নিউইয়র্ক সিটিতে ২ বছরের জন্য ১০ লক্ষ এপার্টমেন্টের ভাড়া বাড়ছে না
বাঙালী প্রতিবেদনঃ যারা নিউইয়র্কে নির্ধারিত ভাড়ার বা রেন্ট—স্ট্যাবিলাইজড এপার্টমেন্টে বাস করেন তাদের জন্য সেই বহুল প্রতীক্ষিত সুখবরটি পাওয়া গেল। বৃহস্পতিবার ভাড়া বাড়ানো হবে কি হবে না তার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইন্স বোর্ড বৈঠক করে। এই বার্ষিক মিটিংএ সিদ্ধান্ত নেয়া হয় আগামী ২ বছরের জন্য এইসব রেন্ট—স্ট্যাবিলাইজড এপার্টমেন্টের ভাড়া বাড়বে না। মেয়র জোহরান মামদানির নির্বাচনী প্রতিশ্রম্নতিও ছিল এটা। সে সময়ের জনপ্রিয় দাবি ছিল ‘ফ্রিজ দ্য রেন্ট’।
উল্লেখ্য গত মাসে রেন্ট গাইড লাইন্স বোর্ডের মিটিংএ বলা হয় আগামী ২ বছরের জন্য ১ বছরের লিজ গ্রহিতাদের ভাড়া ২% আর ২ বছরের লিজ গ্রহিতাদের জন্য ৪% ভাড়া বাড়ানো হবে। কিন্তু মেয়র মামদানির চাপে এবং বিপুল সংখ্যক ভাড়াটিয়াদের দাবির মুখে বোর্ড ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
ভাড়া না বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষিত হওয়ার পর মেয়র মামদানির অফিস থেকে সাপ্তাহিক বাঙালীতে পাঠানো বিবৃতিতে তিনি উল্লেখ করেন ‘এটা নিউইয়র্ক সিটির ভাড়াটিয়াদের ঐতিহাসিক বিজয়’।
উল্লেখ্য নিউইয়র্ক সিটিতে প্রায় ১০ লক্ষ রেন্ট—স্ট্যাবিলাইজড এপার্টমেন্ট রয়েছে। এইসব এপার্টমেন্টে ২৪ লক্ষ ভাড়াটিয়া পরিবারসহ বাস করেন বলে জানিয়েছে নিউইয়র্ক স্টেট টেনান্ট ব্লক নামের একটি এডভোকেসি গ্রুপ যারা ভাড়াটিয়াদের স্বার্থ নিয়ে কাজ করেন।
