ট্রাম্প প্রশাসনের প্রস্তাবে কয়েক মিলিয়ন পরিবার || ট্যাক্স ক্রেডিট ও রিফান্ড পাবে না
বাঙালী প্রতিবেদনঃ গত বুধবার ট্রেজারি ডিপার্টমেন্ট এবং আইআরএস নন—সিটিজেন ইমিগ্রান্টদের জন্য ফেডারেল সরকারের বিভিন্ন ট্যাক্স ক্রেডিট এবং রিফান্ড প্রদান বন্ধের প্রস্তাব দিয়েছে। সিএনবিসি প্রদত্ত এই খবরে উক্ত প্রস্তাবকে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রান্টদের বিরুদ্ধে চলমান প্রক্রিয়ার অংশ হিসাবে বর্ণনা করা হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়ন হলে লক্ষ লক্ষ নন—সিটিজেন ইমিগ্রান্ট যাদের ওয়ার্ক অথরাইজেশনসহ সোশাল সিকিউরিটি নম্বর আছে, নিয়মিত ট্যাক্স রিটার্ন করে, যারা বিভিন্ন টিপিএস বা ড্যাকা এবং এসাইলাম কর্মসূচীতে এদেশে অবস্থান করছে, তারা এই সুযোগ হারাবে। খবরে বলা হয়েছে এদের অধিকাংশই নিম্নবিত্ত বা স্বল্পবিত্তের ইমিগ্রান্ট।
সিএনবিসির খবরে বলা হয়েছে, যেসব রিফান্ডেবল ট্যাক্স ক্রেডিটের কথা বলা হয়েছে তার মধ্যে অন্যতম এডাপশন ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আমেরিকান অপারচুইনিটি ট্যাক্স ক্রেডিট এবং আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট। এগুলো সবই ফেডারেল সরকারের দেয়া পাবলিক বেনিফিট।
ট্রেজারি সেক্রেটারি স্কট বেসান্টের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে সিএনবিসি বলছে, এই প্রস্তাবিত নিয়ম আমেরিকার ট্যাক্স সিস্টেমকে আরো সুরক্ষা দেবে।
পিউ রিসার্চ সেন্টার বলছে গত ২০২৩ সালে আমেরিকায় ২৬ লক্ষ এসাইলাম আবেদনকারী ছিলেন। এর বাইরে অন্যান্য কর্মসূচীতেও বিপুল সংখ্যক ব্যক্তি আছেন। ফলে এই প্রস্তাবের শিকার হবেন বেশ কয়েক মিলিয়ন মানুষ।
