ধাক্কা খেলেন মেয়র || নিউইয়র্ক সিটির দ্বিতীয় বাড়ির অতিরিক্ত সারচার্জ স্থগিত
বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির ১৭,০০০ বাড়ির মালিকের কাছে মেয়র জোহরান মামদানির ডিপার্টমেন্ট অব ফিনান্স প্রোপার্টি ট্যাক্স আরোপের কথা জানিয়ে চিঠি দিলে প্রতিবাদের ঝড় ওঠে। চিঠিতে বলা হয় যেসব বাড়ির মালিক তার প্রাইমারি বাড়িতে বাস করেন না, তাদের উক্ত বাড়িতে অতিরিক্ত সারচার্জ আরোপ করা হবে। এর মধ্যে ৪,২৯০ জন বাড়ির মালিক এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এর মধ্যে প্রায় ২,০০০ বাড়ির মালিককে ইতিমধ্যেই জানিয়ে দেয়া হয়েছে, তাদের অতিরিক্ত সারচার্জ দিতে হবে না। কারণ এটা সিটির সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের ভুল।
দ্য সিটি রিপোর্টারএ প্রকাশিত খবরে বলা হয়, মামলার আর্জিতে দাবি করা হয়, যাদের ঠিকানায় উক্ত সারচার্জ আরোপের চিঠি মেইল করা হয়েছে, তাদের প্রোপার্টি সম্পর্কিত যাবতীয় তথ্য সঠিকভাবে পরীক্ষা করা হয়নি। স্ট্যাটেন আইল্যান্ডের সুপ্রিম কোর্টের স্টেট এ্যাপিলেট ডিভিশন উক্ত সারচার্জ আরোপের বিরুদ্ধে স্থগিতাদেশ দেন।
উল্লেখ্য গত মে মাসে স্টেটে পাশ হওয়া আইনে বলা হয় নিউইয়র্ক সিটিতে যেসব ২ বা ৩ ফ্যামিলি হাউজের মূল্যমান ৫ মিলিয়ন ডলারের বেশি এবং কন্ডো ও কোঅপের দাম ১ মিলিয়নের উর্ধে এই ধরনের বাড়িতে যদি মালিক বাস না করেন অর্থাৎ তারা তাদের প্রাইমারি বাড়ি হিসাবে ব্যবহার না করেন তাহলে সেসব বাড়িতে, কন্ডোতে বা কোঅপে অতিরিক্ত সারচার্জ আরোপ করা হবে। আর এই খাত থেকে নিউইয়র্ক সিটি ৫০০ মিলিয়ন ডলার আয় করবে।
