নিউইয়র্ক সিটির স্বল্প আয়ের মানুষদের হাউজিং ভাউচার দেয়া অব্যাহত থাকবে

বাঙালী প্রতিবেদনঃ নিউইয়র্ক সিটির দরিদ্র ও স্বল্প আয়ের ৬,৩০০ পরিবার বাড়ি হারানোর হাত থেকে রক্ষা পেল। ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট হাড জানিয়েছিল উক্ত ৬,৩০০ পরিবারের রেন্টাল এ্যাসিস্ট্যান্স ভাউচারের মেয়াদ পূর্ণ হয়ে গেলে তা আর নবায়ন করা হবে না। কিন্তু এ সপ্তাহে হাড কর্মকর্তারা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাড়ার ভাউচার বলবত রাখার কথা জানালে এইসব পরিবারে স্বস্তি নেমে আসে। হাউজিং অথরিটি এই মর্মে নতুন গাইডলাইন প্রকাশ করেছে।

উল্লেখ্য, নিউইয়র্ক স্টেট থেকে নির্বাচিত ইউএস সিনেটর কার্সটেন জিলিব্রান্ড লিখিত স্টেটমেন্টে জানান, তিনি ফেডারেল সরকারের এই বরাদ্দ আদায় করে ৬,৩০০ পরিবারকে ঘর হারানোর হাত থেকে রক্ষা করেছেন। তবে পত্রিকান্তরে প্রকাশিত খবরে বলা হয়েছে রেন্টাল ভাউচার চাওয়া পরিবারগুলো আপাতত রিলিফ পেলেও তাদের সংশয় ও আশংকা কাটেনি।

উল্লেখ্য, প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে ২০২১ সালে কংগ্রেস ইমার্জেন্সি হাউজিং ভাউচার প্রোগ্রাম বিল পাশ করে যাতে করোনা প্যান্ডেমিকে জর্জরিত হাজার হাজার দরিদ্র পরিবার বাড়ি ভাড়ার জন্য সরকারী আনুকূল্য পায়। নিউইয়র্ক সিটির হাউজিং ভাউচারের জন্য সর্বাধিক বরাদ্দ পায়। এই কর্মসূচী বলবত থাকার কথা ২০৩০ সাল পর্যন্ত। তবে গত বছর মার্চে ইউএস ডিপার্টমেন্ট অব হাউজিং জানায়, তাদের ফান্ড শেষ হয়ে যাচ্ছে। তাই নতুন করে তা নবায়ন করার পরিকল্পনা নেই। এ বছর জানুয়ারি মাসে চেষ্টা করেও বাইপার্টিজান এ্যাপ্রোপ্রিয়েশন বিলটি কংগ্রেস পাশ করেনি। গত মাসে অপর কংগ্রেশনাল বিলে সিদ্ধান্ত হয়, মেয়াদোত্তীর্ণ রেন্টাল ভাউচার পুনর্বহাল করে ৬,৩০০ পরিবারকে ইমার্জেন্সি হাউজিং ভাউচার ইস্যু করবে। এই পুনর্বহালকৃত ভাউচার হবে দীর্ঘ মেয়াদী। যে কর্মসূচীর মাধ্যমে এই পুনর্বহাল করা হবে, তার নাম ‘টেনান্ট প্রটেকশন ভাউচার’।

তবে নিউইয়র্ক সিটির ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন এন্ড ডেভেলপমেন্ট এবং নাইচা বা হাউজিং অথরিটি এই বিষয়ে ফেডারেল সরকারের সর্বশেষ নির্দেশনা পায়নি বলে জানিয়েছে।

Related Posts