নাজনীন সীমনের কবিতা

অনভ্যাসের য—ফলা

অনভ্যাসের য—ফলাতে ভর করেছে দারুণ অসুখ,

সারাটা দিন বিঁধতে থাকে মগজ এবং হৃদয় জুড়ে

তীরের মতন সূক্ষ্ম ফলা,

কয়েক যুগের রেওয়ামিলে সংখ্যাগুলো ওলোট পালোট

শূন্যগুলো হারিয়ে গেছে, 

হন্যে হয়ে মরছি ঘুরে ডানে বাঁয়ে চর্তুপাশে।


 গভীর গোপন ক্ষতগুলো চরের মতো উঠছে জেগে,

দগদগে ঘা ডুমো মাছি আগাম দখল নেয়ার আশায়

ভনভনভন ঘুরছে অনেক,

রঙিন ঘুড়ির চেনা আকাশ আকস্মিকই এলোমেলো

ঝড়ের আভাস কুঁচকে দিলো ভাসতে থাকা মেঘগুলোকে,

চেনা স্বরে ভিন্ন কাহন।


সন্তমুখের মানুষগুলো দ্রুতই কেমন পাল্টে গেলো,

বিবর্তনের ধার না ধেরে দাঁতে নখে এবং চোখে

বিশালাকার দানব হলো এক এক করে ক্রমান্বয়ে।

নগণ্য সব হিসেব নিকেষ কাগজ জুড়ে বসে থাকে,

ল্যুইকিমিক ভব্যতার যখন তখন অস্তগমন 

এখন তাই আর কে ঠেকায়?


ছুরির ধারে এফোঁড় ওফোঁড় সুবর্ণ সব সময় যতো,

বুকপাঁজরে সে নাম এখন অবিশ্বাসের ঘণ্টাধ্বনি

বাজিয়ে চলে বিরামবিহীন; কান্নাধ্বনি উথলে ওঠে

কিন্তু আবার বলক দেয়া চায়ের মতো ঢিমে জ্বালে

যায় সেঁধিয়ে প্রকট ঘৃণার নাভিমূলে।

সুর্য যখন অস্তগত

এবং চাপে অনভ্যাসের য—ফলাতে 

হাত পা মুড়ে, বন্ধ চোখে

দাঁত খিঁচিয়ে অপেক্ষাতে 

বসে কাটায় রাত্রি ও দিন

শূন্য দাঁড়ে যদি আবার ময়না সাধের  এসে  বসে।


রসায়নে রসাতল

পায়ের উপর প্রজাপতি পড়লো এসে

আচমকা এক সাতসকালেÑ

রোদের পাখায় ভর করে কি?

জানতে গেলে অনেকটা পথ

হাঁটতে হবে হয়তো একাই। 


তুচ্ছ জ্ঞানে উড়িয়ে দেবে এ ঘটনা

সম্ভবত মোটা ফ্রেমের চশমাআঁটা মানুষগুলো

‘এই যুগেও এমনধারা পেছনমুখী চিন্তা কেনো’

এসব বলে; দিতেই পারে—কি আসে যায়

জানি যখন সম্ভাবনার অমিত গল্প,

দ্বিধা ছাড়াই মানতে পারি শ্রবণঘরে তালা দিয়ে। 


চারটি পাখায় প্রজাপতি কি মন্ত্রণা সে—ই জানে

ছড়িয়ে দিয়ে শিরায় শিরায় উড়ে পালায়। ভর দুপুরে

মন গগনের মধ্যিখানে অকস্মাৎই খাঁ খাঁ রোদন

আমরা সবাই একলা পথিক, নির্জনতায় ক্লান্তি খুবই।

স্বপ্ন জমে চোখের ভিতর, মুঠো ভরা আশার গুঁড়ো

হরহামেশার গল্প এ নয়, যুগান্তরে হয়তো ঘটে। 


রঙের বাহার ফুল বাগানে, রঙধনুও উপচে পড়ে,

কচু পাতায় জলের ফোঁটা সাতসকালে একলা নাচে,

সন্ধ্যে হলেই সব মুছে যায়, অন্ধকারকে জাপটে ধরে

নদীর চরে শুকনো বালুু, বাতাস খেলে লুকোচুরি,

আমরা সবাই একলা পথিক, পথ হারালেই থমকে দাঁড়াই

রসায়নের রসাতলে হরহামেশা হাবুডুবু

নিত্যদিনের ভাবনা শুধু কেমন করে কোন দিকে যাই!


মধ্যপাড়ায় চাঁদ

পূর্ণ পাতায় ছেদ পড়েছে

হারাচ্ছে খেই মন,

উড়ছে সময় পাগলা হাওয়ায়

স্বেচ্ছাচারী ক্ষণ।


পুড়ছে সময়, পুড়ছে মগজ

ভাবনাগুলো একা,

সংক্ষুব্ধ হৃদয় জুড়ে

সন্ধুক্ষণের লেখা।


সুরম্য সব অট্টালিকা

পাথর বাঁধা সুখ,

সঙ্গোপনে জল এসেছে

ভাসিয়ে দিতে বুক।


এক বিছানা দুটো বালিশ

মধ্যপাড়ায় চাঁদ,

হাত বাড়ালেই হাজার রকম

ভালোবাসার ফাঁদ।


উপেক্ষা আর অবহেলায়

সমাজ কাটে সাঁতার, 

সন্দংশের খোঁজে খোঁজে

প্রহর খোলে হাঁ তার।


বদ্ধ সময় অবাধ্য মন

সন্তরণের বেলা,

সমাঘ্রাত সময় খেলছে

নিদারুণের খেলা।


গল্পগুলো

গল্পগুলো অন্য রকম  

তোমার, আমার এবং ওদের,

সকাল দুপুর কিংবা বিকেল

নানানমুখী আলোচনা।

স্বার্থ আছে সবার নিজের

যে যার মতো বাঁচবে জীবন,

কেবল তবে আমার সবই 

থাকবে কেনো সুতোয় বাঁধা?


গল্পগুলো ভিন্ন মেরুর

আকাশ থেকে পাতাল ফারাক,

আমি যখন বসবো ভাবি

সময় বলে একটু দাঁড়াক।


শান্ত নদী মুগ্ধ মনে 

যখন সবাই চেয়ে দেখে,

উথাল পাথাল ঝড়ের গতি

চাই যে নিতে গায়ে মেখে।


অস্থি মজ্জা কোষে কোষে

গল্পগুলো গেঁথে আছে,

সতর্ক তো হতেই হবে

কান্না হয়ে ঝরে পাছে!


গল্পগুলো অস্থিরতার

কিংবা খুবই একঘেয়েমি,

একলা নায়ের নাবিক সবাই

একলা তুমি, একলা আমি।


Related Posts