শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় || ভারত বলছে, এটা বাংলাদেশের বিষয়
ডয়চে ভেলে প্রতিবেদনঃ শেখ হাসিনাকে স্থলপথে বাংলাদেশে যেতে হলে কীভাবে যাবেন তা দেখতে ত্রিপুরা সীমান্ত ঘুরে দেখলেন আওয়ামী লীগ নেতারা। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি হিসেবে বুধবার ত্রিপুরা সীমান্ত ঘুরে দেখেছেন আওয়ামী লীগ নেতারা। তবে দণ্ডপ্রাপ্ত আসামি ও বৈধ পাসপোর্ট না থাকায় সীমান্ত পেরোলে বাংলাদেশ সরকার আইনি পদক্ষেপ নেবে বলে জানিয়েছে দিল্লির বাংলাদেশ হাইকমিশন।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। ঐ দলে আলাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াসহ আরো সাত—আট জন নেতা ছিলেন।
এই বিষয়ে নাম উল্লেখ না করার শর্তে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা ডয়চে ভেলেকে বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন নেতা সীমান্তে যাচ্ছেন, তা নিয়ে ভারতের কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন চ্যানেলে তাদের কথা হচ্ছে। তারা বিষয়টি ভালো চোখে দেখছেন না। শেখ হাসিনা বাংলাদেশের আইনে অপরাধী। গুরুত্বপূর্ণ মামলায় তার বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছে। অভ্যন্তরীণ রাজনীতিতে এই ঘটনার প্রভাব পড়ছে।’
ঐ কর্মকর্তা বলেন, শেখ হাসিনাসহ কারোরই বৈধ পাসপোর্ট নেই। ভারত যাতে তাদের হস্তান্তর করে সেই আবেদন জানানো হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুসারে হস্তান্তর। সীমান্ত পেরোতে গেলে বাংলাদেশ প্রশাসন আইন অনুসারে ব্যবস্থা নেবে।
কেন পরিদর্শন?
জাহাঙ্গীর কবির নানক ডয়চে ভেলেকে বলেছেন, শেখ হাসিনা যদি বিমানে করে বাংলাদেশে যেতে না পারেন, তাহলে স্থলপথে কোন রাস্তা দিয়ে যেতে পারেন, সেটা দেখতেই তারা ত্রিপুরা এসেছেন।
তিনি বলেন, ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে শেখ হাসিনার ফিরে যাওয়া নিয়ে তাদের কোনো কথা হয়নি। শেখ হাসিনার সঙ্গে ভারতীয় কর্তৃপক্ষের কোনো কথা হয়েছে কিনা তা তিনি জানেন না। তবে তারা যে ত্রিপুরায় এসেছেন তাতে কোনো সমস্যা হয়নি।
শেখ হাসিনার ফেরা নিয়ে ভারত কী বলছে?
বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, শেখ হাসিনার ফেরার বিষয়টি তার ও বাংলাদেশ সরকারের বিষয়। এই বিষয়ে এর থেকে বেশি কিছু তার বলার নেই।
শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা নিয়ে জয়সওয়াল বলেন, আগে একাধিকবার বলেছি, শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার অনুরোধ ভারতের প্রচলিত পদ্ধতি অনুসারে খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু কোনো নাগরিক যদি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে স্বেচ্ছায় তার দেশে ফিরতে চান সেই বিষয়টি এই প্রত্যর্পণের থেকে আলাদা।
কী বলছেন ভারতের বিশেষজ্ঞরা?
বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রি বার্তাসংস্থা এএনআই—কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলে ঘোষণা করেছেন, তবে থেকেই সেদেশে অশান্তি শুরু হয়েছে। যদিও তার ওখানে জীবনের ঝুঁকি আছে, তবে তিনি অন্য জায়গায় নয়, নিজের দেশে মৃত্যুই পছন্দ করবেন।’
বীণা সিক্রি মনে করেন, ‘শেখ হাসিনা দেশে ফিরতে চান, কারণ, সেখানে তার সমর্থকরা তাকে চাইছেন। তাছাড়া তিনি বিশ্বাস করেন, এই মুহূর্তে তার সমর্থকদের তাকে প্রয়োজন আছে। সমর্থকদের কাছ থেকে এই ফিডব্যাকই তিনি পেয়েছেন।’
বার্তাসংস্থা আইএএনএস—কে পররাষ্ট্র বিশেষজ্ঞ ওয়েইল আওয়াদ বলেছেন, ‘এখনো পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত চুপচাপ আছে। হাসিনার সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো ছিল। সীমান্তে শান্তি ছিল। বিরোধ হলে তার মীমাংসা হতো। যথেষ্ট বিনিয়োগ হতো। শাসক পরিবর্তনের পর বাংলাদেশের সরকার পাকিস্তানের কাছাকাছি যাচ্ছিল। তাই ভারতকে খুব সাবধানে পা ফেলতে হবে।’
