সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ! || ২১ জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগ

ডয়চে ভেলে প্রতিবেদনঃ গোপালগঞ্জসহ ২১ জেলায় সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে, তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ডয়চে ভেলেকে বলেছেন, ‘আমরা রক্তের হোলি খেলি না, সহিষ্ণুতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।’ গত কয়েক দিন ধরে গোপালগঞ্জসহ বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো তৎপরতা নেই বলে অভিযোগ উঠেছে। সেখানে একাধিক থানায় আগুন দেওয়া হয়েছে, যা জনমনে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, এসব ঘটনায় সরকার কি শিথিলতা দেখাচ্ছে, নাকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে? এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ ডয়চে ভেলেকে বলেন, ‘আমরা নির্লিপ্ত—এ কথা ঠিক না। আমরা ঠিকই পদক্ষেপ নিচ্ছি, কিন্তু আমরা তো আওয়ামী লীগ সরকার না। আমরা আওয়ামী লীগের মতো রক্তের হোলি খেলি না। জনগণের জানমালের নিরাপত্তা এবং আন্দোলনকারীদের বিষয়টি মাথায় রেখে আমরা সহিষ্ণুতার সাথে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। সাঈদী সাহেবের রায়ের পর আওয়ামী লীগ নির্বিচারে কত মানুষ মেরেছে? এটি একটি সন্ত্রাসী সংগঠন এবং পুরো বাংলাদেশ দেখছে তারা কী করছে। আমরাও দেখছি এবং সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ।’

আগুন ও বিস্ফোরণে বাড়ছে উদ্বেগ

রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, বাস—ট্রেনে অগ্নিসংযোগ, পুলিশের গাড়িতে হামলা, সড়ক অবরোধ আর ফাঁকা গুলি—রাজধানী থেকে জেলা শহর পর্যন্ত ধারাবাহিক নাশকতায় জনমনে উদ্বেগ বাড়ছে। মঙ্গলবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ২১টি জেলায় এ ধরনের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজনের প্রাণহানি হয়েছে।

গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল করছিল বিএনপি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। তারা হলেন কালিয়া উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম এবং জাসাসের উপজেলা সাধারণ সম্পাদক সোহেল রানা। এছাড়া পিরোজপুর ও ফরিদপুরে বাসে দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে পিরোজপুরের নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন বলে জানা গেছে।

চলমান হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়।’

গোটা জাতির অস্তিত্বের লড়াই: এস এম কামাল হোসেন

সরকারের কঠোর পদক্ষেপের ঝুঁকি থাকা সত্ত্বেও গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে আওয়ামী লীগ এক ধরনের ‘অল—আউট’ কর্মসূচি পালন করছে। এর নেপথ্যে শক্তির উৎস কী? জানতে চাইলে কার্যক্রম নিষিদ্ধ দলটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বিদেশ থেকে টেলিফোনে ডয়চে ভেলেকে বলেন, ‘আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। বঙ্গবন্ধু তনয়াও মনে করেন, জনগণই তার শক্তি। জনগণের ওপর ভর করেই তিনি দেশে ফিরতে চান৷ আমাদের তৃণমূলের কর্মী এবং যারা একাত্তরকে ধারণ করেন, তারা বঙ্গবন্ধু তনয়ার দেশে ফেরার পথ মসৃণ করতে ঐক্যবদ্ধ হয়েছেন। গোপালগঞ্জের চিত্র হয়তো আলাদা, সেখানে সবাই মাঠে নেমেছেন। তবে সারা বাংলাদেশে এমন কোনো উপজেলা নেই, যেখানে নির্যাতনের মধ্যেও অন্তত ১০০ কর্মী রাস্তায় নামেননি। টুঙ্গিপাড়া থেকে পদ্মা সেতু পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নারী—পুরুষ রাস্তায় নেমেছেন। এটি শুধু আমাদের নয়, গোটা জাতির অস্তিত্বের লড়াই।’

‘সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’

এই আন্দোলনের পেছনে কোনো বিদেশি শক্তির মদদ আছে কি নাÑএমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, ‘আমরা জনগণের ওপর ভর করে প্রতিটি আন্দোলন করছি। অন্য কোনো দেশ নয়, জনগণই আমাদের শক্তি।’

পুলিশ কি দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে?

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি কামারুম মুনিরা ডয়চে ভেলেকে বলেন, ‘৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশি কার্যক্রমে বিঘ্ন ঘটায় আইনশৃঙ্খলা রক্ষায় একটি বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংকট তৈরি হয়েছিল। সেখান থেকে পুলিশকে পুনর্গঠন করে স্বাভাবিক কার্যক্রমে ফিরিয়ে আনতে হয়েছে। সেই সংকটের প্রভাব ও চ্যালেঞ্জ আমরা এখনো মোকাবিলা করছি। সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ড পরিস্থিতিকে কিছুটা জটিল করে তুললেও আমরা তা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছি। গোয়েন্দা নজরদারি, টহল বৃদ্ধি এবং অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ অব্যাহত আছে।’

Related Posts