১৬ অক্টোবর মহালয়া || নিউইয়র্কে দুর্গোৎসব শুরু শুক্রবার
বাঙালী প্রতিবেদনঃ হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসব শারদীয় দুর্গা পূজা। নিউইয়র্ক সিটি ও এর আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পূজা মন্ডপে দুর্গোৎসব আয়োজিত হয়। এ বছর তিথি অনুযায়ী দুর্গোৎসব শুরু হবে ১৬ অক্টোবর শুক্রবার। এইদিন মহাষষ্ঠী। এরপর মহাসপ্তমী, মহাঅষ্টমী, মহানবমী শেষে ২০ অক্টোবর মঙ্গলবার মহাদশমী।
এ বছর নিউইয়র্ক সিটিতে বেশ কয়েকটি দুর্গোৎসব আয়োজনের খবর পাওয়া গেছে। ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গোৎসবের আয়োজন করবে সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ, ইনক শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে (৩৯—১৬, ৬০ স্ট্রিট, উডসাইড), বাংলাদেশ বেদান্ত সোসাইটি নিউইয়র্ক ইনকের শারদীয় দুর্গোৎসব হবে ১৭ ও ১৮ অক্টোবর, শনি ও রবিবার জ্যামাইকার অংগন পার্টি হলে (৮৯—১৬, ১৭৫ স্ট্রিট, জ্যামাইকা), বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ইনক নিউইয়র্কের আয়োজনে শারদীয় দুর্গাপূজা হবে ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর উডসাইডের কুইন্স প্যালেসে (৩৭—১১, ৫৭ স্ট্রিট, উডসাইড), হরিচাঁদ গুরুচাঁদ ইন্টারন্যাশনাল মাতুয়া মিশনের উদ্যোগে শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব হবে ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২০ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত শ্রী শ্রী হরিমন্দিরে (৯৭—১৯, ১২৭ স্ট্রিট, সাউথ রিচমন্ড হিল)।
এ বছরও তৃতীয় বছরের মত ম্যানহ্যাটানের টাইমস স্কয়ারে আয়োজিত হচ্ছে দুর্গোৎসব। ১৭ অক্টোবর শনিবার ও ১৮ অক্টোবর রবিবার এই দুর্গোৎসব হবে ওয়েস্ট ৪৫ স্ট্রিট ও ৪৬ স্ট্রিটের মধ্যবতীর্ স্থানে ব্রডওয়েতে। এছাড়াও কুইন্স, ব্রুকলিন, ব্রংক্স, স্ট্যাটেন আইল্যান্ড, ন্যাসাউ কাউন্টি, ওয়েস্টচেস্টার কাউন্টি, নিউজার্সির নিউয়ার্ক, জার্সিসিটিসহ বিভিন্ন এলাকায় দুর্গাপূজা হবে।
টাইমস স্কয়ারে আজ শুরু হচ্ছে মহালয়া ও দুর্গোৎসব
নিউইয়র্কঃ টাইমস স্কয়ারে আজ শনিবার ১০ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী মহালয়া ও শারদীয় দুর্গোৎসব। ‘মহামিলন ২০২৬’ প্রতিপাদ্যে আয়োজিত এই উৎসব চলবে ১১ অক্টোবর রবিবার পর্যন্ত। টাইমস স্কয়ার দুর্গোৎসব অ্যাসোসিয়েশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই উৎসবের মধ্য দিয়ে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে বাঙালির ধর্মীয় ঐতিহ্য, সাহিত্য, সংগীত, নৃত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির চিরন্তন বার্তা।
নিউইয়র্কের ম্যানহ্যাটানের প্রাণকেন্দ্র ফাদার ডাফি স্কয়ারে এ আয়োজনকে ঘিরে প্রবাসী বাঙালিদের মধ্যে উৎসাহ—উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বাঙালি এবং অন্যান্য সংস্কৃতির মানুষের অংশগ্রহণে টাইমস স্কয়ার পরিণত হবে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায়।
