.... ‘আখিরাত’ নাকি তাদের লক্ষ্য! আনিস আহমেদ

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের একটি বৈঠকে সভাপতির বক্তব্যে জামায়েতে ইসলামের আমীর ডা. শফিকুর রহমান বলেন  ‘দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আখিরাতই প্রধান লক্ষ্য। একজন মুমিন হিসেবে এ বিষয়টি সবসময় স্মরণ রেখে প্রাত্যহিক জীবন পরিচালনা করতে হবে। সংগঠনের সব কর্মকান্ডে এর প্রতিফলন ঘটাতে হবে’। ইসলামি দলের যিনি প্রধান তাঁর কাছ থেকে এত বড় অসত্য কথা শোনার জন্য জনগণ কি সত্যিই প্রস্তুত ছিল! জামায়েতে ইসলামি দলের প্রতিষ্ঠাতা মাওলানা আবুল আলা  মওদুদী, যিনি আহমেদিয়াদের বিরুদ্ধে দাঙ্গা উস্কে দেয়ার অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি হিসেবে খালাস পেয়েছিলেন, ইসলাম সম্পর্কে এমন অনেক মন্তব্য করেছেন যা ইসলামের মূল তত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক। প্রথম দিকে মওদুদী পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করলেও ১৯৪০ এর দশকে এসে নিজের ভোল পাল্টান এবং তখন থেকেই তিনি পাকিস্তানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টায় লিপ্ত নয়। তিনি ইসলামকে একটি জীবন ব্যবস্থার পরিবর্তে একটি রাজনৈতিক ব্যবস্থা হিসেবে প্রচার করতে শুরু করেন। ইসলামের মৌলিক নীতি ও ভিত্তি সমূহকে উপেক্ষা করে মওদুদী শাসন ব্যবস্থার ওপর বেশি জোর দেন। রাষ্ট্রের কর্তৃত্ব আকাঙ্খার ব্যাপারে তার মতামত: ‘কর্তৃত্বের আকাঙ্খা ছাড়া কোনো দর্শনে আস্থা জ্ঞাপন করার কোনো অর্থ নেই, এবং কোনটি আইন সম্মত বা কোনটি নিষিদ্ধ অথবা নির্দেশিত আইন, কোনোটিরই কোনো মানে নেই।’ তবে এই মাওলানা কী জানতেন না যে হযরত মুহাম্মদ (সাঃ) পরিষ্কারভাবে কর্তৃত্বের লালসাকে পুরোপুরি নিষেধ করে দিয়েছেন; নবীজির মতে কর্তৃত্ব ও শাসন করার লোভ মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয়। অথচ এই কর্তৃত্বের লালসাতেই জামায়েতে ইসলামি দল এবং তার অনুসারীদের রাষ্ট্র শাসন করার লোভ বরাবর অব্যাহত থেকেছে। তাই জামায়েতের বর্তমান আমীর যখন বলেন দুনিয়া নয়, আখিরাতই তাদের প্রধান লক্ষ্য তখন শফিকুর রহমানের এই বক্তব্য রীতিমতো হাস্যকর মনে হয়। চিকিৎসা বিজ্ঞান ছেড়ে তিনি যখন পুরোপুরি রাজনীতির জগতে পা রাখলেন তখনও নিশ্চয়ই আখিরাতের তাড়নায় তিনি সেটা করেননি, নাকি তিনি ভেবেছিলেন যে জামায়েতে ইসলামে সম্পৃক্ত হলে এবং বিশেষত দলটির নেতৃত্ব নিলে  নিশ্চিতভাবেই তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে?

সবচেয়ে পরিহাসের বিষয় হলো যে সভায় তিনি দুনিয়া নয়, আখিরাতকে তাঁদের লক্ষ্য হিসেবে উল্লেখ করেন সেই একই সভায় তাঁর বক্তব্যের প্রধান বিষয় ছিল দুনিয়া। বাংলাদেশেকে কেন্দ্র করে বহু ইহলৌকিক কথা বলেছেন তিনি। বিশেষত জুলাই বিক্ষোভের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই বিপ্লবে এক হাজার ৪০০—এর বেশি শহীদ এবং হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়ন সময়ের অপরিহার্য দাবি’। এই বাক্যের প্রায় প্রতিটি শব্দে রয়েছে ইহলোকিক বিষয়ে স্পষ্ট অসত্য বক্তব্য। জুলাই মাসের বিক্ষোভকে যখন তিনি বিপ্লব বলেন তখন বোঝা যায় জামায়েতের আমীর বিক্ষোভ ও বিপ্লবের মধ্যে পার্থক্য বোঝেন না, অথবা বুঝেও না বোঝার ভান করেছেন হয়ত। জুলাইয়ের ওই বিক্ষোভে যে ১৪০০ লোক নিহত হবার কথা তিনি বলেছেন, সেটিও একটি বানোয়াট কথা। কারণ তিনি ভালো করেই জানেন যে এই সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। প্রথমে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য এই সংখ্যা ১৪০০ বললেও পরে এই সংখ্যা কমিয়ে ৮০০ করা হয়েছিল এবং তারও পর জানা গেল সেই ৮০০ জনের মধ্যে আরও ৪০০ জন জীবিত। হত্যা নিয়ে যে মিথ্যাচার চলছে তাতে যিনি পরকাল নিয়ে এতো ভাবেন তিনি ইহকালের এই মিথ্যাচারে সম্পৃক্ত হচ্ছেন কেমন করে সে কথাটাই ভেবে পাইনা। তিনি ‘হাজার হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ’র কথা যখন বলেন তখন অন্তত দু’টি গুরুত্বপূর্ণ অসত্য মন্তব্য করেন। প্রথমতঃ  ২০২৪ সালে বাংলাদেশ অর্জিত হয়নি, বাংলাদেশ অর্জিত হয়েছিল ১৯৭১ সালে আর দ্বিতীয়তঃ ২০২৪ সালে হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেনি বরঞ্চ ১৯৭১ সালে লক্ষ লক্ষ মানুষ আত্মত্যাগ করেছিল, তিরিশ  লক্ষ লোকের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই সত্যটি ভুলে যাওয়া এবং কোথাও সেই সত্যের উল্লেখ না করা গর্হিত অপরাধ । 

অবশ্য জামায়েতে ইসলামি দলের এই অপরাধ নতুন কিছু নয়। ১৯৭১ সালেও তারা পরকালের দোহাই দিয়ে বাংলাদেশের মানুষের ইহকালকে তছনছ করে দিয়েছিল। যিনি  সদর্পে এই অসত্য কথা বলতে পারেন যে তারা কেবল ‘আখিরাত’কেই তাদের লক্ষ্য করেছেন তারা কি করে তিরিশ লক্ষ লোকের হত্যাকে প্রকারান্তরে এড়িয়ে যান এবং এই ঘাতকদের সহায়ক শক্তি হয়ে ওঠেন। এমন কী বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও গোলাম আজম বিদেশে বাংলাদেশের বিপক্ষে এবং পাকিস্তানের  পক্ষে তদবির করে যান। পাকিস্তানকে কথিত ইসলামি রাষ্ট্র হিসেবে টিকিয়ে রাখার জন্য যে গোলাম আজম দেশে বিদেশে তদ্বির করেছিলেন সেই গোলাম আজম কি এ কথাও জানতেন না যে তার গুরু মওদুদী এক সময়ে পাকিস্তানের তীব্র সমালোচনা করে কায়েদে আজমকে কাফের—এ—আজম বলেছিলেন । পরে অবশ্য তিনি ভোল পাল্টিয়েছিলেন। এ সব কোনটাই মওদুদী, গোলাম আজম এবং শফিকুর রহমানের পারলৌকিক অনুভূতির বহিঃপ্রকাশ নয়, ‘এর সব কিছুই কিন্তু ইহলৌকিক স্বার্থপরতার বহিঃপ্রকাশ। ১৯৭১ সালে যে দলটি বাঙালির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল এবং লক্ষ লক্ষ বাঙালি হত্যার জন্য দায়ী ছিল সেই দলের প্রধান যখন বলেন যে তাদের লক্ষ্য পরকাল তখন এর চেয়ে বেশি অসত্য আর কিছু হতে পারে না। 

আসলে এরা জানেই না যে ইসলাম ধর্মে রাজনীতির কোনো স্থান নেই। পবিত্র কোরানের একটি আয়াতও তারা বলতে পারবে না যেখানে রাজনীতি বা ক্ষমতা গ্রহণের কথা বলা হয়েছে। কোরানে সামাজিক ন্যায়—নীতি ও সুবিচারের কথা আছে, আছে সত্যনিষ্ঠার কথা। কিন্তু এ বিষয়গুলো নৈতিক, রাজনৈতিক নয়। ইসলামে রাজনীতির কোনো স্থান নেই। রাজনীতি সম্পূর্ণভাবে ইহলৌকিক বিষয়। এই নিবন্ধের প্রথম স্তবকেই উল্লেখ করা হয়েছে যে ক্ষমতা বা কর্তৃত্ব লাভের বিপক্ষে নবী (সাঃ) স্বয়ং মন্তব্য করেছিলেন।

সুতরাং ইসলামের নাম ভাঙিয়ে, পারলৌকিকতার অজুহাত দিয়ে  যে দল এবং তাদের সদস্যরা  ইহলৌকিক ক্ষমতা অর্জন করতে চায় তারা যে গোটা দেশকে বিভ্রান্ত করছে সেটা বুঝতে বাঙালি যতই বিলম্ব করবে, ততই দুর্যোগ ঘনিয়ে আসবে, যেমনটি এসেছিল একাত্তরে। 

Related Posts