সংস্কারে কুলাবে না, চাই আমূল পরিবর্তন || সিরাজুল ইসলাম চৌধুরী

সুজলা—সুফলা, শস্য—শ্যামলা আমাদের এই বাংলাদেশে আরও অনেক কিছুর মতোই ক্ষমতার দুর্ভিক্ষটাও সুপ্রাচীন। ক্ষমতা পেলে যার যেটুকু সুযোগ আছে সেটাকে যথেচ্ছ ব্যবহার করে। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী থেকে শুরু করে নিতান্ত সামান্য মানুষটিও সুযোগ পেলেই বা সুযোগ তৈরি করতে পারলেই নিজের ক্ষমতা প্রদর্শনের ব্যাপারে কোনো কার্পণ্য করে না। যেমন বেশ কিছুদিন আগে সিলেটের এই ঘটনা। বানানো নয়, বাস্তবিক এবং সংবাদপত্রে প্রকাশিত।

বাবুল মিয়ার জীবিকা নির্বাহ চলে একটি নয়, দুটি কাজ করে। একটি রংমিস্ত্রির অপরটি কসাইয়ের। রংমিস্ত্রির কাজ করতে গিয়ে তার যাতায়াত ঘটে প্রবীণ ব্যবসায়ী আবদুস সাত্তারের বাড়িতে। ওই বাড়িতে কিশোরী গৃহকর্মী তাহমিনা থাকত। চল্লিশ বছর বয়সি বাবুল মিয়া এই কিশোরীর প্রেমে পড়ে যায়। কিন্তু কিশোরী তাহমিনা (১৬) তাতে সাড়া দেয়নি। একপর্যায়ে তাহমিনা বাবুল মিয়াকে ‘বদ’ বলে গালি দেয়। বদ অর্থ বদমাশ থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাবুল মিয়ার আত্মসম্মানে কিশোরীর ওই বচন আঘাত করে। বাবুল মিয়া ক্ষমতাবান, মাংস কাটায় সে অভ্যস্ত; অপমানিত বোধ করে সে তার ক্ষমতা প্রয়োগ করতে অস্থির হয়ে ওঠে, এবং এক সকালে সাত্তার সাহেবের বাড়িতে গিয়ে তাহমিনাকে মাংস—কাটার ছুরি দিয়ে আঘাত করে; সাত্তার সাহেবের স্ত্রী সুরাইয়া বেগম ছুটে আসেন কিশোরী তাহমিনাকে বাঁচাতে; বাবুল মিয়া ওই বয়স্ক মহিলার ক্ষমতাবান গলাতেও কোপ বসায়। হট্টগোল শুনে সাত্তার সাহেব, বয়স তাঁর আশির কাছাকাছি, দৌড়ে এসে বাবুল মিয়াকে নিবৃত্ত করতে সচেষ্ট হন, ক্ষমতাধর বাবুল মিয়া তাঁকেও বাদ দেয়নি, আঘাত করেছে। দক্ষ কসাইয়ের অস্ত্র চালনায় তিনজনেই ঘটনাস্থলে প্রাণ হারান। বাবুল মিয়া পালায়, তবে যা অনিবার্য ছিল তা—ই ঘটে, কয়েক ঘণ্টার মধ্যেই সে ধরা পড়ে। ধরা যে পড়বে বাবুল মিয়া নিশ্চয়ই সেটা জানত, কিন্তু তাতেও সে ভয় পায়নি, প্রাণের চাইতে মানসম্মানকে উচ্চজ্ঞান করে অসীম সাহসের পরিচয় দেয়। বিশ্বমাপে বাংলাদেশের মানসম্মান এখন যতই নীচুতে হোক না কেন, রাষ্ট্রের নাগরিকদের ভিতর ব্যক্তিগত মানসম্মান বিষয়ে সজ্ঞানতা অত্যন্ত প্রখর বৈকি।

সাম্প্রতিককালের সংবাদপত্র পাঠে জানা যাচ্ছে। অপরাধ বেড়েছে, ধর্ষণ ও শিশু নির্যাতন কমেনি। পাঠক মাত্রেই সেসব খবরে পীড়িত হয়েছেন, বিদ্যমান হতাশা যে বৃদ্ধি পেয়েছে সে বিষয়েও আমরা সুনিশ্চিত। সব দিকে আলোকপাতের চেষ্টা না করে এবার আমরা শিক্ষা ক্ষেত্রে কী ঘটছে, কেন ঘটছে সেদিকে নজর দেব। 

শিক্ষার গুরুত্ব বিষয়ে নতুন করে বলার আবশ্যকতা নেই। বহুকাল ধরে আমরা এটা শুনে আসছি, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার চেয়ে সংস্কৃতিকে অধিক মূল্যবান বিবেচনা করা আবশ্যক বলে অনেকেই মনে করেন। আমরাও তাঁদের দলে। কেননা সমষ্টিগত সংস্কৃতির উন্নতিই হচ্ছে শেষ লক্ষ্য এবং শিক্ষাও সংস্কৃতিরই অপরিহার্য অংশ বটে। জাতিগত উন্নয়নের চূড়ান্ত পরিচয়টাও সংস্কৃতির মধ্য দিয়েই নিজেকে ব্যক্ত করে। ওদিকে আবার এটাও সত্য যে সাংস্কৃতিক প্রস্তুতি না থাকলে যথার্থ এবং টেকসই উন্নতি একেবারেই অসম্ভব।

বিগত অভ্যুত্থানের পরে অনেক জায়গায় শিক্ষকদের (প্রধান শিক্ষকরাও বাদ পড়েননি) লাঞ্ছিত করে ‘স্টুডেন্ট পাওয়ারের’ যে প্রমাণ প্রদান ঘটেছে, তা শিক্ষক হওয়ার প্রণোদনাকে মোটেই উৎসাহিত করবে না। পাশাপাশি স্বৈরশাসনে বিক্ষুব্ধ মানুষ প্রগতিশীলতার ধারকদের সামনে দেখতে না পেয়ে যেভাবে রক্ষণশীলতার দিকে এগোবার প্ররোচনা পেয়েছে তাতে সাংস্কৃতিক কাজকর্মকে বিরূপ দৃষ্টিতে দেখার হিড়িক পড়ে গেছে। দৃষ্টান্ত হিসেবে উল্লেখ্য আগস্ট মাসের ২০ তারিখে সংবাদপত্রে প্রকাশিত ব্রাহ্মণবাড়িয়ায় ঘটিত একটি ঘটনা।

ব্রাহ্মণবাড়িয়া শহরের মাদ্রাসাপড়ুয়া শিক্ষার্থীদের দাপটের জন্য ইতোমধ্যে সুখ্যাতি অর্জন করেছে। সেখানকার সংস্কৃতিচর্চার কেন্দ্রগুলো একাধিকবার আক্রান্ত হয়েছে; কিন্তু এবারকার আক্রমণ, ভাঙচুর এবং ৩০ জন আহত হওয়ার প্রলয়কাণ্ড আগের সুখ্যাতিকেও মলিন করে দিয়েছে। কারণ ঘটনাটি ঘটেছে অন্য কোথাও নয়, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালনে নিয়োজিত পুলিশ লাইনে। রাতের বেলায় মাদ্রাসার ছাত্ররা পুলিশ লাইনের ওপর হামলে পড়েছে। পুলিশের অপরাধ রাত ১১টার দিকে তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করছিলেন। বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছে ওই অজুহাত দাঁড় করিয়ে মাদ্রাসাপড়ুয়া একটি দল পুলিশ লাইনে হামলা চালায়। ভাঙচুর এবং প্রতিপক্ষকে আহত করার ভিতরই যে নিজেদের তারা আটকে রেখেছে, তা—ও নয়; দাবি তুলেছে পুলিশ লাইনে গানবাজনা চলবে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও ব্যায়াম শিক্ষক নিয়োগে আপত্তি জানিয়ে নিয়োগ বাতিল করতে সক্ষম হয়েছিল যারা, তারা যে কওমি মাদ্রাসা শিক্ষার সমর্থক এ নিয়ে সন্দেহের সুযোগ নেই। শিশুদের সুস্থ বিকাশে তাদের কোনো আগ্রহ নেই, তাদের উদ্দেশ্য শিশুরা গানবাজনা এমনকি শরীরচর্চাকেও অবহেলা করুক।

পরাধীনতার কালে—ব্রিটিশ ও পাকিস্তানি আমলে দেখা গেছে, বড় বড় শহরে সরকারি উদ্যোগে স্কুল ও কলেজ যেভাবে স্থাপিত হয়েছে, বেসরকারি উদ্যোগে তেমন ঘটেনি। মধ্যবিত্তরা অবশ্য কিছু মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করেছে। তাগিদটা অবশ্য ছিল নিজেদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করা। সঙ্গে থাকত শিক্ষার ব্যাপারে উদ্যোগী হিসেবে পরিবারের সুনাম বৃদ্ধিতে আগ্রহ। বাংলাদেশ আমলেও দেখেছি ওই দুই উদ্দেশে তারা মাধ্যমিক বিদ্যালয় না হলেও কলেজ স্থাপনে আগ্রহী। এর প্রধান কারণ কলেজ গড়ার কাজটা সহজ, দ্বিতীয় কারণ মধ্যবিত্ত শ্রেণিকে শক্তি বৃদ্ধিতে সহায়তা দান। বিত্তবান ব্যক্তিরা কওমি মাদ্রাসার সংখ্যা বৃদ্ধিতেও উৎসাহ প্রদর্শন করেছেন। কারণ ইহজাগতিক খ্যাতি বাড়ানো, এবং পরলোকের জন্য পুণ্য অর্জন। সমাজে খ্যাতি লাভ ঘটল, পরহেজগার বলে নাম ছড়িয়ে পড়ল, অথচ খরচ বেশি নয়, ঘটনা এমনটাই। পরহেজগাররাও এগিয়ে এসেছেন, নির্বাচনে দাঁড়াবার অভিপ্রায় যদি থাকে তবে সে ব্যাপারেও ভালো ফল পাওয়া যাবে এমন আশাও প্রেরণা জুগিয়েছে। এমতাবস্থায় প্রাইমারি স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়াটাকে তো মোটেই সুবুদ্ধির পরিচায়ক বলা যাবে না। তদুপরি অঘোষিত একটি বাসনাও থাকে। সেটা হলো শ্রেণিগত স্বার্থে গরিব মানুষকে যথার্থ শিক্ষা লাভ থেকে বঞ্চিত করার মাধ্যমে ক্ষমতার জন্য চ্যালেঞ্জ হওয়া থেকে তাদের বিরত রাখা।

এসব কারণে দেখা যাচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা তো বাড়ছেই না, উপরন্তু কওমি মাদ্রাসায় শিক্ষার্থীদের সংখ্যা উপচে পড়ছে। ফলাফল দাঁড়িয়েছে জামায়াতে ইসলামীর পাশাপাশি সমমনা নতুন রাজনৈতিক শক্তির ক্ষমতা বৃদ্ধি। এই দলটি হুমকি দিচ্ছে যে তারা মৌলবাদিতায় জামায়াতকে পর্যন্ত পরাস্ত করবে। কওমি মাদ্রাসা ধারণার উদ্ভব ব্রিটিশ—ভারতে। তখনকার কওমি শিক্ষার অভিমুখের একটি ছিল ব্রিটিশ—বিরোধিতা। সাম্প্রতিক তথ্যে প্রকাশ পাচ্ছে, বাংলাদেশে কওমি মাদ্রাসার সংখ্যা এখন ৩২ হাজার ৩০৩টি এবং শিক্ষার্থীর সংখ্যা আনুমানিক ৭০ লাখ। বলা বাহুল্য, ভবিষ্যতে এই সংখ্যা কমার কোনো কারণ নেই, বরং আরও যে বাড়বে—সেটাই নিশ্চিত।

মাদ্রাসা শিক্ষার আবাসিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের জন্য পূতপবিত্র বিবেচনার একটি প্রবণতা যে বিদ্যমান, তাতে সন্দেহ নেই। কিন্তু সেখানেও আত্মহত্যা, এমনকি হত্যাকাণ্ডও ঘটছে। আত্মহত্যার পেছনে কিশোরদের ওপর বয়স্কদের এমনকি শিক্ষকদেরও যৌন নিপীড়নের খবর মাঝেমধ্যে প্রকাশ পায়। যেমন এই খবরটি : ‘মাদ্রাসায় শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষক রিমান্ডে’।

প্রতিবেশীদের মধ্যে নানা বিষয় নিয়ে বিরোধ অস্বাভাবিক কোনো ব্যাপার নয়। খুনাখুনি পর্যন্ত ঘটে। রাষ্ট্রীয় ব্যাপারেও দেখা গেছে, পারস্পরিক সম্পর্কে প্রায়ই টানাপোড়েন প্রকাশ্য হয়ে পড়ে। বিশেষ করে প্রতিবেশী যদি আয়তনে ও জনসংখ্যায় অত্যন্ত বড় মাপের হয়; যেমনটা সত্য ভারতের ব্যাপারে। ওই রাষ্ট্রের শাসকশ্রেণিকে দেখা গেছে, কোনো প্রতিবেশীর সঙ্গেই সুসম্পর্ক রাখতে উৎসাহী নয়। তারা চায় আধিপত্য—বিশেষত বাণিজ্যিক এবং নদীর পানিপ্রবাহসহ সব অর্থনৈতিক ক্ষেত্রে। স্বাধীন—সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারত যে সহায়ক ভূমিকা পালন করেছে সেটা অবিস্মরণীয়। ১ কোটির মতো শরণার্থীকে আশ্রয় দান এবং মুক্তিযোদ্ধাদের ট্রেনিংয়ের ব্যাপারে সাহায্য প্রদানের কথা বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আধিপত্যকামী মনোভাব কার্যকর হয়ে উঠেছে। বর্তমানে তো বৈরিতাই সত্য হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় শাসনকর্তাদের কর্তৃত্বপরায়ণ স্বভাবটা এমনটাই দাঁড়িয়েছে যে শুধু বাংলাদেশ বলে নয়, আশপাশের কোনো প্রতিবেশীর সঙ্গেই ভারতের সদ্ভাব নেই। রাষ্ট্রীয় শাসন জনমতের গঠন ও ধরনকেও নিয়ন্ত্রণ করে থাকে। তা—না হলে একাত্তরে যে ভারতীয় জনগণের অধিকাংশ বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করত, ২০২৬ সালে এসে তা অতটা নিচে নেমে আসবে কেন? একটি জরিপ জানাচ্ছে ভারতীয় জনগণের শতকরা ২৬ জন মাত্র বাংলাদেশকে এখন ভালো চোখে দেখে, তদ্বিপরীতে সুদূর শ্রীলঙ্কার অধিবাসীদের শতকরা ৫৬ জন এবং বাংলাদেশের অভ্যুদয়ের নিষ্ঠুরতম বিরোধিতাকামী রাষ্ট্র পাকিস্তানের জনগণের শতকরা ৬৬ জন বাংলাদেশকে পছন্দ করে। পুঁজিবাদ—সাম্রাজ্যবাদ নিজেই এখন চরম অবস্থায় পৌঁছেছে। স্বাভাবিক অভ্যন্তরীণ দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়ে তার এখন দিশাহারা দশা। ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু তার কার্যকলাপ যে বিশ্বব্যাপী মানুষ, প্রকৃতি এবং সব প্রাণীকেই বিপন্ন করে তুলেছে সেটা আরও বেশি আতঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে। পরিত্রাণের উপায় কী সেটা ভাবতে হবে। সংস্কারে কুলাবে না, সংশোধন করে বাঁচা যাবে না। এক দেশে নয়, সমগ্র বিশ্বে। প্রত্যেকটি দেশকে লড়তে হবে, ব্যক্তিমালিকানার জায়গায় সামাজিক মালিকানা প্রতিষ্ঠার জন্য। কী চাই না বলাতে সীমিত না থেকে কী চাই এখন বলা প্রয়োজন কী চাই সেটা বলা।

Related Posts