৫০ রাজ্যের ৫০ ভালোবাসার গল্পঃ অরেগন ইফ আই স্টেঃ গেইল ফোরম্যান || আবদুল্লাহ জাহিদ

মৃত্যু যদি মানুষের সামনে একটি বিকল্প হিসেবে উপস্থিত হয়, আর জীবন ও মৃত্যুর মধ্যে কোনো একটিকে বেছে নেয়ার স্বাধীনতা যদি মানুষের থাকে, তাহলে সে কোনটি বেছে নেবে? প্রিয়জনদের হারিয়ে নিঃসঙ্গ জীবনে ফিরে আসা, নাকি সমস্ত দুঃখ—যন্ত্রণার অবসান ঘটিয়ে অনন্তের পথে যাত্রা? এমনই এক গভীর অস্তিত্ববাদী প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ঔপন্যাসিক গেইল ফোরম্যানের বহুল আলোচিত উপন্যাস ইফ আই স্টে। ২০০৯ সালে প্রকাশিত এই উপন্যাসের পটভূমি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উত্তর—পশ্চিমাঞ্চলের স্টেট অরেগন। প্রেম, সংগীত, পারিবারিক বন্ধন, মৃত্যুচেতনা এবং বেঁচে থাকার আকাক্সক্ষা এখানে মিলেমিশে সৃষ্টি করেছে এক হৃদয়স্পর্শী আখ্যান।

অরেগনের একটি ছোট শহরে বাস করে সতেরো বছর বয়সী মিয়া। সংগীত তার জীবনের ধ্যানজ্ঞান। বিশেষ করে চেলো নামের তারবাদ্যযন্ত্রটির সঙ্গে তার আত্মার যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক। মিয়ার বাবা একসময় রক ব্যান্ডের সংগীতশিল্পী ছিলেন, পরে শিক্ষকতার পেশা বেছে নিয়েছেন। মা প্রাণচঞ্চল ও উদারচেতা। ছোট ভাই টেডিকে ঘিরে তাদের সংসারে আনন্দের অন্ত নেই। পরিবারের অন্যদের রক সংগীতের প্রতি অনুরাগ থাকলেও মিয়ার আকর্ষণ ধ্রুপদী সংগীতের প্রতি। সংগীতের এই ভিন্নতা পরিবারের সদস্যদের মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি করেনি; বরং পারস্পরিক ভালোবাসা ও স্বাধীন রুচির মধ্য দিয়ে গড়ে উঠেছে তাদের পারিবারিক জীবন।

মিয়ার প্রেমিক অ্যাডাম স্থানীয় একটি রক ব্যান্ডের গিটারবাদক। সংগীতের সূত্রেই তাদের পরিচয় ও প্রেম। দুজনের সংগীতের জগৎ আলাদা, অথচ সেই ভিন্নতার মধ্যেই তারা আবিষ্কার করেছে পরস্পরকে। মিয়ার স্বপ্ন নিউইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে সংগীতশিক্ষা গ্রহণ করা। অন্যদিকে অ্যাডাম তার ব্যান্ড নিয়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতের হাতছানি তাদের সামনে একই সঙ্গে সম্ভাবনা ও বিচ্ছেদের আশঙ্কা তৈরি করেছে।

এক শীতের সকালে অরেগনের প্রকৃতি ঢেকে যায় তুষারের সাদা চাদরে। তুষারপাতের কারণে বিদ্যালয় বন্ধ। আকস্মিক এই অবসরের দিনটিকে উপভোগ করার জন্য পরিবারের সবাই মিলে বেরিয়ে পড়ে গাড়িতে। অথচ কেউ জানে না, এই আনন্দযাত্রাই তাদের জীবনের শেষ পারিবারিক ভ্রমণ।

পথিমধ্যে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন করে দেয় মিয়ার পরিচিত পৃথিবী। ঘটনাস্থলেই প্রাণ হারায় তার বাবা—মা। গুরুতর আহত ছোট ভাই টেডিও পরে মারা যায়। মৃত্যুর সঙ্গে লড়াইরত মিয়াকে নিয়ে যাওয়া হয় পোর্টল্যান্ডের একটি হাসপাতালে।

এখান থেকেই উপন্যাসটি এক আশ্চর্য বাঁক নেয়। মিয়া আবিষ্কার করে, তার রক্তাক্ত দেহ চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকলেও তার চেতনা যেন শরীরের বাইরে বিচরণ করছে। সে দেখতে পাচ্ছে সবকিছু, শুনতে পাচ্ছে সবার কথা, অথচ কেউ তাকে দেখতে বা শুনতে পাচ্ছে না। নিজের অস্তিত্বের কাছে নিজেই যেন এক অদৃশ্য দর্শক হয়ে উঠেছে সে। 

হাসপাতালের নিবিড় পরিচর্যাকক্ষে শুয়ে থাকা মিয়ার নিথর দেহের পাশে জমা হতে থাকে তার আপনজনেরা। তাদের উদ্বেগ, কান্না, প্রার্থনা ও অসহায়ত্বের মধ্য দিয়ে মিয়া নতুন করে উপলব্ধি করতে থাকে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গভীরতা। একদিকে তাকে আকর্ষণ করছে হারিয়ে যাওয়া পরিবারের স্মৃতি, অন্যদিকে জীবিত মানুষগুলোর ভালোবাসা তাকে ফিরিয়ে আনতে চাইছে পৃথিবীর আলোয়।

উপন্যাসের ঘটনাকাল মাত্র চব্বিশ ঘণ্টার কাছাকাছি। অথচ এই স্বল্প সময়ের পরিসরে লেখক তুলে এনেছেন একটি কিশোরীর প্রায় সমগ্র জীবন। স্মৃতিচারণের মধ্য দিয়ে বর্তমানের সঙ্গে অতীতের এক অবিরাম কথোপকথন চলতে থাকে। শৈশবের আনন্দ, সংগীতচর্চা, ভাইয়ের জন্ম, বাবা—মায়ের স্নেহ, প্রথম প্রেম, বন্ধুত্ব এবং ভবিষ্যতের স্বপ্নÑসবকিছুই ফিরে আসে মিয়ার চেতনায়। হাসপাতালের বিষণ্ণ বর্তমানের বিপরীতে তার স্মৃতির পৃথিবী হয়ে ওঠে বর্ণময় ও প্রাণবন্ত।

মিয়ার দাদার উপস্থিতি উপন্যাসটিতে এক বিশেষ মানবিক মাত্রা যোগ করেছে। তিনি মিয়াকে ভালোবাসেন, তাকে হারানোর কথা ভাবতেও পারেন না; অথচ তার অসহনীয় যন্ত্রণার কথা বিবেচনা করে তাকে চলে যাওয়ার স্বাধীনতাও দিতে প্রস্তুত। ভালোবাসার এই প্রকাশে কোনো অধিকারবোধ নেই, আছে কেবল প্রিয় মানুষের মঙ্গলকামনা। অন্যদিকে মিয়ার ঘনিষ্ঠ বান্ধবী কিম ও প্রেমিক অ্যাডামের উপস্থিতি তাকে মনে করিয়ে দেয়, বাবা—মা ও ভাইকে হারালেও পৃথিবীতে তার সমস্ত সম্পর্ক নিঃশেষ হয়ে যায়নি।

উপন্যাসের শেষ পর্যায়ে অ্যাডাম মিয়ার কানে হেডফোন পরিয়ে শোনায় বিশ্ববিখ্যাত চেলোবাদক ইয়ো—ইয়ো মার সংগীত। সেই সুর যেন মিয়ার অতীত ও ভবিষ্যতের মধ্যে একটি সেতু নির্মাণ করে। অ্যাডাম তার ভালোবাসার মানুষটির জীবন ফিরে পাওয়ার জন্য নিজের ব্যক্তিগত আকাক্সক্ষাকেও বিসর্জন দিতে প্রস্তুত। অবশেষে মিয়া অ্যাডামের হাতে মৃদু চাপ দিয়ে তার ফিরে আসার সংকেত দেয়। সমস্ত শোক ও অনিশ্চয়তাকে সঙ্গে নিয়েই সে জীবনকে বেছে নেয়। 

গেইল ফোরম্যানের উপন্যাসে অরেগন নিছক একটি ভৌগোলিক পটভূমি নয়। এখানকার শীতল প্রকৃতি, ছোট শহরের জীবনযাত্রা, স্থানীয় সংগীতসংস্কৃতি এবং সামাজিক সম্পর্কের নিবিড়তা কাহিনীর আবহ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

লেখক ইচ্ছাকৃতভাবেই মিয়ার শহরের কোনো নির্দিষ্ট নাম উল্লেখ করেননি। অরেগনের একাধিক শহরের বৈশিষ্ট্যকে মিলিয়ে তিনি নির্মাণ করেছেন একটি কাল্পনিক জনপদ। তবে মিয়ার চিকিৎসার স্থান হিসেবে পোর্টল্যান্ড শহরের উল্লেখ রয়েছে। 

উপন্যাসের শুরুতে তুষারপাতের যে মনোরম দৃশ্য পাঠকের সামনে উপস্থিত হয়, পরবর্তী ঘটনাপ্রবাহে সেই তুষারই হয়ে ওঠে করুণ পরিণতির পূর্বাভাস। প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবনের অনিশ্চয়তার এই বৈপরীত্য উপন্যাসটির বেদনাবোধকে আরও তীব্র করে তুলেছে।

ইফ আই স্টে উপন্যাসটির কাহিনী মৃত্যুকে কেন্দ্র করে আবর্তিত হলেও এর অন্তর্নিহিত দর্শন জীবনের প্রতি গভীর মমত্ববোধ। এখানে সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের আত্মপ্রকাশের ভাষা। মিয়ার চেলোর সুর তার ব্যক্তিসত্তার প্রতীক। ভাষা যেখানে ব্যর্থ হয়, সংগীত সেখানে পৌঁছে যায় মানুষের অনুভূতির গভীরতম স্তরে।

লেখক পরিচিতি: 

গেইল ফোরম্যান (এধুষব ঋড়ৎসধহ)

জন্ম: ৫ জুন ১৯৭০

জন্মস্থান: লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া।

পেশা: ঔপন্যাসিক ও সাংবাদিক।

গেইল ফোরম্যান সমকালীন মার্কিন সাহিত্যধারার একজন জনপ্রিয় লেখক। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা অধ্যয়নের পর তিনি সাংবাদিকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। 

২০০৯ সালে প্রকাশিত ইফ আই স্টে তাঁকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। উপন্যাসটি নিউইয়র্ক টাইমসের বেস্টসেলার তালিকায় স্থান লাভ করে। ২০১১ সালে এর পরবর্তী খণ্ড হোয়্যার শি ওয়েন্ট প্রকাশিত হয়। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে জাস্ট ওয়ান ডে, জাস্ট ওয়ান ইয়ার, আই ওয়াজ হেয়ার, লিভ মি এবং আই হ্যাভ লস্ট মাই ওয়ে।

২০১৪ সালে ইফ আই স্টে অবলম্বনে আর জে কাটলার পরিচালিত একই নামের একটি চলচ্চিত্র নির্মিত হয়। এতে মিয়ার চরিত্রে অভিনয় করেন ক্লোই গ্রেস মোরেটজ।

Related Posts