রবিবার লং আইল্যান্ডের পার্কে হবে বাংলাদেশী আমেরিকান নাইট
বাঙালী প্রতিবেদনঃ বিগত বছরগুলোর মতো লং আইল্যান্ডের ন্যাসাউ কাউন্টির আয়োজনে মূলধারায় বাংলাদেশী ইমিগ্রান্টদের বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বাংলাদেশী—আমেরিকান নাইট হবে কাল রবিবার, ৯ আগস্ট। এই কাউন্টির এক্সিকিউটিভের অফিস আয়োজিত এই অনুষ্ঠান হবে বিখ্যাত আইজেনহাওয়ার পার্কের মুক্তমঞ্চ হ্যারি চ্যাপিন লেকসাইড থিয়েটারে। লং আইল্যান্ডভিত্তিক বাংলাদেশী হেরিটেজ এই অনুষ্ঠানের উদ্যোক্তা। বাংলাদেশী নাইটে লং আইল্যান্ডে বাস করা পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা জানানো হবে বলে সাপ্তাহিক বাঙালীকে জানান বাংলাদেশ হেরিটেজের দুই কর্মকর্তা মিজান রহমান ও রাহাত হোসেন। এই পাঁচজন হলেন সংগীত শিল্পী অনুপ বড়–য়া, এটর্নি মঈন চৌধুরী, নাফিসা আহমেদ, সংগীত শিল্পী মিলাদুন নাহার এ্যানি ও মো. সোহেল রানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট ফিলানথ্রপিস্ট জাকি হোসেন। ফিচার্ড আর্টিস্ট হিসাবে সংগীত পরিবেশন করবেন রেশমি মির্জা, একক নৃত্য পরিবেশন করবেন রিমঝিম। সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিল্পাংগন পরিবেশন করবে নৃত্যনাট্য, দলগত নৃত্য পরিবেশন করবে প্রিয়া ড্যান্স একাডেমির শিল্পীরা। সংগীত পরিবেশন করবে লিমস বাংলা স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চলনায় থাকবেন ডা. সাঈদা হোসেন।
রবিবার অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। কোনো প্রবেশমূল্য নেই। পার্কিং ফিল্ড ৬/৬অতে গাড়ি পার্ক করতে হবে। তবে অনুরোধ জানানো হয়েছে, আগ্রহীরা যেন ফোল্ডিং চেয়ার, ঘাসে বিছিয়ে বসার জন্য চাদর এবং খাওয়ার পানি (বোতলে) নিয়ে যান।
বিস্তারিত জানতে যোগাযোগ মিজান রহমান ৯১৭—৭৯৬—২৯৭৬, রাহাত হোসেন ৫১৬—৪৫৫—২৩১০।
