প্রাণের মানুষ পূরবী’দি || নাহার মনিকা মন্ট্রিয়েল

পূরবী বসু আর সবার থেকে উজ্জ্বল সেই ছোটবেলা থেকেই। তা নইলে মানবিক শাখায় ম্যাট্রিক পাশ করে ইন্টারমিডিয়েটে বিজ্ঞান নিয়ে পড়ার সাহস কি সবার হয়? 

মুন্সিগঞ্জের মেধাবী মেয়েটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে জ্যোতিপ্রকাশ দত্ত’র সঙ্গে প্রেম ও পরিণয়, সংসার সন্তান নিয়ে শত ব্যস্ততায়ও যে থেমে যাননি, তা ঐ সাহস ও সৃজনীশক্তির জন্যই। একাডেমিক পড়াশোনা, দায়িত্বপূর্ণ পেশা তাঁর সৃজনশীলতার অন্তরায় হয়নি। অফিসের কাজ, বৈজ্ঞানিক গবেষণার মত পদ্ধতিনিষ্ঠ কাজ করেও নেশাগ্রস্থের মত সাহিত্য রচনা করেছেন। 

পূরবী বসু’কে সামনাসামনি দেখেছি ২০০৯ সালের জুন মাসে। শিল্পী রাকীব হাসানের স্টুডিও ‘উঠান’ এর উদ্বোধন উপলক্ষে লেখক দম্পতি পূরবী বসু এবং জ্যোতিপ্রকাশ দত্ত মন্ট্রিয়ালে এসেছিলেন। পূরবী’দিকে মনে হলো চিরচেনা, আপন করে নিলেন সবাইকে। সেবার প্রকৃতির মাঝখানে একটি অপূর্ব বাড়িতে দু’দিনব্যাপি সাহিত্য ও সংগীতের আসর হয়েছিলো। পূরবী’দির উৎসাহে আবারও সে অনুষ্ঠানটি হলো সে বছরই সেপ্টেম্বর মাসে, এবার তিন দিনব্যাপি। ‘উঠান থেকে অরণ্য’ শিরোনামে  পূরবী’দি দীর্ঘ লেখা লিখলেন ‘কালি ও কলম’ পত্রিকায়। এরপর প্রতিবছর একবার করে ‘উঠান থেকে অরণ্যে’র আয়োজন নির্ধারিত হয়ে গেল, আর পূরবী’দি যেন এর প্রাণ, তাঁর উচ্ছ্বাস এবং প্রাণশক্তি ঘিরে রাখতো সবাইকে, অনায়াসে স্পর্শ করে ফেলতেন সামনে বসা মানুষটির হৃদয়তন্ত্রী। আমেরিকা থেকে কানাডায় আসতে দূরত্ব তাদের জন্য কোনো বিষয় ছিল না। পূরবী’দি—জ্যোতি’দার বাসস্থান পরিবর্তিত হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি থেকে ডেনভার, সেখান থেকে ফ্লোরিডা, কিন্তু তারা অনায়াসে যোগ দিয়েছেন ‘উঠান থেকে অরণ্যে’ আড্ডায়। 

পূরবী’দি বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। ফোনে কথা বলে তাকে বিরক্ত করতে চাইতাম না, কিন্তু তাঁর মায়া্মাখা আন্তরিক কণ্ঠ মাথার ভেতর কথা বলে উঠতো। উঠানের আড্ডায় তাঁর দেদীপ্যমান উপস্থিতি মনে পড়তো। তবু জানতাম যে পূরবী’দি আছেন, নিজের লাগানো লাল কৃষ্ণচূড়ার সঙ্গে মানানসই হয়ে আছেন, পারকিনসন্সে আক্রান্ত কাঁপা হাতে টেবিল থেকে তুলে নিচ্ছেন বই, শরীরের ক্ষয়ে যাওয়া সয়েও লিখতে চেষ্টা করছেন নতুন কোনো গল্প। এসব ভেবে এক ধরনের স্বস্তি হতো। 

এ স্বস্তি বেশীদিন রইলো না। পূরবী বসু চিরকালের মত সবাইকে ছেড়ে চলে গেছেন, বেদনায় আচ্ছন্ন মনকে প্রবোধ দিতে আমার সংগ্রহে স্বাক্ষর করা বই, তাঁর দেয়া উপহারগুলি আবার ফিরে দেখছি, এসবে পূরবী’দির স্পর্শ লেগে আছে। ইমেইলে নতুন লেখা পাঠাতেন, পাঠ প্রতিক্রিয়া চাইতেন, সেসব আলাপ জুড়ে থাকতো তাঁর নিজের লেখা নিয়ে সহজ দ্বিধা, আর আমার লেখার অকুন্ঠ প্রশংসা! বাংলা সাহিত্যে আগ্রহী সবাইকে আঁকড়ে থাকার আকুলতা ছিল তাঁর। গত আঠারো বছরে আমাদের নৈকট্য ও হৃদ্যতার শতভাগ কৃতিত্ব আমি পূরবী’দিকেই দেবো।   

পূরবী’দির সঙ্গে শেষবার দেখা হলো ফ্লোরিডায় তাদের বাড়িতে। লেখক শাহাব আহমেদ এবং তাঁর স্ত্রী শ্বেতা, তাদের দু’জন বন্ধু, রাকীব হাসান এবং আমি। পূরবী’দি শীর্ণ হয়েছেন, শরীর  খানিকটা নুয়ে গেছে। কিন্তু তাঁর উচ্ছ্বাসে মোটেও কমতি নেই। এতজন মানুষের জন্য দুপুরের খাবার রেঁধেছেন। ঘুরে ঘুরে নিজহাতে লাগানো কৃষ্ণচূড়া গাছ দেখালেন। আড্ডা এবং ছবি তোলার মধ্যেও দেশ নিয়ে অবধারিত উৎকন্ঠা উঠে এলো আলাপে। কারণ দেশের বাইরে থাকলেও পূরবী বসু তো দেশ আর দেশের মানুষকেই লিখেছেন সারা জীবন। লেখায় এবং কাজে তাঁর স্বপ্নের বাংলাদেশ খুঁজেছেন, যে বাংলাদেশে নারীরা প্রাপ্য মর্যাদা পায়, যেখানে সাম্প্রদায়িকতার বিষবাষ্প নেই, যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের। এই স্বপ্ন অধরা রেখে চলে গেলেন অনন্তের ডাকে। 

পূরবী বসু তাঁর দেহদান করেছেন মানব কল্যাণে, তাঁর শরীর মিলিয়ে গেছে দিগন্তরেখায়, কিন্তু তাঁর  লাগানো কৃষ্ণচুড়া গাছটি আছে, আর আছে বিপুল সাহিত্যকর্ম যা তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখবে।

Related Posts