। সবে ‘একাত্তর সকাল’—এ গুণী মানুষদের সঙ্গে একটু অন্য রকমের আলাপ শুরু করেছি। সেই অনুষ্ঠানের এক পর্বে এসেছিলেন তাঁরা দুজন। প্রথম আলাপেই মনে হয়েছিল, কী সহজ করে কাছে টেনে নেন তাঁরা, কী মর্যাদা দিয়ে কথা বলেন মানুষের সঙ্গে! ঢাকায় তাঁদের শান্তিনগরের বাসায় গিয়েছি, অমর একুশে বইমেলায় দেখা হয়েছে। সেই থেকে শুরু। আমি আমেরিকায় চলে আসার পর সম্পর্কটা আরও গভীর হলো।
কলোরাডোর ডেনভারে থাকতেন, পরে চলে যান ফ্লোরিডায়। চিকিৎসার জন্য দিদি প্রায়ই নিউইয়র্কে আসতেন, এখানে তাদের একটি বাড়ি ছিল। তাঁরা এলে দেখা হতো প্রায় প্রত্যেকবার। আমাদের বাসায়ও এসেছেন দুজন। নিউইয়র্কের টিবিএন২৪ টেলিভিশনে তাঁদের সাক্ষাৎকার নিয়েছি। তবে আজ সবচেয়ে বেশি মনে পড়ছে আপস্টেট নিউইয়র্কে তাঁদের বাসায় কাটানো এক বর্ষণমুখর দিনের কথা। তাদের ছেলেমেয়েরা তখন আর তাঁদের সঙ্গে তেমনভাবে থাকতেন না। দিদি আর দাদা একে অপরকে ঘিরেই থাকতেন। সেদিন কত আনন্দ করেছিলাম! দাদা নিজেই গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেলেন কাছের একটা ভারতীয় রেস্তোরাঁয়। বাইরে বৃষ্টি, আমরা একসঙ্গে খেতে যাচ্ছি। ওই দিনটির কথা মনে পড়লে আজও মনে হয়, জীবন কত আনন্দময়!
জ্যোতিদা একুশে পদক পাওয়ার পর নিউইয়র্কে তাঁর সংবর্ধনায় আমিও বক্তা ছিলাম। সেদিন দিদির কী আনন্দ! নিউইয়র্কেই হুমায়ূন আহমেদ সাহিত্য সম্মেলনসহ কত অনুষ্ঠানে তাঁদের সঙ্গে থেকেছি। আরও অনেককে নিয়ে তাঁরা শুরু করেছিলেন উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ। দিদি সুস্থ থাকতে আমেরিকা ও কানাডায় সেই আয়োজন হয়েছে। পূরবী দিদি চাইতেন, উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান আমি সঞ্চালনা করি, আমার কথা বলা তিনি খুব পছন্দ করতেন। কয়েকবার যোগ দিতে পেরেছি, কয়েকবার কথা দিয়েও যেতে পারিনি। আজ সেই যেতে না—পারা দিনগুলোর কথাও খুব মনে পড়ছে।
‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে আমার প্রামাণ্যচিত্র ‘সংস ফর এ কান্ট্রি’র জন্য জ্যোতিদার সাক্ষাৎকার নিয়েছিলাম। সেদিনও পাশে বসে নানা তথ্য দিয়ে সাহায্য করেছিলেন দিদি। আর অনিন্দ্য প্রকাশ থেকে আমার গল্পসংকলন ‘তোমার অসীমে’ বেরোনোর আগে কী ভয়ে ভয়ে যে পাণ্ডুলিপিটা তাঁর কাছে পাঠিয়েছিলাম! দিদি আর দাদা দুজনেই পড়ে প্রশংসা করেছিলেন। নিউইয়র্কে বইটির প্রকাশনা অনুষ্ঠানে দিদির প্রধান অতিথি থাকার কথা ছিল। শরীর খারাপ থাকায় আসতে পারেননি। তবু কত যত্ন করে একটা ভিডিওবার্তা পাঠিয়েছিলেন! আমার লেখালেখির আনন্দযজ্ঞেও ভালোবাসা ছড়িয়ে গেছেন তিনি।
১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে জন্ম পূরবী বসুর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক করে আমেরিকায় আসেন। মেডিকেল কলেজ অব পেনসিলভেনিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি করেন। গবেষক হিসেবে কাজ করেছেন নিউইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে। দেশে ফিরে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেছেন। ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যে ছিল তাঁর গভীর নিষ্ঠা। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তাঁর প্রকাশিত বই চল্লিশটির বেশি। তাঁর লেখায় এসেছে নারীর জীবন ও অধিকার, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তে থাকা মানুষের জীবনসংগ্রাম। ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’ তাঁর উল্লেখযোগ্য বই। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন। নিজের কাজে এত উজ্জ্বল একজন মানুষ, অথচ কী বিনয় আর মমতা ছিল তাঁর ব্যবহারে। জ্যোতিদার মধ্যেও সেই একই গুণ দেখেছি।
পারকিনসন্স রোগের পাশাপাশি স্ট্রোক ও সড়ক দুর্ঘটনাজনিত নানা শারীরিক জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন দিদি। তাঁর নিজের ইচ্ছা অনুযায়ী চিকিৎসাবিজ্ঞানের গবেষণার জন্য ইউনিভার্সিটি অব মায়ামিতে তাঁর মরদেহ দান করা হয়েছে। জ্যোতিদা, তাঁদের এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য পাঠক ও গুণগ্রাহী আজ এই শোকের ভার বহন করছেন।
১৯৬৭ সালে পূরবী দিদি আর জ্যোতিদা বিয়ে করেছিলেন। সেই থেকে সাহিত্য আর জীবনের কতটা পথ একসঙ্গে হেঁটেছেন তাঁরা! আমি যতবার তাঁদের কাছে গিয়েছি, দেখেছি, দুজন কীভাবে একে অন্যের খেয়াল রাখেন, যত্ন করেন, ভালোবাসেন। দিদির চলে যাওয়ার পর দাদার দিনগুলো কেমন কাটবে, ভাবতেই বুকটা ভারী হয়ে আসছে।
পূরবী দিদি, আপনি যে আমার কত আপন, তা কি আপনাকে যথেষ্ট বলেছি? আজ সেই বর্ষার দিনের কথা মনে পড়ছে, আপনার পাঠানো ভিডিওবার্তার কথা মনে পড়ছে, মনে পড়ছে আমাদের কারণ—অকারণের ফোনালাপ। এক জীবনে এত মমতা খুব কম মানুষের কাছ থেকে পেয়েছি আমি।
যেখানেই থাকুন, আকাশের তারা হয়ে থাকুন, দিদি। আপনি আমার সমস্ত জীবনজুড়ে থাকবেন, ভালোবাসায়। আমার কাছ থেকে আপনার কোনো বিদায় নেই।
