যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের প্রস্তাব || বাংলাদেশের রপ্তানি খাতে আঘাত
ডয়চে ভেলে প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রে বিগত অর্থবছরে (২০২৫—২৬) বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে ৮ বিলিয়ন (৮০০ কোটি) ডলারের বেশি। এ সময় অন্যান্য বাজারে রপ্তানি কমলেও প্রবৃদ্ধির দেখা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যেই নতুন করে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের নতুন প্রস্তাব দিয়েছে দেশটির বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)। দ্বিপক্ষীয় আলোচনা ও বাণিজ্য প্রতিশ্রুতি বাস্তবায়নে সন্তোষজনক অগ্রগতি না হলে তা ২০ শতাংশ পর্যন্ত আরোপের বিকল্প প্রস্তাবও রাখা হয়েছে।
বিষয়টি উদ্বিগ্ন করে তুলেছে দেশের রপ্তানি খাতসংশ্লিষ্ট উদ্যোক্তাদের। তারা বলছেন, সাম্প্রতিক সময়ে উচ্চমূল্যস্ফীতির কারণে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটিতে ভোক্তাদের জীবনযাপন বেশ কঠিন হয়ে পড়েছে। এর মধ্যেই নতুন করে আমদানি শুল্ক আরোপ করা হলে পণ্যমূল্য বেড়ে নেতিবাচক প্রভাব পড়বে ভোক্তা চাহিদায়। এর ধারাবাহিকতায় দেশটিতে আমদানি কমে বিপাকে পড়তে পারে বাংলাদেশ বা ভিয়েতনামের মতো মার্কিন বাজারনির্ভর রপ্তানিকারক দেশগুলো।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি বাজার প্রধানত তৈরি পোশাকনির্ভর। দেশটিতে বাংলাদেশের মোট পণ্য রপ্তানিতে শিল্পটির অবদান ৮৬ শতাংশের বেশি। এর বাইরে কিছু পরিমাণে চামড়াজাত ও পাদুকা পণ্য, হোম টেক্সটাইল, মৎস্য ও হিমায়িত খাদ্য, কাঁচা পাট ও পাটজাত পণ্য এবং হস্তশিল্প ও কারুপণ্য রপ্তানি করে থাকে বাংলাদেশ। অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও দেশটির বাজারে পণ্য রপ্তানিতে সাম্প্রতিক বছরগুলোয় বড় প্রবৃদ্ধির দেখা পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫—২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ৮০৫ কোটি ২৪ লাখ ডলারের, যা ২০২৩—২৪ অর্থবছরের ৬৮০ কোটি ৬৭ লাখ ডলারের চেয়ে ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশী মুদ্রায় এ প্রবৃদ্ধির হার ৩০ দশমিক ৩ শতাংশ। আবার দেশের মোট রপ্তানি আয়ে যুক্তরাষ্ট্রের হিস্যা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৬ শতাংশে।
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির এ প্রবণতা ধরে রাখা নিয়ে সংশয় তৈরি করেছে ইউএসটিআরের নতুন প্রস্তাব। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহার অত্যন্ত হতাশাজনক। এটি দেশের রপ্তানিকে বাধাগ্রস্ত করবে। উচ্চ শুল্কের কারণে মার্কিন ক্রেতাদের চাহিদা কমে যাবে। শুল্কসংক্রান্ত বিষয়ে ঢাকা এরই মধ্যে একটি চুক্তি করেছে। বাণিজ্য চুক্তির আওতায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিও বাড়িয়েছে। এ অবস্থায় নতুন শুল্ক আরোপের পেছনে যে কথা বলা হচ্ছে তা পুরোপুরি অযৌক্তিক। আমাদের এখন শ্রমিকদের জন্য সদ্যঘোষিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করতে হচ্ছে। এর মধ্যে নতুন শুল্ক রপ্তানিকারকদের জন্য বাড়তি চাপ তৈরি করবে।’
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫—২৬ অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ পণ্য রপ্তানি করেছে ৮০৫ কোটি ২৪ লাখ ডলারের, যা ২০২৩—২৪ অর্থবছরের ৬৮০ কোটি ৬৭ লাখ ডলারের চেয়ে ১৮ দশমিক ৩ শতাংশ বেশি। বাংলাদেশী মুদ্রায় এ প্রবৃদ্ধির হার ৩০ দশমিক ৩ শতাংশ। আবার দেশের মোট রপ্তানি আয়ে যুক্তরাষ্ট্রের হিস্যা দাঁড়িয়েছে ১৮ দশমিক ৬ শতাংশে।
কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার অজুহাতে বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশসহ ১৪টি দেশ থেকে পণ্য আমদানিতে অতিরিক্ত শুল্কহার আরোপের প্রস্তাব দেয় ইউএসটিআর। দেশটির ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ নম্বর ধারার অধীনে গত ১১ মার্চ থেকে এক তদন্ত শুরু করে ইউএসটিআর। ওই তদন্তের ভিত্তিতে এমন প্রস্তাব দেয়া হয়েছে বলে দাবি করছে ট্রাম্প প্রশাসনের অধীন দপ্তরটি। প্রস্তাবিত শুল্কের বিষয়ে লিখিত মতামত ও শুনানিতে অংশগ্রহণের আবেদন জমা দেয়ার শেষ দিন ধার্য করা হয়েছে আগামী ৫ জানুয়ারি। এ নিয়ে শুনানি শুরু হবে আগামী বছরের ২৫ জানুয়ারি। তবে নতুন শুল্ক কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সংস্থাটির দাবি, শিল্প সম্প্রসারণ নীতি, উৎপাদন ও রপ্তানি প্রণোদনা এবং চীনের মতো বাজারভিত্তিক নয় এমন অর্থনীতি থেকে কাঁচামাল ও বিনিয়োগের প্রবাহ বাংলাদেশের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। শ্রম অধিকার সুরক্ষার দিক থেকেও ঘাটতি রয়েছে। এসব নীতির কারণে মার্কিন উৎপাদনকারীদের প্রতিযোগিতার সুযোগ সংকুচিত হচ্ছে।
এছাড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৯ ফেব্রুয়ারি স্বাক্ষরিত পারস্পরিক (রেসিপ্রোকাল) বাণিজ্য চুক্তির প্রতিশ্রুতিগুলোকেও নতুন শুল্ক প্রস্তাবে বিবেচনায় নেয়া হয়েছে। এর ভিত্তিতে কিছু পণ্যকে প্রস্তাবিত শুল্কের আওতার বাইরে রাখার কথাও বলা হয়েছে।
মার্কিন অর্থনীতির পর্যবেক্ষক ও বিশেষজ্ঞরা এখন এ শুল্ক আরোপের বিরোধিতা করছেন। তাদের বক্তব্য হলো নতুন এ শুল্কহার যুক্তরাষ্ট্রে আমদানি ব্যয়কে আরো বাড়িয়ে তুলবে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির চাপ সামলাতে নাভিশ্বাস উঠছে দেশটির জনগণের। দেশটিতে অক্টোবরে মূল্যস্ফীতির হার ছিল ৩ দশমিক শতাংশ, যা বিগত মে মাসের পর সর্বোচ্চ। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য এ হার সহনীয় মাত্রায় থাকলেও বিপূলায়তনের ও বৈষম্যপূর্ণ অর্থনীতির কারণে মার্কিন ভোক্তাদের ওপর এর অভিঘাত অনেক বেশি।
বাংলাদেশ—কম্বোডিয়ার পণ্যে ১৮, ভারতের ২৫ ও ভিয়েতনামি পণ্যে ৩৫ শতাংশ শুল্কের প্রস্তাব
ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে। ভারত ও ভিয়েতনামের জন্য সর্বোচ্চ শুল্কহার প্রস্তাব করা হয়েছে যথাক্রমে ২৫ ও ৩৫ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্দিষ্ট কিছু শর্তপূরণ ও বাণিজ্য চুক্তি হলে ভারতের শুল্কহার ১৭ শতাংশ এবং ভিয়েতনামের ২০ শতাংশে নামিয়ে আনার বিকল্পও রাখা হয়েছে।
এছাড়া চীনের অধিকাংশ পণ্যে সর্বোচ্চ ২০ এবং নির্দিষ্ট তালিকাভুক্ত পণ্যে সর্বোচ্চ ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ড থেকে পণ্য আমদানিতে ১৫ শতাংশ পর্যন্ত শুল্কহারের প্রস্তাব করা হয়েছে। সিঙ্গাপুরের জন্য সর্বোচ্চ ২০ শতাংশ এবং শর্তসাপেক্ষে ১০ শতাংশের বিকল্প রাখা হয়েছে।
