বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৫ অক্টোবর || আলোচনায় চার তরুণের প্রার্থিতা
নিউইয়র্ক (ইউএনএ)ঃ বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিয়ানীবাজারের চার সম্ভাব্য প্রার্থীর প্রার্থিতা নিয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেট জেলার বিয়ানীবাজারের মুরব্বি ও তরুণ সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা হলেন— বাংলাদেশ সোসাইটির বর্তমান সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, প্রচার ও জনসংযোগ সম্পাদক রিজু মোহাম্মদ, কার্যকরী সদস্য হাছান খান এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমদের কন্যা রুমানা আহমদ। সভায় চার প্রার্থীর প্রতি বিয়ানীবাজারবাসীর আন্তরিকতা ও সমর্থন ব্যক্ত করেন। বিশেষ করে প্রবীণ মুরব্বিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং তাঁদের মূল্যবান মতামত চার প্রার্থীকে গভীরভাবে অনুপ্রাণিত করে।
ওজোনপার্কের একটি মিলনায়তনে ১০ আগস্ট এই সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজকরা জানান, বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সমিতির নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আমিনুল হোসেনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মাওলানা রফিক উদ্দীন। সভায় সঞ্চালক বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচনে বিয়ানীবাজার থেকে প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী চার প্রার্থীকে উপস্থিত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।
পরবতীর্তে চার প্রার্থীর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন রিজু মোহাম্মদ। তিনি অত্যন্ত বিনয় ও কৃতজ্ঞতার সঙ্গে উপস্থিত মুরব্বি ও তরুণ সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অতীতে বিয়ানীবাজারবাসী তাঁদের আস্থা ও ভালোবাসা দিয়ে নির্বাচিত করে বাংলাদেশ সোসাইটিতে পাঠিয়েছেন। সেই আস্থার মর্যাদা রক্ষা এবং বিয়ানীবাজার উপজেলার সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য তাঁরা সাধ্যমতো কাজ করেছেন। তিনি বলেন, আমাদের কোনো কর্মকাণ্ডের কারণে যেন আমাদের মুরব্বি, আমাদের জন্মস্থান এবং বিয়ানীবাজারের মানুষের সম্মান ক্ষুণ্ণ না হয়, আমরা সবসময় সেই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছি।
বাংলাদেশ সোসাইটির আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, গত নির্বাচনে যে সেলিম—আলী পরিষদ থেকে তাঁরা নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন, এবারও সেই পরিষদ থেকে তাঁদের নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিয়ানীবাজারের মুরব্বি ও তরুণ সমাজের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
রিজু মোহাম্মদ বলেন, আপনারা যদি আমাদের চারজনকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি ও সমর্থন দেন, তাহলে আমরা ‘সেলিম—আলী’ পরিষদের সঙ্গে নির্বাচন করতে আগ্রহী। তবে আপনারা যদি মনে করেন, বিয়ানীবাজার থেকে আমাদের চেয়েও যোগ্য কোনো প্রার্থীকে সামনে আনা উচিত, সেটিও আপনারা বিবেচনা করতে পারেন। আপনাদের যে সিদ্ধান্তই হোক, আমরা সেটিকে সম্মানের সঙ্গে গ্রহণ করব এবং বিয়ানীবাজারের স্বার্থে সর্বাত্মক সহযোগিতা করব।
পরবর্তীতে অপর তিন প্রার্থীও তাদের বক্তব্য রাখেন এবং বিয়ানীবাজারের মুরব্বি ও তরুণ সমাজের পরামর্শ, দিকনির্দেশনা ও সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, প্রবীণের অভিজ্ঞতা ও যুক্তি এবং তারুণ্যের শক্তি ও উদ্যমের কোনো বিকল্প নেই। তিনি বলেন, শুধু মতামত গ্রহণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেই মতামতকে বাস্তব কাজে পরিণত করতে হবে।
