দরিদ্র ইমিগ্রান্টদের ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশনকে দেয়া বন্ধে মামলা
বাঙালী প্রতিবেদনঃ আমেরিকার দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠি যারা সরকারের নানারকম বেনিফিট গ্রহণ করে, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস, সোশাল সিকিউরিটি নম্বরসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য যাতে ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন ডিপার্টমেন্টকে না দেয়া হয় সেই মর্মে আদালতের শরণাপন্ন হয়েছে ২০টি স্টেট। তারা এই রকম কয়েক কোটি মনুষের তথ্য প্রদান বন্ধ রাখার আবেদন করেছে। এসোসিয়েটেড প্রেস বৃহস্পতিবার এই খবরটি দিয়ে বলছে, ট্রাম্প প্রশাসনের সাথে স্টেট প্রশাসনের এটা সর্বষেষ আইনি লড়াই। ওয়াশিংটনে ফেডারেল কোর্টে কোয়ালিশন অব স্টেটসের করা মামলায় ইমিগ্রান্টদের ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন দপ্তরের হাতে তুলে দেয়া বন্ধ করতে বলেছে। নিউইয়র্ক স্টেটের এটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেন, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধিতে দরিদ্র পরিবারগুলো যখন দুর্বিসহ কষ্টে দিনাতিপাত করছে, তখন তাদের সাহায্য করার পরিবর্তে এই প্রশাসন তাদের তথ্যসমূহ তাদেরই বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করেছে।
এপি বলছে, এ বছরের শুরুতে ট্রাম্প প্রশাসন ‘টেম্পোরারি এ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিস’কে বিপাকে ফেলার জন্য যে কর্মসূচী গ্রহণ করে তা বন্ধ করার আদেশ দেয় আদালত। তখন এই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটসমূহে অবৈধ ইমিগ্রান্টদের ফেডারেল অর্থ প্রদান করে সাহায্য করা হচ্ছে। এছাড়াও দরিদ্র ও স্বল্প আয়ের মানুষদের সাহায্যার্থে দেয় ফেডারেল অর্থ নিয়ে বড় জালিয়াতির অভিযোগ করা হয়েছে।
যে ২০টি স্টেট সম্মিলিতভাবে এই মামলা করেছে ফেডারেল সরকারের বিরুদ্ধে তার অন্যতম নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ইলিনয়, মেরিল্যান্ড, মিশিগান, ম্যাসাচুসেটস, নিউজার্সি, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া ও ওয়াশিংটন ডিসি।
