১৫ আগস্ট শনিবার কুইন্স বরো ড্যান্স ফেস্টিভ্যালের ফিনালি
বিশেষ প্রতিবেদনঃ মূলধারার নৃত্যোৎসব কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলের সিজন ফিনালি হবে ১৫ আগস্ট শনিবার, দুপুর ২টা থেকে ফ্লাশিং মেডো পার্কে অবস্থিত কুইন্স থিয়েটারের মেইনস্টেজে। তাদের এই অনুষ্ঠানমালা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। দুপুর ২টা, বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায়। এই অনুষ্ঠানমালাতে বিভিন্ন নৃত্যশৈলীর নাচ পরিবেশনা থাকবে কুইন্সের বিভিন্ন কম্যুনিটির নৃত্য ট্রুপের। সন্ধ্যা সাতটার একক কত্থক নাচ পরিবেশন করবেন বাংলাদেশী—আমেরিকান কত্থক নৃত্যশিল্পী, ড. নীলা জেরীন । কুইন্সের অন্যান্য নৃত্য শিল্পীদের পাশাপাশি, কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলে মে মাস থেকে আগস্ট পর্যন্ত কুইন্সের বিভিন্ন এলাকায় ড. জেরীন কত্থক নাচের ট্যুর করেছেন, যাতে ছিল কত্থক নাচ পরিবেশনা ও কর্মশালা। তার ট্যুর শুরু হয় ৩০ মে, জ্যাকসন হাইটস থেকে। এরপর ফার রকাওয়ে, লং আইল্যান্ড সিটি, এস্টোরিয়া, এলমহাস্টর্, করোনা, জ্যামাইকা ও বে সাইডে। ফেস্টিভেলের এই সমাপ্তি অনুষ্ঠানে থাকবে বিভিন্ন নৃত্যশৈলীর কর্মশালা।
কুইন্সবরো ড্যান্স ফেস্টিভেলের এই বিশেষ অনুষ্ঠানমালার টিকিট সংগ্রহ করা যাবে লিংকে গিয়ে। টিকিটের মূল্য ১২ ডলার থেকে ৫২ ডলার পর্যন্ত।
