হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি || বিরোধী দলের সমর্থকদের ধরছে পুলিশ

ডয়চে ভেলে প্রতিবেদনঃ গত ২৬ সেপ্টেম্বর ঢাকায় জাসদ কার্যালয়ে হামলা, গ্রেপ্তারের ঘটনা উল্লেখ করে বাংলাদেশে বিরোধী দলের নেতা—কর্মী, সমর্থকদের গ্রেপ্তােরের নিন্দা জানিয়েছে এইচআরডাব্লিউ।

এক বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) বলেছে, একটি ছোট বামপন্থি দলের সভায় অংশগ্রহণকারীদের গণ—গ্রেপ্তার ছিল নাগরিক ও রাজনৈতিক অধিকারের ওপর বাংলাদেশ কর্তৃপক্ষের চলমান দমন—পীড়নের সর্বশেষ ঘটনা।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটির বিবৃতিতে বলা হয়, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)—এর প্রায় ২৯০ জন সমর্থককে পুলিশ হেফাজতে নেয়৷ ওই সমাবেশটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের (যা বর্তমানে নিষিদ্ধ) একটি ‘গোপন’ বৈঠকÑ এমন অভিযোগ করেছিল ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুব শাখা যুব দলের সদস্যরা। তবে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২৭ জনকে রিমান্ডে পাঠায় আদালত, কারণ, অভিযোগ ছিল তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলেন

বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় সমাজতান্ত্রিক দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪—দলীয় জোটের অংশ ছিল এবং সেই জোট ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ শাসন করে। পরে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া গণ—অভ্যুত্থানে সেই সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনীর হাতে শত শত মানুষ নিহত হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

গত সোমবার প্রকাশ করা বিবৃতিতে আওয়ামী লীগ সরকারের আমলে বর্তমানে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তীব্র দমন—পীড়নের শিকার হয়েছিল বলেও উল্লেখ করা হয়।

তবে বিবৃতিতে এইচআরডাব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসন বলেন, ফেব্রুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে দলটি (বিএনপি) তাদের সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করছে। বর্তমানে শত শত আওয়ামী লীগ সদস্য কারাগারে রয়েছেন, যাদের বেশিরভাগেরই বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সমর্থকদের কথিত সমাবেশে বারবার অভিযান চালিয়েছে পুলিশ। গত ২৬ সেপ্টেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের সভার দিনে বরিশালে ১২ জন আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়। ‘নাশকতার পরিকল্পনা’ করার জন্য ‘গোপন’ বৈঠক করছিলÑ এমন অভিযোগ তোলা হয় তাদের বিরুদ্ধে। এর দুই দিন পর একই ধরনের অভিযোগে ঢাকায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় ১৫ জনকে গ্রেপ্তার করা হয়। দুটি ক্ষেত্রেই আটককৃতরা শেখ হাসিনার জন্মদিন পালন করার জন্য একত্রিত হয়েছিলেন বলে দাবি করেছেনÑ এ কথারও উল্লেখ রয়েছে এইচআরডাব্লিউর বিবৃতিতে।

‘মানবাধিকার ও আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি’

শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনামলে ব্যাপক ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল, যার মধ্যে ছিল বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, নির্যাতন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটক করার মতো বিষয় ছিলÑ এ কথা উল্লেখ করে বিবৃতিতে এইচআরডাব্লিউ আরো বলেছে, মানবাধিকার ও আইনের শাসন পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিএনপি, কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না করে নতুন সরকার সম্ভাব্য প্রতিপক্ষকে নির্বিচারে আটক করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবিত মানবাধিকার সুরক্ষার পদক্ষেপগুলো বাতিল বা শিথিল করেছে।

বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবাধিকার আইন সকলের জন্য মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এসব অধিকার লঙ্ঘন করা হয়েছিল তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—র বর্তমান সময়েও একই ধরনের অধিকার লঙ্ঘনের কোনো যৌক্তিকতা হতে পারে না বলে মনে করে এইচআরডাব্লিউ। এ ধরনের দমন—পীড়ন শেষ পর্যন্ত কোন পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে বাংলাদেশের ইতিহাসে তার বহু নজির রয়েছেÑ বিবৃতির শেষে এ কথাও বলেছে এইচআরডাব্লিউ।

Related Posts