নাহিদের ন্যারেটিভ: বাংলাদেশে ভারতের ‘আধিপত্য’ || আনিস আহমেদ
বাংলাদেশ সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপি’র নেতা নাহিদ ইসলাম তাঁর একাধিক বক্তব্যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক বৈঠকের পর নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে।’ ভারতীয় আধিপত্যবাদ বলতে তিনি কি বলতে চেয়েছেন তা কিন্তু স্পষ্ট নয়। তিনি অবশ্য বলেছেন বাংলাদেশে এখন যা কিছু ঘটছে তার সঙ্গে ভারত সরাসরি সম্পৃক্ত। আসলে রাজনৈতিক সুবিধা লাভের জন্য ইচ্ছেমতো অনেক কিছুই বলা যায়, নানান অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা যায় কিন্তু এ সবের কোনো যৌক্তিক প্রমাণ দেওয়া যায় না। নাহিদ হয়ত আধিপত্যবাদ আর প্রভাব এ দুটি শব্দের মধ্যে পার্থক্য বুঝতে পারেননি। বাংলাদেশ সীমান্তের তিন দিকেই রয়েছে ভারত, ভারতের সঙ্গে যেমন সামাজিক—সাংস্কৃতিক সম্পৃক্ততা রয়েছে, তেমনি রয়েছে আর্থ—বাণিজ্যিক সম্পৃক্ততাও। এটাকে আধিপত্যবাদ বলা যায় না। ঠিক কোন কোন ক্ষেত্রে ভারত বাংলাদেশের ওপর আধিপত্য প্রয়োগ করছে সেটা নাহিদ ইসলাম পরিষ্কার করে বলেননি। ব্যবসা—বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় আধিপত্য থাকতেই পারে। কারণ বাংলাদেশ অনেক পণ্যের জন্য ভারতের ওপর নির্ভরশীল। তুলা কিংবা সুতাই বলুন কিংবা জ্বালানি তেলই বলুন অথবা পেঁয়াজ আমদানির কথাই বলুন এ রকম বেশ অনেকগুলো ক্ষেত্রে বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। তবে এই নির্ভরশীলতা ভারতীয় আধিপত্যবাদ নয়; এ হচ্ছে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক বাস্তবতা। এই বাস্তবতাকে অগ্রাহ্য করে চলতে পারে না বাংলাদেশ। ভারত থেকে বাংলাদেশ তার পোশাক শিল্পের কাঁচামাল আমদানি করে আর এই পোশাক শিল্পের রপ্তানি আয় হচ্ছে বাংলাদেশের অর্থনীতির একটি মূল খাত। বিদ্যুৎ ও জ্বালানির জন্যও বাংলাদেশ ভারতের ওপর নির্ভর করে। তাছাড়া রাসায়নিক দ্রব্য ও খাদ্যশস্য ও নানান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্যও বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল। অন্যদিকে ভারত ও বাংলাদেশ থেকে তৈরি পোশাক, মাছ ইত্যাদি আমদানি করে। নানান রাজনৈতিক টানাপোড়েন সত্ত্বেও ভারত—বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক বজায় রয়েছে, এরকম সম্পর্কে তো আধিপত্যবাদের কোনো প্রমাণ পাওয়া যায় না।
রাজনৈতিক বিষয়ে ভারত বাংলাদেশের ব্যাপারে হস্তক্ষেপ করছে একথা বলাটাই ভুল। বাংলাদেশই রাজনৈতিকভাবে ভারতকে সম্পৃক্ত করেছে বার বার। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ে ভু—রাজনৈতিক কারণেই বাংলাদেশের মানুষকে নির্ভর করতে হয়েছে ভারতের ওপর। এক কোটি শরণার্থী থেকে শুরু করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সামরিক অভিযানে ভারত দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের পক্ষে। তবে যদি কেউ বলে যে এটি ছিল পাকিস্তান ভাঙার ষড়যন্ত্র, সেটা বলতেই পারে। কারণ বাস্তবতা হচ্ছে, পাকিস্তান না ভাঙলে তো বাংলাদেশ স্বাধীন হতো না। তাই একাত্তরে পাকিস্তান ভাঙার শোকে যারা জর্জরিত তাদেরকে আমাদের বলার কিছু নেই। তবে এটুকু তাদের জানা প্রয়োজন যে একাত্তরে বাঙালি না চাইলে ভারত পাকিস্তান ভাঙতে পারতো না। ১৯৬৫ সালে ভারত—পাকিস্তান যুদ্ধের সময়ে যখন তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল তখন তো ভারত কার্যত তাদের পূর্ব সীমান্তে তেমন কোনো হামলাই চালায়নি। কাজেই একাত্তরের মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করা বস্তুত পরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গ করা এবং পাকিস্তানের ন্যারেটিভকেই তুলে ধরা। একাত্তরের যুদ্ধের সময়ে ভারতের বলিষ্ঠ ভূমিকা ছিলো অবশ্যই, কিন্তু সেই ভুমিকাকেও আধিপত্যবাদী ভূমিকা বলা যাবে না। যদি তাই—ই হতো তাহলে বাংলাদেশের স্বাধীনতার মাত্র তিন মাসের মধ্যে বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশ ত্যাগ করতো না। কাজেই ভারতীয় আধিপত্যের জুজুর ভয় দেখান যারা, তারা জানেনই না আধিপত্যবাদ কাকে বলে? তবে একটা কথা সত্যি যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিষয়ে আলোচনায় বার বার উঠে আসছে ভারত প্রসঙ্গ এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের সম্পর্ক একটি অবিচ্ছিন্ন বিষয় হয়ে দাঁড়িয়েছে । প্রশ্ন উঠতে পারে কেন?
নাহিদ ইসলামরা নিশ্চয়ই জানেন তাঁর কথিত ‘আধিপত্যবাদী’ ভারত শেখ হাসিনাকে জোর করে ভারতে নিয়ে যায়নি, শেখ হাসিনা নিজের ইচ্ছায়ও যাননি ভারতে। তাঁকে বাংলাদেশের সেনাবাহিনী বাহ্যত তাঁর নিরাপত্তা নিশ্চিত করার অজুহাতে সামরিক বিমানে করে ভারতে ছেড়ে আসে। এনসিপি, জামায়েতে ইসলাম কিংবা বিএনপি তাঁর ভারতে অবস্থান নিয়ে দীর্ঘদিন কোন প্রশ্ন তোলেনি, প্রশ্ন তোলেনি ড. মুহাম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকারও। সম্প্রতি যখন শেখ হাসিনা নিজেই বলছেন যে তিনি তাঁর নিজ দেশে ফিরে যাবেন, তখন তাঁকে সে অধিকার দিতে অস্বীকৃতি জানাচ্ছে বাংলাদেশ সরকার। তারা বরঞ্চ অপরাধী হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। ভারত অত্যন্ত যুক্তিসঙ্গতভাবে বলছে যে তিনি পালিয়ে আসেননি, অপরাধী হিসেবেও আসেননি। কারণ যখন তাঁকে ভারতে নিয়ে যাওয়া হয় তখন তাঁর বিচার তো দূরের কথা তাঁর বিরুদ্ধে কোনো মামলাও হয়নি। অতএব তাঁকে বন্দি প্রত্যর্পণের নিয়ম অনুযায়ী বাংলাদেশের হাতে তুলে দিতে ভারত বাধ্য নয়। ভারতের সঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতেও রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণ করা যাবে না সে কথাও পরিষ্কারভাবে লেখা আছে। তাছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগগুলি পরীক্ষিত সত্য নয়। আর তাঁকে দেশে ফেরত চাইলে, তিনি যখন স্বেচ্ছায় ফেরত যেতে চাইছেন তখন সে বিষয়ে বাংলাদেশ সরকারের এই দ্বিচারিতা কেন? বাংলাদেশের এই টালবাহানার অর্থ কি! এটাকেও কী ভারতের আধিপত্যবাদ বলা যাবে?
প্রকৃতপক্ষে ভারতের নাম শুনলে যাদের গায়ে ছ্যাঁকা লাগে তারাই ভারত বিরোধী ন্যারেটিভকে ছড়িয়ে দিতে চায় সর্বত্র। আর কিছু লোক ভারত—বিরোধিতার সঙ্গে হিন্দু বিরোধিতাকে একীভূত করে ফেলে। বাংলাদেশের হিন্দুরা তো বাংলাদেশের নাগরিক, তাদের গায়ে ভারতের তকমা লাগিয়ে দেয়াটা যথার্থ নয়। এটা সত্যি কথা যে বিজেপি সরকারের হিন্দুত্ববাদের শিকার হয়েছেন ভারতীয় মুসলমানরা তবে তার প্রতিশোধ হিসেবে বাংলাদেশের হিন্দুদের ওপর নিপীড়ন চালাতে হবে, এমন তো কোনো কথা নেই। সকলেই জানেন বাংলাদেশের হিন্দু সংখ্যা কতখানি ক্রমহ্রাসমান অথচ ভারতে হিন্দুত্ববাদী সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও সেখানে মুসলমানের সংখ্যা কমেনি। কারণ সে দেশের সংবিধানে কোনো পরিবর্তন আসেনি। ধর্মনিরপেক্ষতার বিষয়টি সেখানকার সংবিধানে বিধিবদ্ধ রয়েছে। এখন আমাদের বড় জানতে ইচ্ছে করে যে বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের স্বরূপটি কি, কোন কোন ক্ষেত্রে ভারত আধিপত্যবাদ অব্যাহত রেখেছে আর এই কথিত আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার উপায় কি? নাহিদ ইসলামরা যদি বিষয়টি বুঝিয়ে এবং গুছিয়ে বলতেন তাহলে আমরা কৃতজ্ঞ বোধ করতাম।
