ইয়োরোপের জানালায় কবিতার মুখ—১ || হাসানআল আব্দুল্লাহ নিউইয়র্ক

১. 

২০২৪ সালে চতুর্থবার পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবে যাওয়াটা আমার জন্যে আগের বছরই নির্ধারিত হয়ে গিয়েছিলো। কিভাবে সেটা হলো সেই গল্প দিয়ে শুরু করা যাক। আমার নিজেরই ভুলে সে বছর কবিতা উৎসবে পৌঁছাতে একদিন দেরি হয়ে যায়। ফলত, আমি প্রথম দিনের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, স্কুল—কলেজের ছাত্রছাত্রীদের মাঝে কবিতা পড়া ও তাদের সাথে মতবিনিময়ের সময় অনুপস্থিত ছিলাম। আয়োজক কবি কাজিমেয়ারেজ বুরনাত মনঃক্ষুন্ন হলেও সেজন্যে আমাকে ভর্ৎসনা করেননি। তবে, শুরুর দিন বিকেলে যে উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিলো, তা তিনি পরের দিন বিকেলে আমার উপস্থিতিতে করেন। আমার ফেরার টিকেট ছিলো অনুষ্ঠান শেষ হওয়ার এক দিন পরে। ওদিকে কাকতালীয় হলেও আমার কবিবন্ধু আমির অরও একইভাবে টিকেট করেছিলেন। তাই আমাদের দু’জনকেই ভ্রসলোভ শহরে অতিরিক্ত একটি রাত কাটাতে হয়। যদিও কবিতা উৎসব শেষে কোনো কবির অতিরিক্ত সময়ের থাকা ও অন্যান্য খরচ বহন করার দায়িত্ব উৎসব কমিটি নেয় না, কিন্তু ভ্রসলোভ শহরে আমাদের দু’জনের জন্যেই অতিরিক্ত রাত অবস্থানের সকল ব্যবস্থাই কমিটির পক্ষ থেকে করা হয়। আমার অনুবাদক কবি ক্যাতারজিনা জর্জিও, আমাদের দু’জনকেই উৎসবের শহর পোলনিৎজা—স্দ্রুই থেকে নিজের গাড়িতে করে ভ্রসলোভ শহরে হোটেলে পৌঁছে দেন। তিনি নিজে এই শহরে বেড়ে উঠছেন, অতএব এর অলিগলি তাঁর চেনা। তিনি দিনের বাকি সময়টা আমাদের নানা দর্শনীয় জায়গা ঘুরিয়ে দেখান এবং সন্ধ্যায় কবি কাজিমেয়ারেজ বুরনাতের সাথে ডিনারে নিয়ে যান। বলা বাহুল্য, এই ডিনারের আয়োজনও করে উৎসব কমিটি। 

শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে খেতে খেতে আমাদের অনেক গল্প হয়। অনেক হাসি—আড্ডা! বিশেষত, কাজিমেয়ারেজ নানা বিষয়ে রসিকতা করতে ভালবাসেন, এবং তাঁর উপস্থিতিতে যেকোনো আসরে হাসির রোল পড়ে যায়। যাহোক, একপর্যায়ে তিনি আমাদের দু’জনকেই বলেন, “আগামী বছর এই কবিতা উৎসবের বিশ বছরপূর্তি। আমি চাই তোমরা দু’জনই অনুষ্ঠানে যোগ দাও।” কবি কাজিমেয়ারেজ বুরনাত পোলিশ রাইটার্স ইউনিয়ন ভ্রসলোভ শাখার সভাপতি; এই শাখাটিকে লোয়ার সিলেশিয়ান শাখাও বলা হয়ে থাকে। তিনি পোয়েটস উইদাউট বর্ডার অর্গানাইজেশনেরও সভাপতি। আমরা তাঁর আমন্ত্রণ গ্রহণ করি এবং বিশতম আন্তর্জাতিক কবিতা উৎসব কিভাবে আরো ভাল করা যায় সে ব্যাপারে পরামর্শ দেই। এখানে উল্লেখ করা প্রয়োজন যে এই কবি কিছুদিন ধরে ক্যান্সারের সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন, এবং উৎসব আয়োজনের আগেও তাঁর একটি বড় ধরনের অপারেশন হয়ে যায়। তিনি শারীরিকভাবে আগের থেকে অনেক ভেঙে পড়লেও মানসকিভাবে কখনোই ভেঙে পড়েননি। কবিতা উৎসব আয়োজন, কবিদের সাথে যোগাযোগ, এন্থোলজি প্রকাশ ইত্যাদি বিষয়ে তাঁর উৎসাহ ও কাজে তিনি কখনোই ঢিল দেননি। তিনি একজন রবীন্দ্র ভক্ত মানুষ, এমনকি অপারেশনের পর হাসপাতালে বসে তিনি রবীন্দ্রনাথের কবিতা দিয়ে ফেসবুক স্ট্যাটাস লিখেছেন এবং আমাকে বলেছেন আমি যেন মন্তব্যে মূল বাংলা কবিতা লিখে দেই। তিনি আমাকে একবার বলেছিলেন, পোলিশ ভাষায় পঞ্চাশের উপরে রবীন্দ্রনাথের বই অনূদিত হয়েছে। যাহোক, তিনি যথাসময়ে আমাদের হাতে বিশতম আন্তর্জাতিক কবিতা উৎসবের আমন্ত্রণ পৌঁছে দেবার প্রত্যয়ে দীর্ঘ আলিঙ্গন করে রেস্টুরেন্ট থেকে বিদায় নেন। 

আমি, আমির ও ক্যাতারজিনা ডিনার শেষে ভ্রসলোভের রাস্তা দিয়ে দক্ষিণ দিকে হাঁটতে থাকি, উদ্দেশ্য ক্যাতারজিনার গাড়ি। তিনি জিজ্ঞেস করেন, “তোমরা এখন হোটেলে যাবে, নাকি অন্য কোনোখানে?” 

আমি কিছু বলার আগেই আমির উত্তর দেন, “তুমি আমাদের যেখানে নিয়ে যাবে আমরা যেতে রাজি আছি।”

ক্যাতারজিনা ঘড়ি দেখে বলেন, “হাতে আড়াই ঘণ্টার মতো সময় আছে। আমি যদি এখান থেকে নয়টায় রওনা হই, তাহলে মা ঘুমিয়ে পড়ার আগেই বাড়িতে পৌঁছাতে পারবো।” তিনি বাসায় তাঁর মাকে রেখে এসেছেন, নিজের পোষা বিড়ালগুলোকে পাহারা দিতে। মা থাকেন ভ্রসলোভ শহরের একটি অ্যাপার্টমেন্টে, তবে ক্যাতারজিনার নিজের বাড়ি সেখান থেকে ষাট/সত্তর কিলোমিটার দূরে পটাসনিয়া গ্রামে।

তিনি আমাদের স্থানীয় একটি বার—এ নিয়ে যান। বলেন যে ওই বারে তিনি এমনকি এক সময় গানও গেয়েছেন। আমি বলি, “সে জন্যেই তুমি এতো ভালো পিয়ানো বাজাও!”

“উঠতি বয়সে কতো কিছুই না করেছি! গানের গলা আমার খারাপ ছিলো না।” ক্যাতারজিনা বেশ গর্বের সাথে বলেন। আর আমি এই কবিকে যতোই দেখি, তাঁর সম্পর্কে যতোই জানি ততোই মুগ্ধ হই। তাঁর কথা বলা, চলা ফেরা, মানুষকে সহজে আপন করে নেয়া, তাৎক্ষণিকভাবে কবিতা অনুবাদ করে ফেলাÑএকের ভেতরে অনেক বলতে যা বোঝায় তিনি তাই। তাঁর সাথে আমার প্রথম পরিচয় হয় ২০১৯ সালে কবি কাজিমেয়ারেজ আয়োজিত এই কবিতা উৎসবেই। ওই বছর মে মাসে গ্রীসে কবি মারিয়া মিস্টি্রয়টির আমন্ত্রনে গিয়ে একঝাঁক পোলিশ কবি ও শিল্পীর সাথে পরিচয় এবং অন্তরঙ্গতা হয়। না, সেখানে ক্যাতারজিনা ছিলেন না। ছিলেন কাজিমেয়ারেজ বুরনাত, দানুতা বার্তোস, এরেস চাদনিকোলাও, ইয়াসেক ভিসোয়োস্কি ও ডারিউস টমাস লেবিয়ডা। অবশ্য সেখানেই প্রথম আমির অর—এর সাথে পরিচয় ও বন্ধুত্ব হয়। ডারিউস লেবিয়ডাই আমার জন্যে মারিয়া মিস্টি্রয়টিকে সুপারিশ করেছিলেন। ইসরাইলি কবি আমির অর ও ইরাকি কবি হাতিফ জানাবির সাথেও তিনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। ডারিউস, আমির ও হাতিফ হলেন গলায় গলায় বন্ধু, আমিও অল্প সময়ে তাঁদের বন্ধু হয়ে যাই। যাহোক, গ্রীক কবিতা উৎসব চলা কালে আমি দু’টি পলিশ কবিতা উৎসবে দাওয়াত পাই। প্রথমে ইয়াসেকের সাথে দ্বিভাষিক কথোপকথনে আমাকে আমন্ত্রণ করেন কবি কাজিমেয়ারেস বুরনাত। আমি তাঁর আমন্ত্রণ গ্রহণ করি। কিন্তু পরদিনই কবি দানুতা বার্তোস তাঁর আয়োজিত কবিতা উৎসবে পোজন্যানে যাবার আমন্ত্রণ জানান। আমি তাঁকেও নিরাশ না করে বলি যে যেহেতু আমি শিক্ষকতা করি, একই বছর আমার এতোগুলো ছুটি পাওয়া সম্ভব নয়। ফলে, আমি তাঁর অনুষ্ঠানে পরের বছর যাওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হই। তিনি রাজি হন এবং বলেন যে যথাসময়ে আমাকে আমন্ত্রণ পাঠাবেন। দানুতা বার্তোস বেশ কিছুদিন আমেরিকায় বসবাস করেছেন, ফলে তিনি কাজ চালিয়ে যাবার মতো ইংরেজি বললেও কাজিমেয়ারেজ বুরনাত এক অক্ষর ইংরেজি বলেন না। ফলে বুরনাতের সাথে কথাবার্তা বলতে হলে দোভাষির দরকার হয়। গ্রীসে সেই কাজটি করেন ইয়াসেক ও কাসা। কাসা ছিলেন একজন পোলিশ প্রফেসর ও অনুবাদক, দুঃখজনকভাবে যার সাথে আমার আর কখনো দেখা হয়নি। যাহোক, গ্রীসে একটি মজার ঘটনা ঘটে। একদিন কিছুটা বাড়তি সময় হাতে থাকায় আমি, দানুতা, কাজিমেয়ারেস ও কাসা খালকিদা শহরে শপিংয়ে বের হই। কাসা তাঁর বাচ্চার জন্যে কাপড়চোপড় কেনেন, দানুতা ও কাজিমেয়ারেজও তাঁদের ছোটো ছোটো নাতিনাতনির জন্যে কিছু না কিছু কেনেন। আমাকে কিছু না কিনতে দেখে দানুতা জিজ্ঞেস করেন যে আমি আমার ছোটো বাচ্চাদের জন্যে কিছু কিনবো কিনা। আমি মজা করে বলি, “ছোটো নয়, বড়ো বাচ্চার জন্যে কিনবো।” 

দানুতা বলেন, “তার মানে কি? তোমার বাচ্চার বয়স কতো?”

আমি বলি, “আমার একটি মাত্র ছেলে, যার বয়স ঊনিশ বছর!”

কাসার থেকে অনুবাদে উত্তরটি শুনে কাজিমেয়ারেজ বুরনাত একেবারে আমার সামনে এসে দাঁড়ান। বলেন, “কি বলছো তোমার ঊনিশ বছরের সন্তান আছে?” 

আমি বলি, “হ্যঁা, সমস্যা কোথায়?”

দানুতা বলেন, “তাহলে তোমার বয়স কতো?”

এবার কাজিমেয়ারেজ ফেঁাড়ন কাটেন, “তেত্রিশ থেকে পঁয়ত্রিশ!”

আমি বলি দানুতা, “তোমার কি ধারণা?”

তিনি আমতা আমতা করে বলেন, “বড়ো জোর চল্লিশ!”

আমি হো হো করে হেসে উঠি। বলি, “তোমাদের সাবইকে ধন্যবাদ। আমি দুই বছর আগে পঞ্চশ পেরিয়েছি!”

এবার কাজিমেয়ারেজ বুরনাতও হাসেন, “তুমি যদি পঞ্চাশ পেরিয়ে থাকো, আমি নব্বই পেরিয়ে গেছি!” তাঁর চোখেমুখে দুষ্টুমির আভা ফুটে ওঠে।

আমি বলি, “বেশতো! আজ থেকে তুমি আমার গ্রান্ডপা!” সেই থেকে বেশ কিছু দিন আমি তাঁকে গ্রান্ডপা বলে ডেকেছি।

অনেকের মুখেই শুনেছি যে আমার বয়স ধরা যায় না। আমি চল্লিশের নিচে বলেই তারা ধারণা করেন। আন্তর্জাতিক অঙ্গনে এর একটি কুফল আমি লক্ষ্য করেছি। কয়েক বছর আগে মরক্কো কবিতা উৎসবের শেষ দিকে নিউজিল্যান্ডের কবি স্যু জু বলেন, “তোমার মতো ভদ্র ও বিনয়ী কবি আমি আন্তর্জাতিক অঙ্গনে খুব কম দেখেছি।” 

আমি বলি, “বলো কি? বাঙালি কবিরা শুনলে তোমাকে পাগল ডাকবে!”

তিনি সরাসরি আমাকে ভাই বলে সম্বোধন করেন, “আমার তো কোনো ভাই নেই, আজ থেকে তুমি আমার বড়ো ভাই।”

আমি, “কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “কিন্তু একটা সমস্যা আছে, তোমার বয়স খুব কম মনে হয়। ফলত, কোনো কোনো ক্ষেত্রে তুমি প্রাপ্য সম্মানটি পাও না।”

আমি বলি, “আমি যখন বুঝি যিনি বা যারা এই কাজটি করেন এবং পরে জেনে বুঝে শেষ পর্যন্ত সেই সম্মান ফিরিয়ে দেন, তখন আমি পুলকিত হই। বেশ মজা পাই।”


বোম্বে বিচ-এক পরাবাস্তব ভগ্নাংশ

রওনক আফরোজ  ওহাইয়ো

গন্তব্য বোম্বে বিচ। মুম্বাইয়ের না, কালিফোর্নিয়ার বোম্বে বিচ! নাম শুনে প্রথমদিন আমিও খুব অবাক হয়েছিলাম। হোক্স না, এটা ক্যালিফোর্নিয়ার সালটন সাগরের উপকুলের এক জনপদ।

বরাবরের মতোই আজও ট্রিপের শুরুতে ভিজিটর সেন্টারে থামার কথা। কিন্তু সাইনটা চোখে পড়ার পর গাড়ির গতি কমাতে কমাতে প্রবেশপথ পার হয়ে গেল।  মন উড়ুক্কু হলে চোখের আর কী দোষ? 

সালটন সি ভিজিটর সেন্টারটা বাসা থেকে প্রায় ২৫ মাইল দক্ষিণ—পশ্চিমে মেক্কা নামের শহরে অবস্থিত। নাম পড়ে আমিও কপাল কুঁচকে বুঝতে চেষ্টা করেছি এ নামের এই শহর এখানে কীভাবে এলো!

ইন্দিও দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি ছোট, প্রাণবন্ত, ফুটফুটে শহর। এখান থেকে গ্রেপভাইন বুলোভার্ড হয়ে ক্যালিফোর্নিয়া ১১১ সাউথে কোচেলা ভ্যালির ওপর দিয়ে  দশ মিনিট ড্রাইভ করলে শহরের ঝকঝকে চেহারা আর দেখা যায়   না। 

রাস্তার দুইপাশে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ের ভেঙে পড়া দেয়াল, জং ধরা মেটালের পাঁজর, কাঠসাঁটা একদা—কাচের জানালা, সম্পূর্ণ মৃত গ্যাস স্টেশনগুলোর মাঝেমাঝে জীবন্ত দু’একটা গ্যাস স্টেশনের ডিজিটাল সাইনগুলোও টিমটিমে। 

এটাই এখানকার মক্কা। এটি ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির একটি অসংগঠিত এলাকা, যেটা সালটন সাগরের উত্তর উপত্যকায় অবস্থিত। কৃষিকর্ম বিশেষ করে খেজুর চাষ এবং বিশাল হিস্পানিক জনবসতির জন্য পরিচিত এই শান্ত, গ্রামীণ এলাকা। 

মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা চারা থেকে সৃষ্ট ক্রমবর্ধমান খেজুর—শিল্পকে ঘিরে বিশেষ কৃষিকেন্দ্র হয়ে ওঠা এই এলাকায় ‘আরবীয়’ ভাবধারকে উপস্থাপিত করতে এবং মরুভূমির ভূদৃশ্য ও রোমান্টিকতার সাথে মিল রেখে এলাকাটিকে রিসোর্ট এলাকা হিসেবে প্রমোট ও প্রচার করার জন্য ১৯০০ সালের প্রথম দিকে  ওয়াল্টার্স নামক এই শহরকে মক্কা নামে পুনঃনামকরণ করা হয়েছিল। 

মধ্যপ্রাচ্যের সাথে বিষয়গত সংযোগ স্থাপনের প্রয়াসে এই এলাকায় ‘ক্যারাভানসেরাই’ নামে হোটেল ছাড়াও আঞ্চলিক ব্র্যান্ডিংয়ে আরবীয়—থিমযুক্ত নকশা ও স্থাপত্যে অনেক স্থাপনা তৈরি করা হয়। আশেপাশের শহরের নাম থারমাল, ওয়েসিস, র‌্যানচো মিরাজ ইত্যাদি (ঞযবৎসধষ, ঙধংরং, জধহপযড় গরৎধমব) সেই একই কারণে।

ভাবনার দোলাচল থেমে গেল রাস্তার দু’পাশের বিস্তৃত খেজুর গাছের অমসৃণ শৈল্পিক দেহসম্ভার দেখে। সারি সারি সব একই সাইজের গাছ। দশভুজা গাছেরা আকাশের দিকে উঁচিয়ে ধরেছে নিজেকে। কোনো কোনো বাগানে মায়ের পাশে শিশুগাছ দাঁড়িয়ে আছে।

কী চমৎকার দৃশ্য! কৈশোরে আমার ইমিডিয়েট বড়ভাইটি আমাকে নিচে পাহারায় রেখে কতদিন খেজুরের রস চুরি করেছে। তখন ওইসব গাছ দেখে তো এমন ভালোলাগা, উল্লাস অনুভূত হয়নি! হওয়ার কথা ছিল কি?

কবি নজরুলের সাহারা মরুর না, এ কলোরাডো মরুর খর্জুর—বিথী, ঊনবিংশ শতাব্দীতে আলজেরিয়া খেজুরের বীজ দিয়ে যেটার পত্তন হয়েছিল। ‘লু’ হাওয়ায় ওড়না উড়িয়ে নেচে যাওয়া কোনো পরি—নটিনীকে নজরুল ছাড়া অন্য আর কেউ দেখেছে কি না, জানি না। আমিও কোনো পরি দেখলাম না। শুধু দেখছি খর্জুর বিথীর ওপরে নীলাকাশের বুকে উড়ছে সাদা মেঘের ওড়না।


গাড়ি স্লো করতে করতে সামনের প্রবেশদ্বার পার হয়ে যাওয়ায় পেছনের একটা অপ্রশস্ত পথ দিয়ে পার্কিং লটে ঢুকতে হলো। বিশাল পার্কিং লটের একদিকে পুরনো ছোট ছিমছাম পরিচ্ছন্ন বিল্ডিং। ওটাই ‘সালটন সি ভিজিটর সেন্টার’। পার্কিং লটের এক প্রান্তে পাশাপাশি কংক্রিটের রঙচটা গোলাকৃতির ছাতার নিচে কয়েকটা পিকনিক টেবিল—চেয়ার একের পর এক সাজানো। প্রায় জনশূন্য পিকনিক এরিয়া।

সেন্টারের ভেতরটা ছোট, সুন্দর। স্যুভেনির আইটেম, পোস্টকার্ড,  বিভিন্ন রকম স্টাফড পাখি, স্টাফড র‌্যাটল স্নেক (ঝুনঝুনি সাপ), খেঁকশিয়াল ইত্যাদি দিয়ে সাজানো। ওখানে আমি ছাড়া আরও দুজন দর্শনার্থী, ভারতীয় স্বামী—স্ত্রী। মহিলা নানানরকম  প্রশ্ন করছে, ভদ্রলোক পাশে দাঁড়িয়ে। দুজন রেঞ্জার আগ্রহ ও ধৈর্য নিয়ে নানান প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। অনেক জায়গায় এই রেঞ্জাররা প্রকৃতিপ্রেমী স্বেচ্ছাসেবী হয়। তবে, এরা অধিকাংশই কমিশনড পুলিশ। আলাস্কা থেকে এলাবামাÑকোথাও কখনও কোনো পার্ক রেঞ্জারকে আমি গুমটোমুখো দেখিনি। এরা সদা হাস্য, সদা বিনয়ী, সদা তৎপর।

‘সাগর’ নামকরণ করলেই তো আর সাগর হয় না, তবুও সমুদ্রপৃষ্ঠ থেকে ৩০০ ফুট নিচে মরুর কোলে ১৫ মাইল প্রস্থ এবং ৩৫ মাইল দীর্ঘ এই জলাধারকে এরা সাগরই বলে, ‘সালটন সি’। নামিবিয়ার নামিব মরুর উষ্ণ বালুর পাহাড় যেমন হঠাৎ করেই শীতল আটলান্টিকে নেমে গেছে তেমনই হঠাৎ কলোরাডো মরুর বুকে সাগর নামের এই জলাধার, তবে ভূ—আবদ্ধ, বের হবার পথ নাই। মরীচিকা না, মরুদ্যানও না, ৫২৫ বর্গমাইল জুড়ে থেমে যাওয়া পানি।

১৯০৫ সালে কলোরাডো নদীর বন্যার পানি সেচের জন্য তৈরি ক্যানাল ভেঙে সাল্টন বেসিনে ঢুকে আটকে গিয়ে বিচ্ছিন্ন জলাধার হিসাবে থেকে যায়। এর অন্য নাম, ‘এক্সিডেন্টাল সি’।

টক লেবু থেকে যেমন লেমোনেড তৈরি করা হয়, কলোরাডো নদীর চলমান উপচে পড়া পানি ব্যবহার করে কৃষিকর্ম সমৃদ্ধ হতে থাকে।

সালটন সি ও এর চারিদিকের নয়নাভিরাম সৌন্দর্যেও কারণে পঞ্চাশ ও ষাটের দশকে এই সাগরকে ঘিরে ক্রমে তৈরি হয় বিশাল বিনোদন কেন্দ্র। জলক্রিয়া, নৌ—বিহার, মাছ ধরা ইত্যাদির জন্য এটা একটা জনপ্রিয় গন্তব্য ছিল। অনুষঙ্গ হিসেবে আশেপাশের জনপদে, বিচে গড়ে ওঠে নাইটক্লাব, হোটেল, ম্যারিনা ইত্যাদি। স্থানীয় মরুবাসীরা ছাড়াও বাইরের ভ্রামণিকগণও এখানে আসতে শুরু করে। এদের মধ্যে হলিউড তারকাদের অনেকে প্রমত্ত শহরের কোলাহল ছেড়ে অবকাশ যাপনে এদিকে আসে। সুখ্যাত গায়ক ফ্র্যাংক সিনাত্রাও সেই সময় এখানে সঙ্গীতানুষ্ঠান করেছেন। 

সত্তর দশকের শুরু থেকে ক্রমে একদিকে সালটনের পানি শুকিয়ে যেতে থাকে; অন্যদিকে, কীটনাশক আর সার দূষিত পানি তলদেশের খনিজ রাসায়নিক পদার্থের সাথে বিক্রিয়া করে ক্ষতিকর পাউডার তৈরি হয়। ফলে, মাছ, পাখি মরে যেতে শুরু করে। লবণাক্ততা বিপজ্জনকভাবে বেড়ে গেলে জলপ্রেমীদের সাথে ক্রমে উধাও হয়ে যায় সংশ্লিষ্ট বিনোদন ও বাণিজ্য। পেছনে পড়ে থাকে উপকুলের ভঙ্গুর অবয়ব।

আলাস্কা থেকে পাতাগোনিয়া যাওয়ার প্যাসিফিক ফ্লাইওয়ের পথে শীতের পাখিদের বিরতির জন্য এটা একটা গুরুত্বপূর্ণ স্পট ছিল। পাখি—প্রেমী, পেশাদার ফটোগ্রাফারও সে কারণে এখানকার নিয়মিত অতিথি ছিল। কিছু পাখি এখনও আসে। আমিও এসেছি মৃত, পরিত্যক্ত এক সাগর দেখতে। 

কী আছে, বিশ্ব ঘুরে এতকিছু দেখার পরে, ওখানে কী দেখতে যাচ্ছো? আমার এক আমেরিকান কলিগ অবাক চোখে জানতে চেয়েছিল। বলেছি, কেন ওটা দেখতে যাবো না, সেটাই দেখতে যাচ্ছি। (আগামী সংখ্যায় সমাপ্য)


Related Posts