‘১৪—১৫ বছর বয়সেই বিশ্বকে শাসন করছে সূর্যবংশী’
স্পোর্টস প্রতিবেদনঃ এবার ভারতের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করলেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার হরভজন সিং। এতো অল্প বয়সে বৈভব যেভাবে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাচ্ছেন তা তিনি আগে কখনোই দেখেননি। এনডিটিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে হরভজন সিং বলেন, ‘১৪—১৫ বছর বয়সেই বিশ্বকে শাসন করছে, এমন প্রতিভাবান ক্রিকেটার আগে কখনও দেখিনি।’ গত এক বছরে ব্যাট হাতে রীতিমতো ক্রিকেটবিশ্বকে চমকে দিয়েছেন বৈভব সূর্যবংশী। আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর জিম্বাবুয়েতে ভারতীয় জাতীয় দলের হয়েও অর্ধশতরান করেন। আইপিএলে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড থেকে জাসপ্রীত বুমরাহ, বিশ্বের সেরা সেরা বোলারদের বিপক্ষে ভয়ডরহীনভাবে ক্রিকেট খেলেছেন বৈভব।
এমন ব্যাটারদের বিরুদ্ধে কীভাবে বোলিং করবেন? ঠিক এমন প্রশ্নই ছুড়ে দেওয়া হয়েছিল সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংকে। তার সাফ কথা, বৈভবকে আটকানোর একমাত্র পথ আক্রমণ। আক্রমণাত্মক বোলিং না করলে তরুণ এই ব্যাটারকে থামানো সম্ভব নয় বলেই মনে করেন ভাজ্জি।
হরভজন বলেন, ‘ও কী করছে, সেটা দেখে আমি ফিল্ডিং সাজাব না। বরং ম্যাচটা আমি যেভাবে পরিকল্পনা করেছি ঠিক সেভাবেই ফিল্ডিং সাজাব। নিজেকে বাঁচানোর জন্য বোলিং করলে সেটা কাজ করবে না। ওকে আটকানোর একমাত্র পথ আক্রমণ করা। সবসময় সেটা সফল নাও হতে পারে। ও হয়তো কয়েকটা বলে ছক্কা মেরে দেবে। কিন্তু পরের বলটাও একই পরিকল্পনা অনুযায়ী করতে হবে।’ এই তরুণ প্রতিভাবান ব্যাটারের প্রশংসায় পঞ্চমুখ হরভজন। তিনি মনে করেন, এত কম বয়সে বিশ্বের সেরা বোলারদের দুশ্চিন্তায় ফেলে দেওয়া সত্যিই বিরল ঘটনা। ভাজ্জি বলেন, ‘সূর্যবংশী অসাধারণ খেলোয়াড়। এমন ক্রিকেটার আমি আগে কখনও দেখিনি। ১৪—১৫ বছর বয়সেই ও বিশ্বকে শাসন করছে। বিশ্বের সেরা বোলাররা এখন কোথায় ওকে বল করবে, সেটাই ভাবছে। এটা বিরাট একটা বিষয়।’
হরভজনের মতে, বৈভব ভবিষ্যতে দেশের বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা হবেন। শুধু হরভজন নন, ভারতীয় ক্রিকেটের এই বিস্ময় বালকের প্রতিভায় মুগ্ধ অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ওপেনার ম্যাথু হেইডেনও। তার ভাষ্যমতে, ‘সূর্যবংশীকে শুধুমাত্র টি—টোয়েন্টি ক্রিকেটার হিসেবে দেখা ঠিক হবে না। লম্বা ফরম্যাটেও সফল হওয়ার মতো সব উপাদান তার মধ্যে রয়েছে।’
হেইডেন আরও বলেন, ‘অনেকে মনে করেন, ও হয়ত শুধু ছোট ফরম্যাটের ক্রিকেটার। তবে আমি ব্যক্তিগতভাবে সেটা মনে করি না। বরং আমার বিশ্বাস, লম্বা ফরম্যাটেও সফল হওয়ার ক্ষমতা বৈভবের রয়েছে। ফিটনেস অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু তার থেকেও বেশি প্রয়োজন মানসিক শক্তি।’
হেইডেন মনে করেন, বিশ্বমানের ক্রিকেটার হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় একাধিক গুণ ইতিমধ্যেই তরুণ প্রতিভাবান এই বালকের মধ্যে দেখা যাচ্ছে।
